Home জাতীয় শিক্ষার্থীরা এখনও রাস্তায়

শিক্ষার্থীরা এখনও রাস্তায়

14

ঢাকা অফিস।।

রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের সঙ্গে দিনভর দফায় দফায় সংঘর্ষের জেরে সন্ধ্যায় ইফতারের বিরতির পর আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ব্যবসায়ী ও দোকনকর্মীরা নিউ সুপার মার্কেট সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচে বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৮ টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের রাস্তার দুপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সায়েন্স ল্যাবরেটরি থেকে নিউ মার্কেট পর্যন্ত সড়কে আগের রাত থেকেই যানবাহন চলাচল বন্ধ ছিল। সন্ধ্যায় মারামরির বিরতিতে গাড়ির চাকা আর ওই পথে গড়ায়নি। রিকশা, অটোরিকশার মত দুয়েকটি বাহন সাহস করে চলার চেষ্টা করলেও ছাত্ররা তাদের সরিয়ে দেয়।

পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, বিকালে দিক থেকে সংঘর্ষের তীব্রতা কমে আসছিল। সন্ধ্যায় ইফতারের সময়টা মোটামুটি চুপচাপই পার হয়। রাত ৮টার দিকে ব্যবসায়ীরা আবার রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। ছাত্ররাও ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেয়। আমরা তখন ব্যবসায়ীদের লাঠিচার্জ করে দূরে সরিয়ে দিয়েছি।

শিক্ষার্থীদের একটি অংশ লাঠিসোঁটা হাতে কলেজ ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে আছে, আর তাদের একটি অংশ কলেজের অধ্যক্ষের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছে। সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে হল খালি করে দেওয়ার নির্দেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছে তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার বিকাল থেকে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। এদিন বিকালের মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা প্রয়োজনে লাশ হবেন, তবু হল এবং ক্যাম্পাস ছাড়বেন না বলে ঘোষণা দেন।

উল্লেখ্য, এক দোকানে খাবারের বিল পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জেরে সোমবার মধ্যরাতে দোকান কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলে। পরে পুলিশের হস্তক্ষেপে রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবারও চলে এ সংঘর্ষ।দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাস ছোড়া শুরু করলে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়।