ঢাকা অফিস।।
গণতন্ত্র পুনরুদ্ধারে ক্ষমতাসীন সরকারকে হটাতে চলমান আন্দোলন আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের একটি হোটেলে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নজরুল ইসলাম বলেন, সরকার বলে- দেশে কোনো গুম হয় না। অথচ শত শত গুম ও খুন হচ্ছে। মামলা ও হামলা করে বিরোধী দলকে দমন করা হচ্ছে। এই রকম একটা অত্যাচারী সরকারের অধীনে আমরা আছি।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ খুব কষ্টে রয়েছে। কিন্তু এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলেই গ্রেফতার, মামলা, হামলা। তাই সংকট উত্তরণে এই সরকারকে বিদায়ে চলমান আন্দোলনকে আরও জোরদার করতে হবে। এজন্য আমাদের প্রস্তুত হতে হবে। তাদের বিদায় করে নিরপেক্ষ নির্বাচনে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
এনডিপির চেয়ারম্যান ক্বারি আবু তাহেরের সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল হারুন সোহেলের সঞ্চালনায় ইফতারে উপস্থিত ছিলেন- বিএনপির আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রিয়াজউদ্দিন নসু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবীব লিংকন, ইসলাম ঐক্যজোটের মাওলানা আব্দুল করিম, কল্যাণ পার্টির মাহমুদ খান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া, নূরুল হক নূর, সাদ্দাম হোসেন, এনডিপির মহাসচিব শাহ নেওয়াজ খান, প্রেসিডিয়াম সদস্য মো. মুছা মন্ডল প্রমুখ অংশগ্রহণ করেন।











































