Home আঞ্চলিক খুলনায় হত্যা মামলায় শিল্পপতি পুত্রসহ পাঁচ জনের যাবজ্জীবন

খুলনায় হত্যা মামলায় শিল্পপতি পুত্রসহ পাঁচ জনের যাবজ্জীবন

19

স্টাফ রিপোর্টার।।
খুলনার বহুল আলোচিত মডার্ণ সী ফুডের কর্মকর্তা উজ্জল কুমার সাহা হত্যার দায়ে মেহেদী হাসান ষ্টারলিংসহ পাচ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অপরদিকে এ মামলার অন্য চার আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের খালাস দিয়েছেন আদালত।

সোমবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, মেহেদী হাসান ষ্টারলিং, মোঃ আরিফুল হক সজল, নাহিদ রেজা রানা ওরফে রানা ওরফে লেজার রানা, মোঃ ডালিম শিকদার ওরফে আমির শিকদার ডালিম ও সজল মোল্লা।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৭ জুন সাড়ে ১০ টার দিকে মেয়েকে নিয়ে সামছুর রহমান রোডে জোহরা খাতুন স্কুলে আসেন উজ্জল কুসার সাহা। এরপর পাশের দোকানে গিয়ে ধুমপান করতে থাকেন তিনি। এর কিছুক্ষণের মধ্যে ফোন দেয় মেহেদী হাসান ষ্টারলিংয়ের খালাতো ভাই আরিফুল হক সজল । অবস্থান নিশ্চিত করে অন্যান্য আসামিদের নিয়ে ঘটনাস্থলে পৌছায় সজল। আসামিদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষাও করে উজ্জলের সাথে। সজল স্থান ত্যাগ করার সাথে সাথে অন্যান্য আসামিরা ভিকটিমের ওপর ক্রিকেট খেলার ষ্ট্যাম্প ও ইট নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ শুরু করে। তাদের আঘাতে জ্ঞান হারিয়ে ফেললে আসামিরা উজ্জলকে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই সুমন কুমার সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে তদন্ত করেন খুলনা থানার এসআই সোহেল রানা। আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠালে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। কিন্তু চার্জশিট থেকে মামলার মূল পরিকল্পনাকারীর নাম বাদ দেওয়ায় বাদী আদালতে নারাজি পিটিশন করেন। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডির পুলিশ পরিদর্শক মোঃ শাহাজাহানের নিকট দেওয়া হয়। তিনিও আগের তদন্ত কর্মকর্তার পথ অনুসরণ করায় মামলাটি তদন্তের জন্য পিবিআইয়ের নিকট পাঠানো হয়। পরে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা পুলিশ সুপার হেড কোয়ার্টারস মোঃ আমিনুল ইসলাম ৯ জন আমামির নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।