খুলনাঞ্চল রিপোর্ট।।
প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়ে গোপালগঞ্জ ও রাজশাহীর প্রায় এক হাজার সাতশ’ পরিবারে এখন আনন্দের বন্যা। নতুন ঘরে ঈদ উদযাপনের প্রস্তুতি তাদের। এ প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর প্রতি যারপরনাই কৃতজ্ঞ তারা। এবার কেবল সেমাই- চিনি নয়, এবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর ও জমিও পেয়েছেন গোপালগঞ্জের ভূমিহীনরা। এতে পরম আনন্দিত সুবিধাভোগীরা।
জানা গেছে, গোপালগঞ্জে রয়েছে ভূমিহীন ও গৃহহীন “ক শ্রেণির তিন হাজার তিনশ ১১ টি পরিবার। এরমধ্যে ১ম পর্যায়ে আটশ ৫৬ টি ও ২য় পর্যায়ে এক হাজার একশ ৫৭টি ও ৩য় পর্যায়ে ছয়শ ১২ টিসহ দুই হাজার ছয়শ ২৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। চলছে আরো চারশ ৬১ টি ঘরের নির্মাণ কাজ।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, সবাই ঈদ উপহার হিসেবে খাবার বা পোশাক পায়। কিন্তু প্রধানমন্ত্রীর ঈদ উপহার অনেক বড়। তাঁর হাত থেকে দুই শতক জমি ও সেমি পাকা ঘর পেয়েছেন ভূমিহীনরা। যা আসলেই নিঃসন্দেহে আনন্দের।
এদিকে, নতুন ঘরে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহীর সাড়ে ১১শ ভূমিহীন পরিবার। যা তারা কখনো কল্পনাও করেনি। পাকা ঘর পেয়ে আনন্দের সীমা নেই পরিবারগুলোতে। ১ম ধাপে রাজশাহীতে ৬৯২টি ও ২য় ধাপে ৮৫৪টি এবং তৃতীয় ধাপে ১১৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেয়েছে সুদৃশ্য রঙিন টিনশেডের সেমিপাকা বাড়ি।
সুবিধাভোগীদের চোখে-মুখে আনন্দের উচ্ছ্বাস। যাদের ছিলো না মাথা গোঁজার ঠাঁই। তারা এখন নিজেদের জমিতে নিজেদের ঘরে থাকে। এর চেয়ে আনন্দের আর কিইবা হতে পারে। তারা বলছেন, এবারের ঈদের মতো ঈদ জীবনে আর আসেনি। প্রধানমন্ত্রীর এই উপহারের কথা আজীবন ভুলবেন না তারা। এতোদিনে যে কষ্ট তা দূর করে দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যের জায়গাতে বসে কান্না করা মানুষগুলো আজ নিজ বাড়িতে ঠাঁই নিয়ে খুশিতে হয়েছেন আত্মহারা।
রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, একজন অসচ্ছ্বল মানুষ যদি দুই শতক জমি ও সেমি পাকা ঘরের মালিকানা হঠাৎ করেই পেয়ে যায় তাহলে তার মানসিক প্রশান্তি কোন পর্যায়ে যায় সেটা বুঝতে পারছি। এটা চরম শান্তি ও সুখের ব্যাপার। রাজশাহীতে চতুর্থ ধাপে আরো ১৫শ গৃহহীন ও ভূমিহীন পরিবার পাবে এই ধরনের ঘর।











































