Home আঞ্চলিক সূর্যের হাসিতে হাসছে গ্রামখানি

সূর্যের হাসিতে হাসছে গ্রামখানি

59

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

বর্তমানে কৃষিতে যেমন উৎপাদন বাড়ছে তেমনি বাড়ছে উৎপাদন ব্যয়ও। কিন্ত সে অনুপাতে বাড়ছে না উৎপাদিত ফসলের মূল্য। তবে ঝিনাইদহ কালীগঞ্জের গুটিয়ানী গ্রামের মাঠে সৌর বিদ্যুতের মাধ্যমে সেচের ব্যবস্থা হওয়ায় জ¦ালানী তেল নির্ভর থেকে কৃষকদের অন্তত সেচ খরচ বেশ খানিকটা সাশ্রয় করতে পারছেন। এ পদ্ধতিতে ক্ষেতে সেচের জন্য কৃষকের সরাসরি উপস্থিত থাকতে হয় না। ফলে কৃষি শ্রমও সাশ্রয় হচ্ছে তাদের। তাছাড়াও এ পদ্ধতিতে চাষাবাদ অনেকটা ঝামেলামুক্ত। সে কারনে এখন সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম (ংরঢ়ং) এর চাহিদা বেড়েছে অনেকগুণ। কথাগুলো ওই গ্রামের একাধিক কৃষকের। তাদের দাবি, সূর্যের আলো নির্ভর সোলার প্লান্টের মাধ্যমে দিনের বেলায় ক্ষেতে সেচকাজ চালানো সম্ভব হচ্ছে। তবে এতে যদি সরকারী উদ্যোগে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয় তাহলে রাতেও সেচকাজ চালানো যাবে। সাথে সাথে অধিক পরিমানে জমি সেচের আওতায় আনা যাবে। ফলে কৃষকদের খরচ আরও কমবে। অন্যদিকে সৌরপ্লান্টে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হলে সোলার প্লান্ট দেশের বিদ্যুৎ ঘাটতি পূরনে ভূমিকা রাখতে পারবে।

সরেজমিনে গুটিয়ানী গ্রামের মাঠে গেলে দেখা যায়, বেশ কয়েকটি গ্রামের মাঝখানে দিগন্ত জোড়া ফসলের মাঠ। বর্তমানে সারা মাঠে চাষ করা হয়েছে বোরো ধানের। দুর থেকেই নজরে পড়ছে বড় টিনের ঘরের মত সৌর বিদ্যুতের প্লান্টটি। যেখান থেকে বোরো ক্ষেতগুলো ছাড়াও পাম্পের নিকটবর্তী সব ফসলী ক্ষেতে পানি সেচের কাজ চলছে। সবুজ সতেজ ক্ষেতগুলোতে ভালো ফলনের আভাসে কৃষকদের মনে খুশির দোলা দিচ্ছে। সূর্যের আলো কাজে লাগিয়ে এ সৌর প্লান্টের মাধ্যমে গ্রামটির প্রায় ৩৫/৪০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।

মাঠে কথা হয় ওই গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক ও জয়গোপাল বিশ^াস,আব্দুল মান্নানসহ অনেক কৃষকের সাথে। তারা জানান, এক সময় কৃষিকাজ ছিল বৃষ্টির পানির উপরই নির্ভরশীল। কিন্ত জলবায়ু পরিবর্তনের জন্য বৃষ্টির মৌসুমেও এখন বৃষ্টির দেখা মেলেনা। ফলে চাষাবাদ এখন সম্পূর্ণটাই সেচ নির্ভর হয়ে গেছে। যে কারনে উৎপাদন ও সেচ খরচ বাবদ ব্যয় উভয়ই বেড়েছে। এখনও সব গ্রামের মাঠে বিদ্যুৎ পৌছায়নি। আবার ব্যয়বহুল জ¦ালানী তেলে চালিত স্যালো ইঞ্জিনেও চাষ আকাশচুম্বি খরচ। তবে মাঠে সৌর বিদ্যুতের প্লান্ট স্থাপনের মাধ্যমে প্রতিবিঘা বোরো ধানের সেচ বাবদ ৫ হাজার টাকা দিতে হচ্ছে। অথচ আশপাশে জ¦ালানী তেল নির্ভর স্যালো মেশিনে খরচ ৯ থেকে ১০ হাজার টাকা। ফলে সৌর প্লান্টে তাদের সাশ্রয় হচ্ছে সাড়ে ৪ থেকে ৫ হাজার টাকা। তারা আরও জানান, সৌরপ্লান্টের চাষে অবশ্য সূর্যের আলো না থাকলে আর পানি পাওয়া যায় না। ফলে এ পদ্ধতির পাশাপাশি রাতে সেচকাজ চালানোর জন্য প্লান্টের নিকটবর্তী মাত্র ১৫০ গজ দুর অবস্থিত পল্লী বিদ্যুতে সংযোগ করাতে পারলে অধিক জমি সেচের আওতায় এনে খরচ আরও সাশ্রয় করা সম্ভব। দীর্ঘদিন যাবত কৃষকেরা এমন দাবি করে আসছেন। সেচের প্রয়োজনে সারাদেশের ফসলী মাঠগুলোতে ব্যাঙের ছাতার মত স্থাপন করা হয়েছে ডিজেল চালিত গভীর নলকুপের পদ্ধতি ব্যয়বহুল ছাড়াও ঝামেলাও অনেক বেশি। কেননা এ পদ্ধতিতে সেচকাজ চালাতে কৃষকদেরকে সারাদিন কাজ ফেলে সময় দিতে হয়।

কৃষকদের কৃষি পণ্যের উৎপাদন ব্যয় কম করতে এনজিও সংস্থা ঝিনাইদহের এইড ফাউন্ডেশনের বাস্তবায়নে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেড -ইডকলের সহযোগীতায় তাদের গ্রামের মাঠে সোলারপ্লান্ট স্থাপন করে কৃষকদের বেশ উপকার হয়েছে। প্রতিবিঘায় ৫ হাজার দিতে হলেও তা দেয়ার সুযোগ আছে ২/৩ কিস্তিতে। এ টাকাটাও দিতে হবে ৩ কিস্তিতে। পাম্পের দায়িত্ব দেয়া একজন ম্যানেজার নিজ দায়িত্বে প্রয়োজন মত সেচ দিয়ে দেন।

 

ওই গ্রামের আরেক কৃষক আব্দুল আলিম জানান,সৌর পাম্প পরিবেশ বান্ধব। তিনি আরও বলেন, রবি শস্য উৎপাদনে সেচ খরচ অপেক্ষাকৃত আরো কম। সবজি বা রবি শস্যের প্রতিবিঘায় সেচবাবদ আড়াইশ টাকা নেয়া হয়। অন্যদিকে ডিজেলচালিত স্যালো ইঞ্জিনে যান্ত্রিকত্রুটি লেগেই থাকে। কোন কোন সময় যান্ত্রিকত্রুটি ব্যাপক আকার ধারন করায় ক্ষেতে পানির অভাবে ভরা ক্ষেত নষ্টও হয়ে যাওয়ার নজিরও অহরহ। সেক্ষেত্রে সৌরপাম্পের বেশ নির্ভর করা যায়।

সেচ পাম্পটির দায়িত্বরত ওই গ্রামের কৃষক জাফর হোসেন জানান, সূর্য উঠার আধা ঘন্টা পর থেকে সূর্যাস্ত যাওয়ার আধা ঘন্টা আগ পর্যন্ত সোলার পাম্পের সেচ কাজ চালানো সম্ভব হয়। বিশেষ করে বোরো ধান চাষের সময়টা তার নিজের খুব ব্যস্ততা থাকে। এই পাম্পের আওতার সকল ক্ষেত নিজেকে ঘুরে ঘুরে দেখতে হয়। প্রয়োজনীয় সময়ে সেচের জন্য নিজেকেই সব ব্যবস্থা করতে হয়।

জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মন্ডল জানান, ঝিনাইদহ এইডের দেয়া কালীগঞ্জ উপজেলার মোট ৮ টি প্লান্টের মধ্যে তার নিজের ইউনিয়নের গুটিয়ানী, কামারাইল ও হরদেবপুর গ্রামেই রয়েছে মোট ৬ টি। এ গ্রামগুলোর কৃষকেরা কম খরচে সোলার পাম্পের মাধ্যমে সেচকাজ চালিয়ে বেশ উপকৃত হচ্ছে।

সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম ঝিনাইদহ এইডের প্রকল্প প্রধান আলমগীর হোসেন বাবু জানান, এ প্রকল্পের অধিনে কালীগঞ্জ উপজেলাতে মোট ৮ টি সৌর বিদ্যুতের প্লান্ট রয়েছে। তারমধ্যে গুটিয়ানী গ্রামে একটি। দিনের বেলায় সোলারের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তৈরীর ফলে সেচ কাজ কোনভাবেই বাধাগ্রস্থ হচ্ছে না। খরচ কম এ ছাড়াও জাতীয়ভাবে বিদ্যুৎ ও আমদানীকৃত জ্বালানী তেল সাশ্রয় করতে ভূমিকা রাখছে। রাতে সেচকাজ চলমান রাখতে পল্লী বিদ্যুতের সংযোগের জন্য তারা আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ মোহায়মেন আক্তার জানান, সৌর বিদ্যুৎ পরিবেশ বান্ধব ও কৃষকদের ফসলের উৎপাদন ব্যয় কমাচ্ছে। ফলে দিন যত যাচ্ছে বিদ্যুৎ ও আমদানিকৃত জ্বালানী তেল সাশ্রয়ের জন্য সরকারী বেসরকারীভাবে সৌর প্লান্টের বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।