Home আঞ্চলিক কালীগঞ্জে বেপরোয়া অসাধু কলা ব্যবসায়ী সিন্ডিকেট

কালীগঞ্জে বেপরোয়া অসাধু কলা ব্যবসায়ী সিন্ডিকেট

67

 

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

পবিত্র রমজানে তেল চিনিসহ যাবতীয় খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির পর এবার পাকা কলার বাজার অস্থির। প্রথম রোজা থেকেই দফায় দফায় বাড়তে শুরু করেছে পাকা কলার দাম। যা এখন আগের থেকে কয়েকগুন বেশি দামে বিক্রি হচ্ছে। ৪/৫ দিন আগে বাজারে যে কলার দাম প্রতি হালি ১৬ টাকা ছিল তা এখন ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও এর চেয়ে বেশি দাম হাকিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। এতে করে নিম্ন আয়ের মানুষেরা এখন কলার ধারে কাছেও ভিড়তে পারছেন না। বিক্রেতারা সাফ জানাচ্ছেন, কমে কিনতে পারছেন না তাই বেশি দামে বিক্রি করছেন। তবে কলাচাষীরা বলছেন,পবিত্র রমজানে কলার বাড়তি চাহিদা থাকে এবছরও তাই। তবে তারা যে দামে পাইকারদের কাছে প্রতি কাঁধি কলা বিক্রি করছেন পাইকাররা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকগুন বেশি দাম হাকিয়ে নিচ্ছেন। অর্থাৎ পাইকারী ব্যবসায়ীরা মধ্যসত্বভোগী হিসেবে লাভের বেশির ভাগ ঘরে তুলছেন। কৃষকদের দাবি, বাজার মনিটরিং না থাকায় এমনটি হচ্ছে।

ভুক্তভোগীদের ভাষ্য, উৎপাদন কম হলে কোন জিনিসের দাম বাড়তেই পারে। কিন্ত মাত্র ২/৩ দিনের ব্যবধানে কয়েকগুন বেশি দাম হওয়ার কথা নয়। রমজান মাসকে পূঁজি করে এক শ্রেনীর অসাধু কলা ব্যাবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বেপরোয়া হয়ে উঠেছে। ক্রেতাদের দাবী, তেল ও চিনির মত কলার বাজারও এখন নিয়ন্ত্রনহীন।

সরেজমিনে কালীগঞ্জ শহরের পাকা কলার বাজারে গেলে দেখা যায়, এক হালি শবরী কলা ৩৫/ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে বিক্রি হত ১০/১২ টাকায়। সাগর কলা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা হালি। আর ছোট সাইজের ৮ থেকে ১০ টাকা হালির চাপা শবরি কলা এখন বিক্রি হচ্ছে ২৫/৩০ টাকায়।

কলা কিনতে আসা হাবিবুর রহমান নামের এক ক্রেতা জানান, ৩/৪ দিন আগেও এক হালি বড় কলা ১৮/২০ টাকায় কিনতাম। কিন্তু এখন সেই কলাই ৪৫/৫০ টাকা দরে কিনতে হচ্ছে। তিনি জানান, পবিত্র রমজানে তো দুধ কলা ছাড়া সেহরি খাওয়া চলেই না। বর্তমানে দাম বৃদ্ধিতে কলা ব্যাবসায়ীদের সিন্ডিকেটকে দায়ি করছেন ক্রেতারা।

কলার খুচরা ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, কমে কেনা যাচ্ছে না। তাই দাম বেশি। গ্রাম থেকে কলা কিনে পাকিয়ে বিক্রি করতে পারলে কমে বিক্রি করা যায়। কিন্ত কলার হাট থেকে কিনলে তাদের কেনা দাম কম হচ্ছে। সে ক্ষেত্রে বেশ কমে বিক্রি করা সম্ভব হচ্ছে। কিন্ত সেটাও এক জটিল কাজ।

কলার খুচরা ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, রমজানের আগে যে কলা ২/৩ শত টাকা কাঁধি বিক্রি হতো। সেই কলা পাইকারদের নিকট থেকে কিনতে হচ্ছে কয়েকগুন বেশি দামে। তবে খুচরা ব্যবসায়ী ও উৎপাদনকারী কৃষকদের লাভ কম হচ্ছে। লাভের বেশির ভাগ ভোগ করছে আড়ত ও অসাধু পাইকারী ব্যবসায়ীরা।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন বলেন, রমজানে সাধারন মানুষের জন্য দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রনে মনিটরিং চলছে। বাজারে পাকা কলা বেশি দামে বিক্রি হচ্ছে শুনেছেন। প্রশাসন শীঘ্রই ব্যবস্থা নিবে। অসাধু মধ্যসত্বভোগীরা রেহায় পাবেনা।