খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ সোমবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে অস্বচ্ছল পরিবারের মাঝে চাউল বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণকালে সিটি মেয়র করোনা মহামারীর সংকটকালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের বিষয় উল্লেখ করে বলেন, দারিদ্র ও কর্মহীন পরিবারের জন্য তিনি অত্যন্ত আন্তরিক। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে তিনি ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ক্রয়ের সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন ভাতার প্রচলনসহ আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গৃহহীনদের ঘর উপহার দিচ্ছেন বলে সিটি মেয়র উল্লেখ করেন।
সিটি মেয়র সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর ২২, ৩০, ০৬ ও ২৯নং ওয়ার্ডের প্রতিটিতে ২’শ পরিবার করে সর্বমোট ৮’শ পরিবার এবং ১৭নং ওয়ার্ড এলাকার ৩’শ টি পরিবারের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে চাউল বিতরণ করেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, কেসিসি’র কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, ফকির মোঃ সাইফুল ইসলাম, শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহাসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।











































