বিশেষ প্রতিনিধি ॥
জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ফজলুর রহমান (৬২) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১ টার দিকে ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজারে। তিনি পিরোজপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র। নিহত ফজলুর রহমান বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর ছিলেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকের চাচাতো ভাই।
স্থানীয়দেরসূত্রে জানাগেছে, বাবার রেখে যাওয়া জমি নিয়ে ছোট ভাই হাফিজুরের সঙ্গে বড় ভাই ফজলুর রহমানের গোলমাল ছিল দীর্ঘদিনের। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে বারোবাজারের ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসীতে যায় বড় ভাই ফজলুর রহমান। সে সময়ে দু ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই তার টেবিলের ওপরে থাকা একটি ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে। এরপর ফজলুর রহমান মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তখনই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তাহামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজলুর রহমান হাসপাতালে আসার অনেক আগেই মারা গেছে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে। এখনও মামলা হয়নি। গ্রেফতারে অভিযান চলছে।











































