Home আঞ্চলিক মোংলায় টর্চার সেলের মুলহোতা গ্রেফতার

মোংলায় টর্চার সেলের মুলহোতা গ্রেফতার

8

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় টর্চার সেলে দুই ভাইকে নির্যাতনের ঘটনায় মুল হোতা মেম্বরপুত্র জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ৭ টায় উপজেলার কানাইনগরের জোড়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চাঁদপাই ইউয়িনের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর সুলতান হাওলাদেরের ছেলে। এর আগে শনিবার ওই মেম্বরের টর্চার সেলে বিনোদ সরকার ও বিপ্লব সরকার নামে দুই ভাইকে বিবস্ত্র করে দিনভর দফায় দফায় হত্যার উদ্দেশ্যে নির্যাতন করার অভিযোগে মেম্বর সুলতান ও তার ছেলে জাকিরসহ ১৪ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ হাদীউজ্জামান খাঁন বলেন, নির্যাতনের শিকার বিনোদ ও বিপ্লবের ভাই কুমুদ সরকার শনিবার রাতে থানায় মামলাটি দায়ের করেছেন। গ্রেফতাকৃত জাকিরের নামে মোংলা থানায় নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগের আরো ৬টি মামলা রয়েছে। রবিবার সকালে গ্রেফতারের আগে গত ২১ মার্চ জাতীয় জুরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কানাইনগরের খ্রীষ্টান পাড়া থেকে এক যুবতীর ঘর থেকে মদ্যপ অবস্থায় জাকিরকে আটক করে পুলিশ।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সুলতান মেম্বরের পুত্র জাকির একজন চিহ্নিত অপরাধী। তার নামে নানা অপরাধমূলক অভিযোগ রয়েছে। সর্বশেষ শনিবার সংখ্যালঘু দুই ভাইকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতাও সে। ইতোমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই দুই ভাইকে তুলে নিয়ে হত্যা চেষ্টার ঘটনায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর সুলতান হাওলাদার, তার ছেলে জাকির হাওলাদার ও কালাম হাওলাদারসহ ১৪ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় এজাহারভূক্ত বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মামলার বাদী উত্তর কাইনমারী গ্রামের কুমুদ সরকার বলেন, অর্ডার দেওয়া ফার্নিচার সরবরাহ দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে আমার দুই ভাই বিনোদ সরকার ও বিপ্লব সরকারকে শনিবার শহরের বাংলাদেশ হোটেলের সামনে থেকে তুলে নেয় মেম্বর সুলতান ও তার ছেলেরা। পরে সিঙ্গাপুর মার্কেটে তাদের টর্চার সেলে বিবস্ত্র করে তার ভাইদের দফায় দফায় নির্যাতন চালানো হয়। স্থানীয়দের সহযোগীতায় পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার ঘটনার রাতেই তাদের নামে মামলা করেন নির্যাতিতদের ভাই কুমুদ সরকার। রবিবার সকালে মামলায় গ্রেফতার মুলহোতা জাকিরকে রবিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, দুই ভাইকে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামী মেম্বর সুলতান হাওলাদারের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। মামলার চুড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরই তার বিরুদ্ধে (ইউপি সদস্য পদ) বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।