Home আঞ্চলিক দাকোপের বাজুয়াতে তরমুজ বিক্রয়ে ব্যস্ত সময় পার করছে চাষীরা

দাকোপের বাজুয়াতে তরমুজ বিক্রয়ে ব্যস্ত সময় পার করছে চাষীরা

116

 

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।

খুলনার দাকোপ উপজেলায় গ্রামাঞ্চলে তরমুজ বিক্রয়ে ব্যস্ত সময় পার করছে চাষীরা। দাকোপের কৃষক পরিবার ঘরে বসে নেই। নারী ও শিশুদের নিয়ে কাজে নেমে পরেছে। একটু যেন ফুরসুত নেই। এলাকা ঘুরে জানা যায় গত বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর কৃষকরা তরমুজ চাষে বেশী আগ্রহী হয়েছিলো ফলে এলাকায় এবার ব্যাপক তরমুজ চাষ হয়েছে। দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার মোট উৎপাদিত তরমুজের ৭০ শতাংশ দাকোপ উপজেলায় উৎপাদিত হচ্ছে। গত বছর এ উপজেলায় ৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। এ বছর ৭ হাজার ৬০৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। গত বছর এ উপজেলার উৎপাদিত তরমুজ ৫৩৬ কোটি টাকায় বিক্রি হয়। এবার ১ হাজার ১৮৪ কোটি টাকার তরমুজ বিক্রি হবে বলে ধারণা করা হয়েছে। কৃষি অফিসার মেহেদী হাসান খান বলেন গত বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর কৃষকরা বেশী তরমুজ চাষে ঝুঁকেছেন। আমন ধান কাটা শেষ হতে না হতেই এবার তরমুজ চাষিরা জমি চাষাবাদ করে বীজ বপন করে ব্যাপক তরমুজ চাষ করেছিলেন। দাকোপের সকল গ্রাম ঘুরে দেখা গেছে, কৃষকরা মাঠে তরমুজ তুলার কাজ করছে। মাঠের পর মাঠ চাষাবাদ করা তরমুজ বিক্রয়ের কাজ করছে। এ কাজ করতে ঘরের নারী ও শিশুরাও বসে নেই। তারাও পুরুষের পাশাপাশি কাজ করছে। কেউ মাঠে তরমুজ তুলছে কেউ গাড়িতে করে তরমুজ টানার কাজ করছে কেউ বা গাড়ি থেকে তরমুজ ওঠানামার কাজ করছে আবার কেউ ট্রলারে তরমুজ তুলছে। এলাকার হাজার শ্রমিক এই কাছে দিন-রাত সময় পার করছে। মোট কথা তরমুজকে কেন্দ্র করে এলাকার হাজার হাজার নারী – পুরুষের কর্মসংস্থার ব্যবস্তা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সারা বাংলাদেশ থেকে ব্যাপারীরা এসে দাকোপের তরমুজ কিনে নিয়ে দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছে।

বাজুয়ার তরমুজ চাষী সুপদ বলেন, এ বছর ১ একর জমিতে তরমুজ চাষ করেছি। বীজ ও সারের দাম অনেক বেশী থাকায় গত বছরের তুলনায় এ বছর খরচ বেশী হয়েছে। তিনি আরও বলেন, গত বছর এক কৌটা বিঘ ফ্যামিলি বীজ ক্রয় করেছি দুই হাজার ৭’শ টাকায় এ বছর ওই পরিমান বীজ কিনেছি ৩ হাজার টাকায়। গত বছর এক বস্তা টিএসটি সার কিনেছি ১১’শ টাকায় এ বছর ওই সার কিনতে হয়েছে এক হাজার ৫’শ টাকায়। তিনি আরো বলেন প্রথম দুই তিনদিন তরমুজ ক্ষেত বেশি দামে বিক্রয় হলেও এখন তরমুজের দাম অনেক কম বলছে। একই গ্রামের শ্রীকান্ত রায় বলেন আমি ৬ বিঘা তরমুজ ক্ষেত বিক্রয় করেছি ৮ লক্ষ টাকা এখন বাকি ক্ষেতের দাম অনেক কম বলছে হঠাৎ করে ব্যাপারীরা তরমুজের দাম কমিয়ে দিয়েছে বলছে মোকামে দাম কমে গেছে। কৈলাশগঞ্জ গ্রামের আজাদ খান বলেন, ২ একর জমিতে তরমুজ চাষ করেছি। তিনি আরো বলেন, গত বছর ১ একর জমিতে তরমুজ চাষ করেছিলাম। ওই বছর তরমুজের বাম্পার ফলন হওয়ায় এ বছর বেশী চাষ করেছি। ব্যাপারীরা তরমুজের দাম কম বলছে ভাবছি সরাসরি মোকামে নিয়ে যাবো। বানিশান্তা এলাকার টিএ ফারুক গ্রামের তরমুজ চাষী নাদিম শেখ বলেন আমার ৩ বিঘা তরমুজ ক্ষেত ব্যাপারীরা প্রথমে ২ লক্ষ ৫০ হাজার টাকা বলেছিল এখন ২ লক্ষ টাকা বলছে তাই ভাবছি তরমুজ মোকামে নিয়ে যাবো। তিনি বলেন আমার মতো অনেকেই তরমুজ কেটে বাজারজাতের জন্য প্রস্তুুতি নিলেও এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় তরমুজ চাষীরা পড়েছেন মহা-বিপাকে, এ যেন মরার পরে খাঁড়ার ঘাঁ। তরমুজ চাষী নীল কোমল বলেন উপজেলার তিলাডাঙ্গা ইউনিয়নের কেবল মাত্র এক ফসল হিসেবে আমন ধানের চাষ হতো।

বছর চারেক আগে ওই বিলে অমরেশ গোলদার নামের এক কৃষক তিন বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলেন। এবার এ মাঠেরই প্রায় ২৫ একর জমিতে তরমুজের আবাদ হয়েছে। কিন্তু চালনা পৌরসভার গোরকাঠি গ্রামের সড়ক পথটি সম্পূর্ণ অকেজ হয়ে পড়েছে। এ সড়কটি দ্রুত সংস্কার করা না হলে আমরা তরমুজ চাষীরা কোটি কোটি টাকা পাওয়া থেকে বঞ্চিত হবো। সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুব্যবস্থা গ্রহণের দাবী জানায়। অমরেশ গোলদার বলেন, আমনের পর এই বিল পতিত হয়ে পড়ে থাকত। চার বছর আগে এখানে সর্বপ্রথম তরমুজ লাগিয়ে ছিলাম। তরমুজ বিক্রি করে ব্যাপক লাভবান হয়। সে বার ৪০ হাজার টাকা খরচ করে তিন বিঘা জমির তরমুজ ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করি। তার দেখাদেখি এবার ৯০ জনের বেশি তরমুজের চাষ করেছেন। কম বিনিয়োগ আর কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় তরমুজে এত আগ্রহ। এ উপজেলায় সাধারণত জানুয়ারির শেষ থেকে তরমুজ চাষের মৌসুম শুরু হয়। তবে এ বছর মৌসুমের শুরুতেই বৃষ্টি হওয়ায় তরমুজ ক্ষেত ডুবে জমি নরম হয়ে যায়। অনেক চাষী জমিতে কীটনাশক দিয়ে খেত প্রস্তুত করে, কিন্তু অসময়ের বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। ফলে মৌসুম শুরু হতে কিছুটা দেরি হয়েছে। এদিকে ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় জমির ইজারা মূল্যও গত কয়েক বছরের তুলনায় এবার কয়েক গুণ বেড়েছে।

সেচের ব্যবস্থা করে পতিত জমিতেও তরমুজ চাষ করেছেন কৃষকরা। উপজেলার বাজুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের তরমুজ কৃষক ছোট বাবু রায়সহ বিভিন্ন তরমুজ খেতে ঘুরে দেখা গেছে বেশির ভাগ জমিতে তরমুজ বিক্রয় করার মতো হয়ে গেছে। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তরমুজ খেতে সার, পানি ও কীটনাশক ছিটানোয় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কিন্তু তরমুজ ক্ষেতে প্রয়োজনীয় পানি কৃষক দিতে না পারায় অনেক কৃষকের খেতের ফল ছোট ছোট রয়েছে। বানিশান্তার ঢাংমারী গ্রামের কৃষক রবিন্দ্র নাথ মিস্ত্রী বলেন,গত বছর ৩ বিঘা জমি চাষ করে খরচা বাদে প্রায় দুইলাখ টাকা লাভ করে ছিলাম। তাই এবার ১৮ বিঘা জমিতে তরমুজের চাষাবাদ করেছি। কিন্তু জমিতে এখন সেচ দেওয়ার মত পানি পাচ্ছি না। ক্ষেতে প্রয়োজনীয় সেচ পানি দিতে না পারায় বিগত বছরের মত ফল বড় না হওয়ায় বেশ চিন্তিত হয়ে পড়েছি। বাজুয়া ইউনিয়নের পশ্চিম বাজুয়া গ্রামের বিধান চন্দ্র মন্ডল বলেন, গত বছর তরমুজে ব্যাপক লাভ হয়েছিল। কিছু কিছু কৃষক বিঘা প্রতি দেড় লাখ টাকার বেশি দরে বিক্রি করে ছিলেন। আর এ কারণে এবার প্রায় সবাই এ চাষে ঝুকেছেন। তরমুজ চাষের প্রধান উৎস হলো ক্ষেতে পর্যাপ্ত পানি সরবরাহ করা। আর এ পানি সংকট দেখা দিলে তখন প্রতিটি কৃষকই হতাশ হয়ে পড়েন। তাই তরমুজের জন্য হলেও এ অঞ্চলের নদী-খালগুলো খনন করা দরকার। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আইলায় কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের অনেক জায়গায় এবার প্রথমবারের মতো তরমুজের আবাদ হয়েছে। বটবুনিয়া গ্রামের কৃষক নিহার রঞ্জন সরকার বললেন, গত বছর তিন বিঘা জমিতে তরমুজ চাষ করেছিলেন। এবার সেখানে ৬ বিঘা জমিতে চাষ করেছেন। বিঘাপ্রতি খরচ হচ্ছে ২০ থেকে ২২ হাজার টাকা। এবার ব্যাপক চাহিদার কারণে ইজারামূল্য প্রতি বিঘা ১২ হাজার টাকা পর্যন্ত উঠেছে।

ডিজেলের দাম বেশি থাকায় চাষের খরচ বেড়েছে, সার সংকট দেখা আর বীজের দামও বেড়েছে। স্বরুপ কাঠি এলাকা থেকে আসা তরমুজ ব্যাপারি রেজাউল করিম বলেন হঠাৎ মোকামে তরমুজের চাহিদা কমে যাওয়ায় দাম পড়ে গেছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ক্ষেত থেকে তরমুজ মোকামে নিতে অনেক খরচ তাই আমাদের সকল খরচ বাদ দিয়ে হিসেব করে তরমুজ কিনতে হচ্ছে। খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, চালনা পৌরসভার গোরকাঠি গ্রামের সড়কটি চুনকুড়ি নদীর ভয়াবহ ভাঙ্গনের কারণে সড়কটির ৩শত মিটার রাস্তা সম্পূর্ণ ভাবে নদী গর্ভে বিলীন হয়।পরে ওই রাস্তাটির বিপরীত পাশ দিয়ে বিকল্প বাঁধ নির্মাণ করা হয়েছে। দাকোপের কৃষকদের উৎপাদিত তরমুজ বাজারজাতে সড়ক পথে ক্ষতি না হয় সে জন্য ওই স্থানের রাস্তাটি খুব শিঘ্রই আপাতত এইচবিবি হেয়ারবোন দিয়ে রাস্তা তৈরী করে দেওয়া হবে এবং মোংলা ও লাউডোব-বানিশান্তা ফেরী ঘাটের রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, গতবার কৃষকেরা তরমুজে ব্যাপক লাভ করেছিলেন। এজন্য এবার অনেক এক ফসলি বা পতিত জমিতে প্রথমবারের মতো তরমুজ আবাদ করেছেন। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকুলে থাকায় উৎপাদনও অনেক ভালো হয়েছে। তবে বিপণন ও যোগাযোগ ব্যবস্থা ভালো হলে চাষিরা অনেক লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।