Home আঞ্চলিক নড়াইলে চোর চক্রের ৫ জন আটক: স্বর্ণালংকার মোবাইল উদ্ধার

নড়াইলে চোর চক্রের ৫ জন আটক: স্বর্ণালংকার মোবাইল উদ্ধার

7

 

মোঃ তাহের, নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে আলাদা দুইটি চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শনিবার (২৩ এপ্রিল) রাতে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার) নড়াইল।


আটককৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানাধীন রায়পাড়ার বাবুল শেখের ছেলে সাঈদ (২০), একই থানার বেচপাড়ার বাবু শিকদারের ছেলে আরমান (২৮), বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শামছু মোল্যার ছেলে লিমন (২৬), আর এন রোডের আলমগীর মোল্যার ছেলে আপন (২২) ও মাগুরা জেলার রঘুনাথপুর গ্রামের বাদশা শেখের ছেলে রাকিব (১৪)। গ্রেপ্তারকৃতরা সকলেই আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ। এ সময় পুলিশ সুপার বলেন, গত কয়েক মাস ধরে নড়াইল শহর এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। এরপর চুরির রহস্য উদঘঠনে নামে পুলিশ তদন্তে জানা যায়, আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা সকলে যশোর থেকে নড়াইলে আসে। এরপর তারা ভাঙ্গারী কুড়াতে থাকে ও বিভিন্ন বাড়ি টার্গেট করে দিনের বেলায়, রাতে সেসব বাড়িতে চুরি করে। পুলিশ সুপার আরো বলেন, চুরির অভিযোগের চার দিনের মধ্যে শনিবার (২৩ এপ্রিল) সকালে যশোর থেকে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার যার মূল্য আনুমানিক নয় লাখ ত্রিশ হাজার টাকা এছাড়া পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ গ্রুপে আরও সদস্য আছে, তাদেরও আটকের জন্য চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।