Home আঞ্চলিক কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী শ্রমিকের স্তনে খুন্তি দিয়ে ছ্যাকা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী শ্রমিকের স্তনে খুন্তি দিয়ে ছ্যাকা

9

সাতক্ষীরায় সিটি ইন হোটেল মালিক ও বাবুর্চির কুপ্রস্তাব

সাতক্ষীরা প্রতিনিধি।।

 

সাতক্ষীরায় হোটেল মালিক ও বাবুর্চির কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী শ্রমিককে খুন্তি দিয়ে ছ্যাকা দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই নারীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঘটনার প্রতিকার পেতে সোমবার (১৮ এপ্রিল) সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন।

তিন সন্তানের জননী আহত নারীর নাম নাসিমা খাতুন (৩৮)। তিনি আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে। তার স্বামীর নাম আশরাফ হোসেন।

আহত নাসিমা খাতুন জানান, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা বাইপাস সড়কের জিরো পয়েন্টে অবস্থিত হোটেল সিটি ইন-এ নারী শ্রমিক হিসেবে তিনি কয়েক মাস আগে কাজ নেন। প্রতিদিনের ন্যায় গত রবিবার হোটেল সিটি ইন-এ তিনি কাজে যান। কাজ করতে থাকার এক পর্যায়ে বাবুর্চি আজিজুল ইসলাম তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় তিনি বাঁধা দিলে তাকে মারপিট করে এবং গরম খুন্তি দিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাকা দেয়। গরম খুন্তির ছ্যাকায় তার ডান স্তনের অর্ধেক অংশ পুড়ে গেছে। এছাড়া বুক, পিট, ঘাড় ও হাতের বিভিন্ন স্থানে বড় বড় দাগ হয়ে গেছে। এই ঘটনা ধাপা চাপা দেওয়ার জন্য হোটেল মালিক মফিজুল ইসলাম ও কবির হোসেন তাকে সারাদিন হোটেলের একটি রুমে আটকিয়ে রাখেন। এর ফলে তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। এক পর্যায়ে সহকর্মীদের সহযোগিতায় সেখান থেকে পালিয়ে অন্যদের সহযোগিতায় তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। এদিকে, এই ঘটনার পর থেকে হোটেল সিটি ইন-এর অভিযুক্ত বাবুর্চি আজিজুল ইসলাস পলাতক রয়েছে।

নাসিমা খাতুন আরও জানান, হোটেল সিটি ইনের দুই মালিক মফিজুল ইসলাম ও কবির হোসেন এবং বাবুর্চি আজিজুল ইসলাম প্রায়ই তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তিনি রাজি না হওয়ায় তাকে ঘটনার দিন এভাবে মারপিট করা হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে নাসিমাকে সেবাকারী সহকর্মী ওই হোটেলের সাবেক কর্মী রওশান আরা ও বিউটি জানান, তাদের সাথেও একইরকম আচরণ করার এক পর্যায়ে তারা কাজ ছেড়ে দিয়েছেন। তারা এর বিচার চান।

অভিযুক্ত বাবুর্চি আজিজুল ইসলামের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, ‘আমি নাসিমাকে জড়িয়ে ধরেছিলাম। তখন সে আমাকে মারার জন্য উদ্যত্ত হলে আমি মারপিট করেছি। সেও আমাকে মেরেছে। তিনি আরও জানান, আমি ভুল করেছি, আর কখনও এরকম কাজ করবো না’।

হোটেল সিটি ইন-এর দুই মালিক মালিক মফিজুল ইসলাম ও কবির হোসেনের সাথে কথা হলে মোবাইল ফোনে তারা জানান, দুর্ঘটনা ঘটে গেছে। আগামীতে আর এরকম হবে না। তবে তারা হোটেলের নারী শ্রমিকদের যৌন নির্যাতনের বিষয়ে অস্বীকার করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।