মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলা বন্দরের হাড়বাড়ীয়া এলাকায় অবস্থানরত বিদেশী জাহাজের ধাক্কায় বাংলার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাড়বাড়ীয়ার ৮ নম্বর এ্যাংকারেজে (নোঙ্গর) থাকা বাংলার জাহাজের উপর আঁচড়ে পড়ে ৭ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশী জাহাজটি।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী শ্রমিক-কর্মচারীরা জানান, বিদেশ থেকে আমদানীকৃত পাথর নিয়ে বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়ার ৮ নম্বর এ্যাংকেরেজে বাংলাদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি ফাতেমা জাহান এবং ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে আসা বিদেশী জাহাজ এম,ভি গ্রেট রয়েল ৭ নম্বর এ্যাংকোরেজে অবস্থান করছে। জাহাজ দুইটি থেকে পণ্য খালাস কাজ চলছিলো। কিন্তু মঙ্গলবার দুপুরের জোয়ারে সময়ে গ্রেট রয়েল জাহাজের এ্যাংকোরেজ উঠে গিয়ে ফাতেমা জাহানের উপর আঁচড়ে পড়ে। এতে বাংলার জাহাজের সামনের অংশে দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। পরবর্তীতে বন্দরের নিজস্ব উদ্ধারকারী জাহাজের সহায়তায় বিদেশী জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, বিদেশী জাহাজ এম,ভি গ্রেট রয়েল জোয়ারের সময় ঘুরে যেতে লাগলে এ্যাংকোরেজ উঠে গেলে কাছাকাছি থাকা বাংলাদেশী জাহাজ এম,ভি ফাতেমা জাহানের উপর পড়ে ঘর্ষণ হয়। তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ফাতেমা জাহানের রেলিং কিছুটা নষ্ট হয়েছে। খবর পেয়ে বন্দরের উদ্ধারকারী জাহাজ গিয়ে দ্রুত বিদেশী জাহাজটিকে সরিয়ে নিয়েছে।











































