ঢাকা অফিস।।
অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১০ বছরের কারাদণ্ড পাওয়া সরকার দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম আগামী ১৬ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে পারেন।
আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান হাজি সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, ‘আগামী ১৬ মে হাজী সেলিম আত্মসমর্পণ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে আশা করছি।’
আজ দুপুর সোয়া ১২টার দিকে হাজি সেলিম থাইল্যান্ড থেকে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
হাজি সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ জানান, দেশে ফিরে হাজি সেলিম লালবাগে ২৮ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনী এলাকার বাসিন্দা শাহানা বেগমের জানাজায় অংশ নেন। বেলা দেড়টার দিকে লালবাগের তালগাছা শাহী জামে মসজিদে ওই জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে গত শনিবার সন্ধ্যায় থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন হাজি সেলিম। আদালতের দেওয়া দণ্ড মাথায় নিয়ে দেশ ছাড়ায় বিতর্ক শুরু হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই মামলায় ঈদের পর বিচারিক আদালতে আত্মসমর্পণের কথা রয়েছে তার।









































