Home আঞ্চলিক দেশী প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জাল অপসারণ

দেশী প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জাল অপসারণ

20

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।

শরণখোলায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জাল উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। রবিবার (১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তালতলী থেকে আমড়াগাছিয়া এবং পাহলানবাড়ি থেকে বান্দাকাটা পর্যন্ত খালের পাঁচ কিলোমিটার জুড়ে পেতে রাখা ঘন ফাঁসের বাধা, বেন্দি ও বুচনা জাল অপসারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী জানান, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ওইসব খালের ভিন্ন স্থানে আড়াআড়ি করে পেতে রাখা ঘন ফাঁসের ৩০টি অবৈধ জাল কেটে ধ্বংস করা হয়েছে। ঈদের পর আবার জোরালোভাবে উপজেলার সর্বত্র অভিযান চালানো হবে।

ইউএনও জানান, এখন দেশীয় প্রজাতির মাছের প্রজনন মৌসুম চলছে। গ্রাম-গঞ্জের বিল, মাঠ-ঘাটে বৈশাখের নতুন পানি উঠেছে। আর সেই নতুন পানিতে মা মাছেরা ডিম ছাড়তে শুরু করেছে। সেই সুযোগে গ্রামের এক শ্রেণির মৌসুমী মৎস্য শিকারি ঘন ফাঁসের বেন্দি, বুচনা গড়া জাল পেতে এবং কোচ দিয়ে নির্বিচারে শিকার করছে সেসব মা মাছগুলো। এতে দেশীয় কই, শিং, মাগুর, শোল, বোয়াল, টাকি, বাইন, পুটিসহ নানা প্রজাতির মাছ বিলুপ্ত হতে বসেছে। এসব মাছ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।