ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহে সদর উপজেলায় মাদকসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (০৬ মে) সন্ধ্যায় সদর উপজেলার মধুপুর বাজারে এ ঘটনা ঘটে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলিবর্ষণ করেছে পুলিশ।
এ ঘটনায় আহতরা হলেন- পুলিশের এএসআই আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, কনস্টেবল আশরাফুল ইসলাম, জামান হোসেন ও এলেম উদ্দীনসহ ১০ জন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় সদর উপজেলার মধুপুর বাজারের চা দোকানি আকিদুল ইসলামকে (৩৮) আড়াইশ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। সেখান থেকে আসামিকে থানায় নিতে গেলে আকিদুলকে নির্দোষ দাবি করে তাতে বাধা দেন স্থানীয় ব্যবসায়ীরা।
এক পর্যায়ে এলাকাবাসী পুলিশের ওপর হামলা করে আকিদুলকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে নিরাপদে সন্তান প্রসব
খবর পেয়ে সদর থানা পুলিশের দল সেখানে পৌঁছালে সংঘর্ষ বেধে যায়। এতে পাঁচ পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে ফের গ্রেফতারের জন্য এলাকায় পুলিশি অভিযান চালানো হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।











































