ঢাকা অফিস।।
বর্তমান সরকারকে হটাতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ছোটখাটো ভুল বুঝাবুঝি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার গুলশানের ইমামুয়েল কনভেনশন সেন্টারে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আজকে একদিকে বাংলাদেশের ভয়াবহ অর্থনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা অবস্থা, দুর্নীতি সর্বব্যাপী অবস্থা, দ্রব্যমূল্যের অসহনীয় অবস্থা আর অন্যদিকে রাজনৈতিক অবস্থা। এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো দায়িত্ব অনেক বেশি, এই দায়িত্ব পালন করতে হবে।
আমাদের ছোট-খাটো ভুল বুঝাবুঝি, ছোট-খাটো বিভেদ সব ভুলে গিয়ে শুধু গণতন্ত্রকে এখানে প্রাতিষ্ঠারিক রুপ দেয়ার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য আমরা সবসময় জাতীয় ঐক্যের কথা বলছি, জাতীয় ঐক্যের ওপরে আমরা অত্যন্ত গুরত্বরোপ করছি।
জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব এএসএম শামীমের সঞ্চালনায় ইফতারপূর্ব অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির শাহজাহান ওমর, বাংলাদেশ গণ-অধিকার পরিষদের রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব ও জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংক বক্তব্য রাখেন।
ইফতারে এলডিপির রেদোয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, জামায়াতে ইসলামী মোবারক হোসেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল, জাগপার খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ ভাসানী আজহারুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, এনডিপির আবু তাহের, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, জমিয়তে উলামায়ে ইসলামের মওলানা মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের নুরুল ইসলাম, কল্যাণ পার্টির আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।











































