Home আঞ্চলিক পার্কে ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

পার্কে ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

37

ঝিনাইদহ প্রতিনিধি ।।

ঝিনাইদহের শৈলকূপায় একটি পার্কে বেড়াতে গিয়ে এক সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অরিফুল ইসলাম ও রতন মণ্ডল নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও ভিকটিমের স্বজনরা জানান, শৈলকূপার ধাওড়া হাইস্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে কাশিনাথপুর গ্রামের আরিফুল ইসলাম ও ছোট ধলহরাচন্দ্র গ্রামের রিয়াজ নামে দুই যুবক স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। ছাত্রীর বাবা প্রতিবাদ করায় তাকে হুমকি দিত।

গত ৪ এপ্রিল ওই ছাত্রী গ্রামের পার্কে গেলে তাকে একটি কুঠিরে নিয়ে ধর্ষণ করে আরিফুল। ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও করে রাখে। ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। ঈদের দিন পার্কে বেড়াতে গেলে আরিফুল ও রিয়াজ ওই ছাত্রীকে ভয় দেখিয়ে পার্কের ভিতরে একটি কুঠিরে নিয়ে আবারো ধর্ষণ করে। এতে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ধর্ষণের ঘটনায় পার্কের কর্মচারী রতন মণ্ডল সহায়তা করে।

পরে মেয়েটির বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় শৈলকূপা থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই আরিফুল ও রতন মণ্ডলকে গ্রেফতার করে। রিয়াজ পালিয়ে যায়। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কিশোরী মেয়েটিকে নানা প্রলোভনে দফায় দফায় ধর্ষণ করা হয়েছে। ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং করে আসছিল ধর্ষকরা।