স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে টহল, জীবাণুনাশক ছিটানো, অসহায় ও দরিদ্রের ঘরে ঘরে ত্রাণ পৌছানোসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। মুদি দোকান ও জুতার দোকান খোলা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক এগারো হাজার টাকা জরিমানা করা হয়। বরগুনা নৌ কন্টিনজেন্ট ১৯৫০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এছাড়া জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ির বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য বাধ্য করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতীত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে।

নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বজার, আপাবাড়ী, বুড়িরডাঙ্গা, চাঁদপাই এবং মংলা বন্দর এলাকায় টহল পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। বিভিন্ন দোকান ও মটরসাইকেল চালক এর নিকট হতে চার হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জনসচেতনতামূলক ১২০টি লিফলেট বিতরণ করা হয়। এছাড়া নৌ ঘাঁটি মংলা দিগরাজ বাজার, মংলা ফেরিঘাট এবং আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি ক্লোরিন মিশ্রিত পানি ছিটিয়ে রাস্তা জীবাণুমুক্ত করা হয়।











































