কুষ্টিয়া প্রতিনিধি ||
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (৬ মে) সকালে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কবুরহাট এলাকার নাজমুল ইসলামের স্ত্রী অঞ্জনা খাতুন (৪০) ও তার ছেলে কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শেষ বর্ষের ছাত্র ইফতিয়াজ (২২)। এই ঘটনায় আরেক ছেলে ইফাদ (১০) গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কবুরহাট থেকে মোটরসাইকেলযোগে মা ও দুই ছেলে নানি বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ইফতিয়াজ মারা যান। স্থানীয়রা দ্রুত মা ও ছোট ছেলেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা অঞ্জনাও মারা যান।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. ইদ্রিস আলী বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।’











































