Home আঞ্চলিক ঝড়ের শঙ্কায় সাতক্ষীরার বাজার ভরে গেছে কাঁচা আমে

ঝড়ের শঙ্কায় সাতক্ষীরার বাজার ভরে গেছে কাঁচা আমে

7

সাতক্ষীরা প্রতিনিধি।।

 

একদিকে ঝড় ও বৃষ্টির শঙ্কা, অন্যদিকে কাঁচা টক আমের আচারের চাহিদার কথা মাথায় রেখে সাতক্ষীরার বাজার ভরে গেছে কাঁচা আমে। প্রতিদিন জেলার বাজারে শতশত মণ আম বেচাকেনা হচ্ছে। গত এক সপ্তাহ ধরে সাতক্ষীরা বাজারগুলোতে বাণিজ্যিকভাবে কাঁচা আম কেনা-বেচা শুরু হয়েছে। প্রতি মণ আম দেড় হাজার থেকে দুই হাজার টাকায় ক্রয় বিক্রয় হচ্ছে।

জানা যায়, ভৌগলিক অবস্থানের কারণে সাতক্ষীরায় উৎপাদিত আম খেতে বেশ সুস্বাদু ও মিষ্টি হওয়ায় দিন দিন এ জেলার আমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। গড়ে উঠছে নতুন নতুন আম বাগান। গত কয়েক বছর ধরে বিভিন্ন সুস্বাদু জাতের আগাম আম উৎপাদন ও বাজারজাতকরণে সারা দেশের ভিতর শীর্ষে রয়েছে সাতক্ষীরা জেলা। ইতিমধ্যে আমের রাজধানী হিসেবে বিভিন্ন জেলার মানুষের কাছে পরিচিতি লাভ করেছে সাতক্ষীরা জেলা। তবে চলতি মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় খড়ার কারণে আম্রপালি, গোপালভোগ, গোবিন্দভোগ ও হিমসাগরসহ বিভিন্ন প্রজাতির আমের গুটি ঝরে যাওয়ায় আমের আশানুরূপ উৎপাদন নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন চাষি ও বাগান মালিকরা। বিভিন্ন ধরনের কীটনাশকসহ ওষুধ প্রয়োগ করেও এই সমস্যার সমাধান হচ্ছে না। গত বছরের তুলনায় গাছে আমের পরিমাণ কম। কাল বৈশাখী ঝড় বৃষ্টির কথা চিন্তা করে আগাম আম ভাঙতে শুরু করেছে চাষি ও ব্যবসায়ীরা। এতে চরম লোকসানের আশঙ্কা করছে জেলার কয়েক হাজার আম চাষি। কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় ৫ হাজার ২৯৯টি বাগান ও ১৩ হাজার আম চাষি রয়েছে।

সাতক্ষীরা শহরের আম ব্যাবসায়ী বেলাল হোসেন জানান, এ বছর আমের ফলন কম। তার উপর আবার বৃষ্টি না হওয়ায় গুটি ঝরে যাচ্ছে। যে টাকা দিয়ে বাগান কিনেছিলাম তা বিক্রি করে আসলে টাকা উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় আছি। তিনি আরো জানান, এখনো এক মাস সময় লাগবে পরিপক্ক আম বাজারে উঠতে।

শিমুলবাড়িয়া গ্রামের আম ব্যবসায়ী হানিফ গাজী বলেন, বর্তমানে যে আমগুলো ভেঙে বাজারে বিক্রয় করছি সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা হয়। বিভিন্ন কোম্পানি এই আম গুলো আমাদের থেকে সংগ্রহ করে থাকেন।

দেবহাটা থেকে আসা বাগান মালিক জহুরুল হক জানান, এ বছর আমার আম বাগানে ভালো মুকুল এসেছিলো কিন্তু আমের গুটি বড় হওয়ার সাথে সাথে তা ঝরে গেছে। যদি ঝড়বৃষ্টি না হয় তাহলে বর্তমানে বাগানে যে পরিমান আম রয়েছে এতে জমির হারিসহ খরচের টাকাটা হয়তো কোন রকমে উঠবে।

আগড়দাঁড়ি গ্রামের ব্যবসায়ী জলিল জানান, এখন বাজারে কাঁচা আমের দাম ভালো এবং ঝড় বৃষ্টিতে পড়ে যাওয়ার ভয়ে আগেই আম ভেঙে বিক্রয় করছি। এ বছর আমের ফলন খুবই কম।

সাতক্ষীরা বড় বাজারের কাঁচা পাকা ফল ব্যবসায়ী রজব আলী বলেন, বর্তমানে বাজারে যে আম উঠছে তার বাজার মূল্য প্রতি মণ ১২শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। তিনি আরো জানান, অন্যান্য বছরের তুলনার এ বছর বাজারে কাঁচা আম বেশি উঠছে। এগুলো দিয়ে মূলত আচার, চাটনি, জেলি, কাঁচা আমের জুসসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হচ্ছে। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে আম ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রয় করছে। অনেক কোম্পানিও এই আমগুলো সংগ্রহ করছেন।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম জানান, এ বছর জেলায় আগাম বৃষ্টির কারণে আমের মুকুল নষ্ট হয়ে যাওয়ার ফলে ফলন কমে গেছে। ইতিমধ্যে সাতক্ষীরার কিছু কিছু স্থানে বাজারে কাঁচা আম বিক্রি শুরু হয়েছে। এখনও পরিপক্ক আম বাজারে উঠতে দুই সপ্তাহের বেশি সময় লাগবে। তবে অপরিপক্ক আম পাকানোর উদ্দেশ্যে যদি কেউ ক্যামিক্যাল ‘স্প্রে’ ব্যবহার করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, আম চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে।