খুলনাঞ্চালে নিউজ প্রকাশের জের
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে বৃষ্টি হলেই মাটি বিক্রেতাদের রাস্তায় ছিটানো মাটিতে সকল গ্রামীন ও শহরতলীর সড়কগুলো চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পানি পড়লেই পিচ্ছিল কাঁদায় একাকার হয়ে যাচ্ছে সড়কগুলো। ফলে বৃষ্টি হলেই বেড়ে যাচ্ছে দূর্ঘটনা। যে বিষয়টি নিয়ে কয়েকদিন আগে দৈনিক খুলনাঞ্চালে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যা স্থানীয় প্রশাসনের নজর কাড়ে। সড়কের পরিবেশ নষ্ট করে অবৈধভাবে মাটি বিক্রি করায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাটি বিক্রেতাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকবর হোসেন নামের এক ট্রাক্টর ড্রাইভারকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজেষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব।

নির্বাহী ম্যাজিষ্টেট হাবিবুল্লাহ হাবিব জানান, পৌরসভার শিবনগর গ্রামের রফিউদ্দিন বিশ^াস অবৈধভাবে তার পুকুর খনন করে ইট ভাটাতে মাটি বিক্রয় করছিল। এমন সংবাদ পেয়ে তিনি দুপুর দেড়টার দিকে থানার পুলিশ ফোর্স নিয়ে এক অভিযানে বের হন। এ সময় শিবনগর রাস্তা থেকেই একটি মাটি বোঝাই ট্রাক আটক করে ট্রাকটি ওই পুকুরের স্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু ট্রাক্টরের চালক কৌশলে সটকে পড়ে। কিন্ত প্রায় দু’ঘন্টা পর ট্রাক ড্রাইভার আকবর ঘটনাস্থলে আসলে ভ্রাম্যমান আদালত করে সড়ক ও পরিবহন আইনে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সেই সাথেই অনুমতি ছাড়া পুকুর কেটে মাটি বিক্রির অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জমির মালিক রফিউদ্দিনকে ৫০ হাজার এবং পরিবহন আইনে ট্রাক্টর ও মাটি কাটা ভেকু গাড়ীর কন্টাক্টরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানকালে কালীগঞ্জ থানার এস আই ভবতোষ বিশ^াসসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।












































