পাইকগাছায় বিষপানে যুবকের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার
খুলনার পাইকগাছায় দেবব্রত দেবনাথ (৩৮) নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছেন। রোববার (৩ এপ্রিল) ভোর ৫ টার দিকে কপোতাক্ষ বিলের মধ্যবর্তী নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। দেবব্রত উপজেলার রাড়ুলী গ্রামের মনসা দেবনাথের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী খড়িয়াটি গ্রামের মোঃ রহমান জানান, প্রতিদিনের মতো তিনি রাড়ুলী এলাকার কপোতাক্ষ বিলে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় বিলের মধ্যে ফাঁকা জায়গায় তিনি দেবব্রতকে মাটিতে লুটিয়ে ছটফট করতে দেখে দ্রুত তার বাড়িতে খবর দেন। তার স্বজনরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই যুবকের মৃত্যু হয়।
সর্বশেষ এ ঘটনায় মৃতের ভাই দেবব্রতকে মানষিক ভারসাম্যহীন (পাগল) উল্লেখ করে পাইকগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান পূর্বপশ্চিমবিডিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
প্রথম রোজার দুপুরে সড়কে ঝরল তিন প্রাণ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরের মাগুরা-মহম্মদপুর সড়কে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে ২০ জনের অধিক আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কানুটিয়া তানহা ইটভাটার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামের আব্দুল সালাম মিয়ার ছেলে রাব্বি (২২), বিনোদপুর ইউনিয়নের বাবনপাড়া গ্রামের আব্দুর রশিদ মণ্ডলের ছেলে জসিম (২৫) এবং একই ইউনিয়নের বেথুলিয়া গ্রামের নির্মল বিশ্বাস (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে ক্লাসিক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মাগুরা থেকে ছেড়ে মহম্মদপুর আসছিল। বাসটি কানুটিয়া তানহা ব্রিকসের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস ও ইজিবাইক সড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল ও মহম্মদপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালকসহ তিনজন মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, থানার ওসি ইকরামুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মহম্মদপুর থানার ওসি মো. ইকরামুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটির চালককে আটকের চেষ্টা চলছে।
চোরাচালানের চিংড়ি পোনা ধরায় বিজিবির ওপর হামলা
সাতক্ষীরা প্রতিনিধি
চোরাচালানের ভারতীয় গলদা রেণু পোনা আটক করা কেন্দ্র করে বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলা করে চোরাচালানিরা আটক গলদা পোনা ছিনিয়ে নিয়েছে। তারা বিজিবিকে বহনকারী একটি বেসরকারি মালিকানাধীন প্রাইভেটকারে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
শনিবার দিবাগত মধ্যরাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ার আশু মার্কেটে এ ঘটনা ঘটে। গাড়িটি কুলিয়া ব্রিজের মাথায় প্রধান সড়কের ওপর জালিয়ে দেওয়া হয়।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, বিজিবির একটি দল আশু মার্কেটে তাদের মাছের ডিপোতে মধ্যরাতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ গলদা রেণু পোনা আটক করে। তারা বলেন, আমরা সরকারকে ইজারার টাকা দিয়ে ব্যবসা করে আসছি। আমাদের যথাযথ লাইসেন্স আছে। বৈধভাবে মাছ কেনাবেচা করি। বিজিবি হানা দিলে আমরা প্রতিবাদ করি। এ সময় বিজিবি আমাদের মাছ ব্যবসায়ী আবদুল লতিফকে পিটিয়ে আহত করে। তাকে প্রথমে সখিপুর হাসপাতালে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
ব্যবসায়ীরা আরও জানান, গ্রামবাসী মিলে আটক পোনা বিজিবির কাছ থেকে কেড়ে নেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলেও গাড়িতে কে বা কারা আগুন দিয়েছে তা বলতে পারি না।
দেবহাটা থানার ওসি শেখ ওবাইদুল্লাহ জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে সংঘর্ষ থেমে গেছে। তিনি গাড়িতে আগুন দেখেছেন। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক জানান, চিংড়ি পোনা ধরা কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রাতে আমি নিজেও সেখানে উপস্থিত হই।
তিনি বলেন, বিজিবির হামলায় সাঈদুর নামের এক দোকানি গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী জানান, বিজিরি নায়েক মিজানের নেতৃত্বে এ পোনা আটকের ঘটনা ঘটে।
অভিযোগ করে তারা বলেন, ভারতীয় পোনা আনার সময় বিজিবির কিছু সদস্য তাদের কাছ থেকে গোপনে টাকা নেয়। আবার ডিপোতে নিয়ে এলে পোনা ধরার নামে আমাদের কাছে টাকা চায়। এমনকি রাস্তায় বহনকালেও বিজিবির কিছু অসাধু সদস্য টাকাপয়সা আদায় করে থাকে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, চোরাচালানের ভারতীয় গলদা রেণু পোনা আটকের পরই সংঘবদ্ধ চোরাচালানিরা গ্রামবাসীর সহায়তায় বিজিবি সদস্যদের ওপর হামলা করে। তারা ইটপাটকেল ছুড়তে থাকে। সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এমন অবস্থায় বিজিবি আত্মরক্ষার্থে ২ রাউন্ড ফাকা গুলি করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। অবশেষে চোরাচালানিরা হামলা করে বিজিবির আটককৃত গলদা রেণু পোনা ছিনিয়ে নেয়। এর পরই বিজিবির ব্যবহৃত গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, পরে বিকল্প ব্যবস্থায় আমরা বিজিবি সদস্যদের উদ্ধার করে আনি। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগুন সব কিছু কেড়ে নিল তানজীরের
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঢাকায় একটি বেসরকারি চাকরি করতেন। ছুটিতে বাড়ি এসে পেঁপে পাড়তে উঠে বৈদ্যুতিক শর্ট সার্কিটে শরীরের একটি অংশ পুড়ে যায়। কেটে ফেলতে হয় একটি হাত। এরপর ঢাকায় আর ফেরা হয়নি। এরপর বাবাকে হারান। সংসারের ভার আসে তানজীরের কাঁধে।
উপায় না পেয়ে যেটুকু সম্বল ছিল সেটুকু দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে একটি দোকান করেন। শনিবার রাতে সেটিও পুড়ে ছাই হয়ে যায়। অসহায় তানজীরের মুখে এখন হতাশার ছাপ।
অসহায় তানজীর ইসলাম কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মৃত আবু সামার ছেলে। ৫ ভাইয়ের মধ্যে তিন ভাই আলাদা থাকেন। ছোট ভাই ও মাকে নিয়ে একসঙ্গে থাকেন তানজীর।
স্থানীয়রা জানান, এই দোকানেই রাতে থাকে তানজীর। রোজা থাকবে বলে বিছানাপত্র বাড়িতে নিয়ে গেছে। শনিবার এশার নামাজ পড়তে মসজিদে যায়। এরপর হঠাৎ আগুন লাগে তার দোকানে। মুহুর্তেই মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। নামাজের সময় হওয়ায় কেউ তেমন সহযোগিতা করতে পারেনি।
অসহায় তানজীর ইসলাম জানান, তিনি দোকানেই রাতে থাকতেন। কিন্তু রোজা রাখবেন বলে বিছানাপত্র নিয়ে বাসায় চলে যান। এশার নামাজ পড়ে মসজিদেই ছিলেন। এরপর খবর আসে দোকানে আগুন ধরেছে। দোকানের কোনো কিছু অবশিষ্ট নাই। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, বাবা মারা যাওয়ার পর এই দোকানের ওপর নির্ভরশীল। তেমন জায়গা জমিও নাই। ছোট ভাই ও মাকে নিয়ে তিনি কীভাবে খরচ চালাব সেটি নিয়ে দুশ্চিন্তায় আছি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দোকানে কাঠ ও বাঁশের ব্যবহার বেশি থাকায় ফায়ার সার্ভিংসের কর্মীরা যাওয়ার আগেই সব কিছু পুড়ে যায়।
বন্ধ পাটকল চালুর দাবি সম্মিলিত নাগরিক পরিষদের
স্টাফ রিপোর্টার
বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত সব পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু এবং ঈদের আগে শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। রোববার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা লিখিত বক্তব্যে বলেন, ২০২০ সালে সরকার ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করে। সরকার লিজ প্রক্রিয়ায় ব্যক্তি মালিকদের বরাদ্দ দিয়ে এসব পাটকল পরিচালনা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দীর্ঘমেয়াদি স্থিতিশীল অর্থনৈতিক বিকাশের কথা বিবেচনা করলে সরকারের এই সিদ্ধান্ত মহাবিপদ ডেকে আনবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পাটকলগুলো বন্ধ করে দেওয়ায় স্থায়ী, বদলি ও দৈনিক মজুরিভিত্তিক ৬০ হাজার শ্রমিক চাকরিচ্যুত হয়েছে। সরকার তিন মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের ঘোষণা দিলেও এখনও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বদলি শ্রমিকদের প্রায় অর্ধেক এবং খালিশপুর ও দৌলতপুর জুট মিলসহ ৫টি মিলের শ্রমিকরা কেউই এখনও বকেয়া টাকা পায়নি। ২০১৩ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরাও তাদের প্রাপ্য টাকা পায়নি।
সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে বন্ধ সব রাষ্ট্রায়ত্ত পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু করতে হবে, ঈদুল ফিতরের আগেই শ্রমিক-কর্মচারীদের বকেয়া সব পাওনা পরিশোধ করতে হবে। পাট ও অর্থ মন্ত্রণালয় এবং বিজেএমসির কর্মকর্তাদের দুর্নীতি-ভ্রান্তনীতি-লুটপাটের বিচার ও মাথাভারী প্রশাসন পোষা বন্ধ করতে হবে। স্কপের প্রস্তাবনা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় বরাদ্দ সাপেক্ষে পাটকলগুলোকে আধুনিকায়ন করতে হবে, শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়ক মিজানুর রহমান বাবু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলন নেতা মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) মোজাম্মেল হক খান, সিপিবি নেতা এইচ এম শাহাদাৎ, খালিশপুর-দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
নদীতে ‘কারেন্ট জালে’ জড়িয়ে প্রাণ গেল ছোট্ট মাহির
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি গ্রামে কাজলা নদীতে মাছ ধরার অবৈধ ‘কারেন্ট জালে’ জড়িয়ে মাহি খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আমঝুপি গ্রামের পশ্চিম পাড়ার মনিরুল ইসলাম মঞ্জুর মেয়ে।
পুলিশ জানায়, সকাল সাড়ে এগারটার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কাজলা নদীতে গোসল করতে যায়। এসময় শিশু মাহি সাঁতার কাটতে গিয়ে নদীতে অবৈধভাবে মাছ ধরার জন্য পেতে রাখা ‘কারেন্ট জালে’ জড়িয়ে পড়ে। মাহির মা সন্তানকে না পেয়ে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে নদীতে নেমে তল্লাশি চালিয়ে কারেন্ট জালে আটকিয়ে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশ হাসপাতাল থেকে নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
খুলনায় বেড়েছে শিশুরোগ ও ডায়রিয়া
স্টাফ রিপোর্টার
খুলনার বিভিন্ন এলাকায় ডায়রিয়া, জ্বর-সর্দি, মাথাব্যথা, শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে শিশুসহ সব বয়সের মানুষ। শিশুদের মধ্যে নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিস, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশিসহ নানা রোগ দেখা দিচ্ছে। ইতোমধ্যে খুলনা শিশু হাসপাতালসহ সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
খুলনা শিশু হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. এস আরফিন টুটুল বলেন, ‘প্রতি বছরই আবহাওয়া বা মৌসুম পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা দেয়। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারলে কোনও সমস্যা হয় না। এ সময় আক্রান্ত শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি পুষ্টিকর খাদ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখতে হবে। সঠিক ওষুধ প্রয়োগসহ চিকিৎসকের পরামর্শ অনুসারে চলতে হবে।’
মহানগরীর বাস্তহারার বাসিন্দা নুরজাহান জানান, সন্তানকে শিশু হাসপাতালের বহির্বিভাগে নিয়ে এসেছেন। অতিরিক্ত গরমে শিশুটির কয়েকদিন ধরে জ্বর।
শিববাড়ী, সোনাডাঙ্গা, নিরালা, বৈকালি, বয়রা, নতুনরাস্তা, খালিশপুর, দৌলতপুর, রেলগেট, মানিকতলা, ফুলবাড়ী শিরোমনি, আটরা, ফুলতলা এলাকার চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার ও ফার্মেসিগুলোতে শিশুরোগ প্রতিষেধক অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, মন্টিলুকাস্ট, কিটোটোফেনসহ লিভোসালভিউটামল ওষুধের চাহিদা বৃদ্ধিসহ নেবুলাইজেশন করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকসহ ব্যবসায়ীরা।
ওষুধ ফার্মেসি রিমি মেডিক্যালের মালিক হাফিজুর রহমান জানান, নগরীর বিভিন্ন এলাকায় জ্বর, সর্দি-কাশিতে ভুগছে অধিকাংশ শিশুসহ সব বয়সের মানুষ। হঠাৎ গরমের তীব্রতার কারণে এসব রোগের উপসর্গ দেখা দিয়েছে।
জ্বরে আক্রান্ত হয়ে পিরোজপুর ইকড়ি গ্রামের তানভীর গত ১২ দিন ধরে শিশু হাসপাতালের তৃতীয় তলায় অবস্থান করছে। সঙ্গে রয়েছেন তার মা তানিয়া বেগম। তিনি বলেন, ‘এখানে আসার কয়েকদিন আগ থেকে তানভীরের জ্বর হয়। ওষুধ খেয়েও জ্বর ভালো হয়নি। এখানে এসে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারলাম নিউমোনিয়ায় আক্রান্ত। প্রথম দিকে রোগীর চাপে এখানে থাকার কোনও ব্যবস্থা ছিল না। বর্তমানে চাপ কম রয়েছে।’
শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. প্রদীপ দেব নাথ বলেন, ‘২৭২ শয্যা নিয়ে চলছে খুলনা শিশু হাসপাতালের সেবা কার্যক্রম। গত কয়েকদিন ধরে এ হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত পাঁচশর বেশি রোগীর সেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন ১৪-১৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন এখানে। যদিও অন্যান্য বিভাগের তুলনায় আক্রান্তের সংখ্যা কম তবে মে থেকে আগস্ট পর্যন্ত এ রোগের প্রকোপ সবচেয়ে বেশি থাকে।’
এদিকে খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতালে রোগীদের সামলাতে অনেকটা হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। রোগীদের চাপে অনেকে এ হাসপাতালের বারন্দায় চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রোগী রায়েরমহল এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলাম বলেন, ‘২৬ মার্চ দুপুরে রাস্তার পাশের একটি দোকান থেকে শরবত কিনে খাওয়ার পর থেকেই পেটব্যথা এবং পাতলা পায়খানা শুরু হয়। পাতলা পায়খানা কোনোভাবে না কমায় রাতে হাসপাতালে আসি। আমাকে ভর্তি করে নেওয়া হয়। চারটি স্যালাইন দেওয়ার পর এখন একটু সুস্থ হয়েছি। তবে শরীর এখনও খুব দুর্বল।’
খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতালের ইনচার্জ ডা. মো. হাবিবুর রহমান বলেন, ‘হঠাৎ গরমে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। প্রায় তিনশ রোগী ভর্তি হয়েছেন হাসপাতালটিতে। এ ছাড়া অনেকে বাড়িতে একই ধরনের চিকিৎসা নিচ্ছেন আমাদের পরামর্শে।’
সাতক্ষীরা টার্মিনালে সংঘর্ষে ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
শ্রমিক ইউনিয়নের ভোট না হওয়ার জেরে সাতক্ষীরা বাস টার্মিনালে দুই গ্রুপের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এ সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন। এ ছাড়া ভাঙচুর হয়েছে দৈনিক কালের চিত্র পত্রিকা অফিস। এ ঘটনায় ছয়টি রুটে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল বাস চলাচল। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী শ্রমিক জানান, গত শনিবার শ্রমিক ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। তবে শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম ভোটার তালিকাসহ আগের কমিটির স্বজনপ্রীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে পিটিশন দাখিল করেন। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। এ নিয়ে বাস টার্মিনালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার রাতে শ্রমিকদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। রবিবার দুপুর ১২টার দিকে বাস টার্মিনালের ভেতরে রবি গ্রুপের শ্রমিক রতন ও মাসুম হোসেনকে পিটিয়ে আহত করে জাহিদ গ্রুপের আক্তার হোসেন, টিপু, শাহাজাহান হোসেন ও মিলন হোসেন। পরে রবি গ্রুপের শ্রমিকরা পাল্টা হামলা চালায় জাহিদ গ্রুপের লোকজনের ওপর। এতে টিপু ও আক্তার হোসেন আহত হন। এর জের ধরে জাহিদ গ্রুপের লোকজন ইট-পাটকেল ছোড়ে বাস, মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদের সম্পাদনায় প্রকাশিত দৈনিক কালের চিত্র অফিসে। এতে পত্রিকার সাইনবোর্ড ও অফিস কক্ষের বাইরের থাইগ্লাস ভেঙে যায়।
এ বিষয়ে বাস শ্রমিক ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। পরে গণ্ডগোলের খবর শুনে টার্মিনালে আসি। এসে শুনি, রবির লোকজনের হাতে শ্রমিক টিপু ও আক্তার আহত হয়েছেন।’
শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম বলেন, ‘নির্বাচনের স্থগিতাদেশ হওয়া আমাদের জন্য কাল হয়েছে। আমাদের যেখানে-সেখানে মারছে, অথচ প্রশাসন কিছু করছে না।’
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির জানান, টার্মিনালের পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বাস চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় কেউ এখনও থানায় অভিযোগ করেননি।
অদম্য লিতুন জিরা পাচ্ছে প্রধানমন্ত্রীর সহায়তা
যশোর অফিস
যশোরের অদম্য মেধাবী শিক্ষার্থী তামান্না নূরার পরে এবার আরেক অদম্য শিক্ষার্থী লিতুন জিরার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাঁচ লাখ আর্থিক সহায়তার চেক পেতে যাচ্ছে লিতুন। লিতুন জেলার মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের জাহানারা বেগম ও হাবিবুর রহমান দম্পতির মেয়ে।
প্রতিবন্ধকতাকে জয় করে লিতুনের এগিয়ে যাওয়ার বিষয়ে হাবিবুর রহমান বলেন, ‘জন্ম থেকেই লিতুন জিরার দুটি পা নেই। দুই হাতও নেই কনুইয়ের নিচ থেকে। তবু লেখাপড়ার অদম্য চেষ্টা মেয়েটির। লেখার জন্য ডান হাতের বাহুর অগ্রভাগ দিয়ে চোয়ালে কলম চেপে ধরে। এভাবে লিখেই ২০১৯ সালে স্থানীয় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ এবং বৃত্তি পায়। বর্তমানে সে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ছে। সেখানকার ফার্স্ট গার্ল লিতুন।’
লিতুন জিরার আর্থিক সহায়তা পাওয়ার প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১০ মার্চ একটি চিঠিতে জানানো হয়, লিতুন জিরার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য মঞ্জুর হয়েছে। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপির স্বাক্ষরিত ওই চিঠিতে ওই কার্যালয় থেকে চেক সংগ্রহের অনুরোধ করা হয়েছে।
হাবিবুর রহমান বলেন, ‘মেয়ের পড়াশোনা ও চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী পাঁচ লাখ টাকা অর্থ সহায়তা দিচ্ছেন। আগামী ৩ এপ্রিল নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে লিতুন জিরাকে আর্থিক সহায়তার চেক তুলে দেবেন। এর আগে ৩ মার্চ শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে চিঠি লেখেন লিতুন। সেই চিঠি পেয়েই প্রধানমন্ত্রী তার খোঁজ নেন। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের অনুমতি এবং পাঁচ লাখ টাকা অর্থ সহায়তা পাওয়ার বিষয়ে একটি চিঠি বাড়িতে এসেছে।’
তিনি আরও বলেন, ‘চলতি মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাক্ষাৎ চেয়ে লিতুন আবেদন করে। সেই আবেদনে আমার মেয়ে তার পড়াশুনা, ডাক্তার হওয়ার অভিপ্রায় উল্লেখ করে তার সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমতি প্রার্থনা করে। তার সেই আহ্বানে সাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আগামী ৩ এপ্রিল ঢাকায় যেতে বলেছেন। তার পিএস আমাকে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। সেদিন তিনি (প্রধানমন্ত্রী) আমার মেয়ের হাতে চেক তুলে দেবেন বলে জেনেছি।’
পরিবারে দুই ভাই-বোনের মধ্যে ছোট লিতুন। তার বাবা হাবিবুর রহমান শহীদ মুক্তিযোদ্ধা এআর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি উপজেলা তাঁতী লীগেরও সাধারণ সম্পাদক।
তিনি জানান, লিতুন শুধু পড়াশোনাতে নয়, সাংস্কৃতিক পরিমণ্ডলেও বেশ ভালো। সে টানা দ্বিতীয়বারের মতো রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম পুরস্কার লাভ করেছে। এ ছাড়াও আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং খুলনা বেতারেও নিয়মিত গান ও কবিতা আবৃত্তি করে যাচ্ছে সে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা দিচ্ছেন জানতে পেরে খুশি লিতুন জিরাও। খবরটি প্রথমে তার বাবাই তাকে দেন। লিতুন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি দেখা করতে পারবে সেটা ভাবতেই তার খুব খুশি লাগছে।
হাবিবুর রহমান বলেন, ‘লিতুনের জন্য অনেক টাকা প্রয়োজন। সে নিজে চলাফেরা করতে পারে না। তাই তার একটি গাড়ির দরকার সব সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অর্থ সহায়তার টাকায় তার চলাফেরার জন্য একটি গাড়ি ও পড়াশোনার জন্য কিছু টাকা সঞ্চয় করার ইচ্ছে রয়েছে।’
লিতুন জিরাকে প্রধানমন্ত্রীর পাঁচ লাখ টাকা অনুদানের বিষয়ে জানতে চাইলে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। প্রধানমন্ত্রীর দফতর থেকে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করা হলে আমরা সেটি জানতে পারি না।’
যোগাযোগ করা হলে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
৩০ বছর ধরে শুধু রমজানেই বিক্রি হয় ‘নানা হালিম’
স্টাফ রিপোর্টার
খুলনায় ইফতারে বাড়তি অনুষঙ্গ নানা হালিম। নগরীর সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের সামনে দুপর থেকে হালিম সংগ্রহে ভিড় লেগেই থাকে। দূর-দূরান্ত থেকে হালিম কিনতে মানুষ ছুটে আসেন এখানে।
সরেজমিনে দেখা যায়, কেউ কেউ বাড়ি থেকে পাত্র নিয়ে এসেছেন। এছাড়া নানার দোকানেও মাটির পাত্র আছে। ক্রেতারা হালিম চাইছেন আর দোকানের সাতজন কর্মচারী মাটির পাত্র ভরে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন।
নানার সহকারীদের একজন মো. ফরিদ বলেন, এখানে ছয় বছর ধরে কাজ করছি। আমরা মূলত সহায়তা করি। নানা নিজেই রান্না করেন। সকাল সাতটা থেকে প্রক্রিয়া শুরু হয়। দুপুরের একটু আগে রান্না ওঠে চুলায়। নানা হালিম তৈরিতে সোনামুগ ডাল, পোলাও চাল, গম, দেশি ঘি, খাসি ও নিজস্ব মসলা ব্যবহার করা হয়। দুপুর দেড়টার মধ্যে রান্না শেষ হয়। বেলা দুইটা থেকে হালিম বিক্রি শুরু হয়।
নানা হালিমের সত্ত্বাধিকারী হজরত আলী। তার বয়স এখন ৭৮ বছর। ১৯৯৩ সাল থেকে তিনি হালিম বিক্রি শুরু করেন। গত ৩০ বছর ধরে শুধু রমজানেই হালিম বিক্রি করেন তিনি। মিষ্টভাষী মানুষটিকে সবাই নানা বলে ডাকেন। একারণে তার হালিমের নামও হয়েছে ‘নানা হালিম’।
হালিমের মান ঠিক রাখতে এখনো তিনি নিজের হাতেই রান্না করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার হালিমের দামও বেড়েছে। এবছর সেখানে ১৫০, ৩০০, ৫০০, ৮০০ ও ১ হাজার ৮০০ টাকা মূল্যের হালিম পাওয়া যাচ্ছে।
নগরের টুটপাড়া এলাকা থেকে হালিম কিনতে আসা কলেজ ছাত্রী রাফিয়া আলম আমিমা বলেন, নানা হালিম খুলনার ইফতারের একটা ঐতিহ্য। দেরি করে আসলে ভিড় বেশি হয়। আবার পাওয়া যায় না। তাই একটু তাড়াতাড়ি এসেছি। তারপরও মোটামুটি বেশ বড় লাইন।
নানার সহযোগী হজরত আলী বলেন, রোজার সময় প্রতিদিন ১৩০-১৫০ কেজি হালিম তৈরি করি। মাগরিবের আগেই শেষ হয়ে যায়। গত বছর করোনায় বিক্রি ভালো ছিল না। আবার এবার দাম বাড়ায় প্রথম দিন একটু কম করেছি। তবে বিক্রি শুরুর প্রথম এক ঘণ্টাতেই অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে।
নানা হালিমের সঙ্গে রয়েছে মাগুরা চিকেন। ইফতারির নানা সামগ্রীও রয়েছে তার দোকানে। পেঁয়াজু, আলুর চপ, বেগুনিসহ, শাহী জিলাপি, বুন্দিয়াসহ নানা সামগ্রী নির্ধারিত দামে বিক্রি হচ্ছে।
কর্মস্থলে যোগ দিলেন সেই শাহিদা
যশোর অফিস
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে স্নাতকোত্তর পাস করা সেই শাহিদা খাতুনের নতুন জীবন শুরু হলো। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার সহযোগিতায় আকিজ গ্রুপে পাওয়া চাকরিতে যোগদান করেছেন তিনি।
রোববার (৩ এপ্রিল) যশোরের অভয়নগরে আকিজ জুট মিলে অ্যাডমিন বিভাগের এক্সিকিউটিভ কর্মকর্তা পদে যোগদান করেন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা অদম্য এই তরুণী।
শারীরিক প্রতিবন্ধী শাহিদা খাতুনের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামে। মুদি দোকানি রফিউদ্দিনের ছয় সন্তানের মধ্যে শাহিদা চতুর্থ। জন্ম থেকেই দুটি পা আর একটি হাত না থাকলেও সচল বাকি হাত দিয়েই বাঁচার স্বপ্ন দেখেন শাহিদা খাতুন। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অনন্য নজির স্থাপন করেন এলাকায়। শাহিদা প্রবল ইচ্ছাশক্তির ওপর ভর করে ২০১৫ সালে যশোর সরকারি এম এম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স পাস করেন।
লেখাপড়ার পাশাপাশি শাহিদা হ্যান্ডিক্রাফট, সেলাইসহ বিভিন্ন হাতের কাজও করতে পারেন।
নিজে প্রতিবন্ধী হয়েও অন্য প্রতিবন্ধীদের জন্য এগিয়ে আসেন তিনি। বাড়ির পাশে গড়ে তোলেন সৃষ্টিশীল নারী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। এখান থেকে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা আর নারীদের প্রশিক্ষণের মাধ্যমে করেছেন আত্মকর্মসংস্থানের ব্যবস্থা।
তারপরও ইচ্ছাশক্তির বলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও চাকরি না পাওয়ায় হতাশ ছিলেন শাহিদা। তাকে নিয়ে জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন পুনাক সভানেত্রী জীশান মীর্জার নজরে এলে তার উদ্যোগে জেলা পুলিশ শাহিদার বিষয়ে খোঁজ-খবর শুরু করে।
পরে জেলা পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে গত ২২ মার্চ দুদিনের সফরে যশোর যান পুনাক সভানেত্রী। এ সফরে গত ২৩ মার্চ ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে শাহিদার বাড়িতে গিয়ে তার হাতে আকিজ জুট মিলের এক্সিকিউটিভ অফিসার পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।
এই নিয়োগপত্র নিয়ে রোববার সকালে যশোরের অভয়নগরের আকিজ জুট মিলে অ্যাডমিন বিভাগের এক্সিকিউটিভ কর্মকর্তা পদে যোগ দেন শাহিদা। এসময় তার বড় ভাই কলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
চাকরিতে যোগদানের পর শাহিদা আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, চাকরি পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই চাকরির সুবাদে আমি বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে পারবো। প্রতিবন্ধীতাকে হার মানিয়ে জীবনকে সামনে এগিয়ে নিতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন।
এ বিষয়ে আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম বলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের নির্দেশে বাংলাদেশ সরকারের প্রতিবন্ধী নিয়োগ কোটায় শাহিদা খাতুন এক্সিকিউটিভ কর্মকর্তা পদে যোগদান করেছেন। কর্মক্ষেত্রে সব কাজে তিনি আমাদের সহযোগিতা পাবেন।
দেবহাটা ইউএনওর ভ্রাম্যমান আদালতে মেয়াদ উর্ত্তীর্ন ঔষধ রাখায় জরিমানা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার গাজীরহাটে গ্রাম্য চিকিৎসক মনিরুল ইসলামের ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক অভিযান পরিচালনা করেন। উক্ত দোকানে মেয়াদ উর্ত্তীর্ন ঔষধ রাখায় জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, উক্ত গ্রাম্য চিকিৎসক মনিরুল ইসলাম দীর্ঘদিন গ্রাম্য চিকিৎসক হওয়ায় তার গাজীরহাটস্থ নিজস্ব ঔষধের দোকানের মাধ্যমে ঔষধ বিক্রয় করেন। তিনি মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রয় করছেন এমন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দিকী তার দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় তার দোকান থেকে বিভিন্ন প্রকারের মেয়াদ উত্তীর্ন ঔষধ পাওয়া যায়। এমনকি ২০১০ সালে মেয়াদ শেষ হওয়া ঔষধও পাওয়া যায়। এ অভিযোগে ইউএনও মনিরুল ইসলাম, পিতা- মুজিবর রহমান, গ্রাম- চাঁদপুর, দেবহাটা, সাতক্ষীরাকে নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় স্থানীয়রা ২০১০ সালের ঔষধ পাওয়া যাওয়ায় অবাক হন।
গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস হলে সাংবাদিক সমাজ গভীর সংকটে পড়বে ঃ বিএফইউজে
খবর বিজ্ঞপ্তি
বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মনে করে সংসদে উপস্থাপিত গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন ২০২২ পাস হলে বাংলাদেশে কর্মরত সাংবাদিক সমাজ গভীর সংকট ও অনিশ্চয়তায় পড়বে। গত শুক্রবার (১ এপ্রিল) অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ সভায় নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের আইনটি সাংবাদিক সমাজকে না জানিয়ে এমন একটি আইন সংসদে উত্থাপন করা হয়েছে যেটি অগ্রহণযোগ্য। এই আইনে সাংবাদিকদের বিদ্যমান অধিকাংশ সুযোগ-সুবিধা কর্তন করে অর্ধেকের নীচে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। ২০১৮ সালের আইনটির চেয়ে সংসদে যে আইনটি সংসদে উত্থাপন করা হয়েছে সেটি সাংবাদিকদের অধিকার, মর্যাদা এবং নানা বিষয়ে আপত্তি আছে। নেতৃবৃন্দ বলেন, ১৯৬১ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বহাল সুযোগ-সুবিধা দেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে দ্বিগুণ হওয়ার কথা। কিন্তু একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিক সমাজে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে একটি অগ্রহণযোগ্য আইন নেতৃবৃন্দের বাধা বিপত্তি সত্বেও সংসদে উপস্থাপিত হয়েছে। কাজেই সাংবাদিক সমাজের সাথে, সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলোর সাথে, শ্রমিক, কর্মচারীদের সাথে আলোচনার মাধ্যমে সংশোধন করে আইনটি সংসদে পাস করার ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সংসদীয় কমিটির কাছে আহ্বান জানানো হয়েছে।
বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব দীপ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সভায় নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন মঞ্জুরুল আহসান বুলবুল, মধুসূদন মণ্ডল, খায়রুজ্জামান কামাল, সেবীকা রানী, আঙ্গুর নাহার মন্টি, আব্দুস সালাম, আমির হোসাইন স্মিথ, আতাউল করিম খোকন, মীর গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, ম. শামসুল ইসলাম, আবু তাহের, জাহেদ সরওয়ার সোহেল, রফিকুল ইসলাম, তানজিমুল হক, জে. এম. রউফ, আফরোজা আক্তার ডিউ, এইচ আর তুহিন, মো: ওয়াহেদুল আলম আর্টিস্ট, রাশেদ রিপন, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা প্রমুখ।
বিএনপি নেতা বকুলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি।।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং অন্ধ হাফেজদের সম্মানে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
অসুস্থ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ শারিরীক সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এবং অন্ধ হাফেজদের সম্মানে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে পহেলা রমজানে খালিশপুর অন্ধ হাফিজিয়া মাদ্রাসার সকল আবাসিক হাফেজদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইফতারের পূর্বে এক বিশেষ মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনায় দোয়া করা হয়। খালিশপুর অন্ধ হাফিজিয়া মাদ্রাসার সকল আবাসিক হাফেজদের সাথে নিয়ে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে এসময় খুলনা মহানগর বিএনপি, খালিশপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইফতার করেন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, প্রবীণ নেতাঃ স ম আব্দুর রহমান, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ বিপ্লবুর রহমান কুদ্দুস, এ্যাড. মোঃ আলী বাবু, ফারুক হিল্টন, জাহিদুল হোসেন, কাজী আঃ লতিফ, খুলনা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, ডাঃ মোবাশ্বের হোসেন শ্যামল, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চু, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, খালিশপুর থানা ছাত্রদলের সাবেক আহবায়ক সত্যানন্দ দত্ত, আলমগীর তালুকদার, সানাউল্লাহ সানী, নাজমুল হোসেন বাবু, আল মামুন সরদার, এম আর জয়, সাইদুল ইসলাম তুহিন প্রমুখ।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গত ২রা এপ্রিল শনিবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. জাহিদুল ইসলাম সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ফজলে রাব্বী শান্ত। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, সহ-সভাপতি দেবব্রত রায়, বাহাউদ্দিন বাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল মোল্লা, কোষাধ্যক্ষ সাগর সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. সোহেল রানা, নির্বাহী সদস্য মাঞ্জারুল ইসলাম। উক্ত সভায় সকলের সম্মতিক্রমে দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ইউএনবি’র মো. সেলিম গাজী, দৈনিক দেশ সংযোগের মো. জাহিদ, দৈনিক তথ্য’র শেখ জাকারিয়া আলম (জিকু আলম), দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের শাহানা পারভীন শিল্পী, দৈনিক কালান্তরের মো. ওবাইদুল হক তালুকদার, দৈনিক সময়ের খবর’র মো. হাবিবুর রহমান, দৈনিক খুলনা টাইমস’র ইমাম হোসেন সুজন ও দৈনিক রাজপথের দাবি’র মো. আমিরুল ইসলামকে সদস্য পদ দেওয়া হয়।
সাতক্ষীরা বেতনা নদীর খনন মাটি অবাধে বিক্রি, পানি উন্নয়ন বোর্ড নির্বিকার
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনারপোতা ব্রিজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ২ নং পোল্ডারের বেতনা নদী খননকৃত মাটি বিভিন্ন ইট ভাটায় অবাধে বিক্রির অভিযোগ উঠেছে। পাউবো সুত্রে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পওর বিভাগ – ২ এর পক্ষ থেকে চলতি বছরের ফ্রেব্রুয়ারী মাসের প্রথম দিকে বেতনা নদী খননের কাজ শুরু হয়। এ কাজের দায়িত্বভার গ্রহণ করেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ – ২ এর উপ সহকারী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান। সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের বেতনা নদী খননে ভ্যেকু দিয়ে মাটি কেটে বাঁধের উপর রাখা হচ্ছে। সেখান থেকে উত্তলনকৃত মাটি একটি প্রভাবশালী মহল দেশের বিভিন্ন উপজেলা থেকে ভাড়ায় চালিত নিষিদ্ধ ডাম্পার ভাড়া করে ভ্যেকুর মাধ্যমে মাটি তুলে নিয়ে স্থানীয় বিভিন্ন ইট ভাটায় অবৈধভাবে বিক্রি করছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের প্রভাবশালী শফিকুল ইসলাম এবং একই উপজেলার মিল বাজার এলাকার আলতাফ হোসেন বাবুর নেতৃত্বে ডাম্পার প্রতি ৮০০ শত টাকা দরে মনিরের ভাটা সহ স্থানীয় বিভিন্ন ইট ভাটায় অবাধে বিক্রি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, অবৈধ পন্থায় এসব খনন মাটি টেন্ডার ছাড়াই অবৈধ পন্থায় বিক্রিতে শফিকুল ও আলতাব হোসেন বাবুকে সহযোগীতা করছেন ৫ জন কথিত নামধারি সাংবাদিক, এদের মধ্যে কথিত নামধারি বাবু সাংবাদিক অন্যতম। এ বিষয়ে অবৈধ পন্থায় বেতনা নদীর খননকৃত মাটি বিক্রেতা শফিকুল ইসলামের সাথে মুঠো ফোনে আলাপ কালে মাটি বিক্রির ব্যাপারে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমি ১৫০ গাড়ি মাটি বিক্রি করেছি, তা ছাড়া বাবুও মাটি বিক্রি করছে। শুধু আমরা বিক্রি করছি না, স্থানীয় অনেক প্রভাবশালী মহলও মাটি বিক্রি করছে। এ বিষয়ে বেতনা নদী খনন কাজের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পওর বিভাগ – ২ এর এস ও জিয়াউর রহমানের সাথে মুঠো ফোনে আলাপ কালে অবৈধ পন্থায় বেতনা নদী খনন মাটি প্রভাবশালী মহল টেন্ডার ছাড়াই অবৈধ পন্থায় বিক্রির ব্যাপার জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেতনা নদীর খনন মাটি স্থানীয় বাবু সহ অন্যান্যরা ডাম্পারে মাটি তুলে বিভিন্ন স্থানে বিক্রি করছে জানতে পেরে আমি ঘটনা স্থলে পৌছে আনুমানিক ১৫/ ২০ টি ডাম্পার মাটি ভর্তি দেখে তাদের ধৃত করি। কিন্ত প্রভাবশালী বাবু সহ অন্যান্য কতিপয় ব্যক্তিরা আমাকে লাঞ্চিত করে ডাম্পার নিয়ে চলে যায়।বিষয়টি আমি আমার স্যারকে অবহিত করেছি পাশাপাশি সাতক্ষীরা সদর থানায় উক্ত ব্যক্তিদের নামে আমি বাদী হয়ে মামলা দায়ের করবো বলে এ কর্তা জানান।
বাগেরহাটে বিনামূল্যে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা ও চশমা বিতরন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চশমা বিতরন করা হয়েছে। রবিবার (৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চশমা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্রীদের মাঝে চশমা বিতারন করেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।
এর আগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘দৃষ্টিদান’ চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে সরকারি বালিকা বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীর চক্ষু পরিক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র প্রদান করেন।
‘সাইট সেভার্স’ ও বাগেরহাট সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অভিভাবক ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু পরিক্ষা ও চশমা বিতারন অনুষ্ঠানে ‘দৃষ্টিদান’ চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হকের সভাপতিত্বে চশমা প্রদান অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ, অভিভাবক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, ‘দৃষ্টিদান’ এর প্রকল্প কর্মকর্তা কাজী সাইদুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল, অভিভাবক ফোরামের সহ-সভাপতি আসমাতুল ফাতিমা ময়না ও নবীর উদ্দীন হাওলাদার, সাধারণ সম্পাদক কল্লোল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক সোমা দাসসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
শিক্ষক বাতায়নে দেশসেরা কনটেন্ট নির্মাতা বাগেরহাটের হোসনেয়ারা খাতুন
স্টাফ রিপোটার,বাগেরহাট
শিক্ষক বাতায়নের দেশসেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন। সম্প্রতি শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল ‘শিক্ষক বাতায়ন’ তার ছবিসহ এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে ২০১৯ সালের ২০ জুলাই হোসনেয়ারা খাতুনকে জেলা মাধ্যমিক শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেয় শিক্ষক বাতায়ন। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ শ্রেষ্ঠ শিক্ষকও মনোনীত হয়েছিলেন তিনি।
শিক্ষক বাতায়ন সূত্রে জানা যায়, সারাদেশে শিক্ষক-শিক্ষিকার মধ্যে ৫ লাখ ২০ হাজার ১৯১টি কনটেন্ট শিক্ষক বাতায়নে আপলোড করা হয়েছিল। এর মধ্যে মডেল কনটেন্ট নির্বাচিত হয় ৯৫৩টি। এতে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদানের স্বীকৃতি স্বরূপ হোসনেয়ারা খাতুন দেশ সেরা কনটেন্ট নির্মাতা মনোনীত হয়েছেন।
হোসনেয়ারা খাতুন বলেন, শিক্ষাক্ষেত্রে আইসিটি’র ব্যবহার সরকারের একটা বড় চ্যালেঞ্জ। শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন ও মুক্তপাঠ এর মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করার প্রচেষ্টা চলছে। আমি এই মাধ্যমটি কাজে লাগিয়ে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমার এ ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমার ছবি শিক্ষক বাতায়নের আর্কাইভে ভাসছে যা আমার চাকুরী জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এছাড়া জেলা অ্যাম্বাসেডর হয়ে আইসিটিতে নিজ জেলাকে এগিয়ে নিতে দিন রাত কাজ করে যাচ্ছি। সেরা কন্টেন্ট নির্মাতার এই স্বীকৃতি আমার কাজের আনন্দকে অনেক গুন বাড়িয়ে দিয়েছে।
বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, হোসনেয়ারা খাতুন একজন পরিশ্রমী শিক্ষক। তিনি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পাঠদান ও সহ শিক্ষা কার্যক্রমে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। শিক্ষক বাতায়নে ডিজিটাল কনটেন্টে নির্মান করে তিনি যে দেশসেরা হয়েছেন এজন্য বাগেরহাট মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে তাকে শুভকামনা জানাই। এছাড়া অন্যন্যে শিক্ষদেরও ডিজিটাল কনটেন্ট নির্মানে আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।
হোসনেয়ারা খাতুন ২০০৫ সালে সহকারী শিক্ষক হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করেন। বিদ্যালয়ে উদ্দীপনা সম্মাননা স্মারক, বিটিটি কোর্স ফলোআপে মাস্টার ট্রেইনার, ওঈঞ৪ঊ অসনধংংধফড়ৎ সম্মাননাসহ বিভিন্ন সময়ে একাধিক পুরুষ্কার ও সন্মাননাও পেয়েছেন তিনি। এছাড়া তিনি যশোর বোর্ডের প্রশ্ন ব্যাংকের মাস্টার ট্রেইনার ও যশোর বোর্ডের প্রধান পরীক্ষক (আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। রবিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত জরুরী সভায় তিনি এ নির্দেশ দেন। সম্প্রতি নগরীতে মশার উপদ্রব বৃদ্ধি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সিটি মেয়র এ সভা আহবান করেন।
সিটি মেয়র মশার উপদ্রব বন্ধে পরিচালিত ক্রাশ প্রোগ্রাম আরো জোরদার করার নির্দেশ দিয়ে বলেন, পবিত্র রমজান মাসে নগরবাসীকে স্বস্তি দিতে যা যা প্রয়োজন সবকিছু করতে হবে এবং এ কাজ বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীকে সেবার মানসিকতা নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন।
এছাড়া সভায় ড্রেনের আবর্জনা ও সংলগ্ন খালের কচুরী পানা অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে ড্রেনে ময়লা আবর্জনা না ফেলতে সভায় নগরবাসীর প্রতি আহবান জানানো হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব মো: আজমুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নূরুন্নাহার এ্যানী, মো: আব্দুর রকিব, মোল্লা মারুফ রশীদ, মো: জিয়াউর রহমানসহ কঞ্জারভেন্সী সুপারভাইজার ও স্প্রেম্যানবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
শেখ সোহেলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেলের উদ্যোগে রমজান মাসে জুড়ে নগরীর বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করার কর্মসুচী গ্রহন করা হয়েছে। যার অংশ হিসেবে রবিবার নগরীর ময়লাপোতা মোড়স্থ বায়তুন আমান জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার সামগ্রী বতিরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনিসুর রহমান, নগর যুবলীগ নেতা শওকত হোসেন, মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, ২০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শওকত হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ প্রিন্স, সাবেক ছাত্রনেতা রিপন কবীর, অভিজিৎ পাল, ছাত্রলীগ নেতা মোঃ মাহমুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেস, তরিকুল ইসলাম তুফান, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোম্মান আহম্মেদ, যুবলীগ কর্মী সাগর মজুমদার প্রমুখ। ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়অ নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান বায়তুন আমান জামে মসজিদের ইমাম। এ সময় ৫শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
কেশবপুরে কালোমুখো হনুমানের খাদ্যের ব্যবস্থা করতে বেগুন চাষ
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের খাদ্যের ব্যবস্থা করতে বেগুন চাষ করা হচ্ছে।বার্ষিক উন্নয়ন কর্মসূচির(এডিপি)আওতায় উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ শতক জমিতে এ বেগুনের আবাদ চাষ করা হয়।প্রথমবারের মতো আবাদ করা বেগুন ক্ষেতের বেগুন তুলে গত মঙ্গলবার পরিষদ এলাকায় বিচরণ হনুমানদের খাওয়ানো হয়।দীর্ঘদিন কলা রম্নটির পাশাপাশি টাটকা বেগুন পেয়ে হনুমান দল আনন্দে লাফালাফি করতে থাকে।উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে,কয়েক শ বছর ধরে কেশবপুর সদর ও পাশের এলাকার ১ থেকে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ৪০০ বিরল প্রজাতির কালোমুখো হনুমান বাস করছে।বর্তমানে উপজেলা পরিষদ চত্ত্বর,হাসপাতা,পাইলট স্কুল এলাকা,ভোগতি নরেন্দপুর,মধ্যকুল,ব্রম্যকাটি,রামচন্দ্রপুরসহ ১২টি এলাকায় তাদের বিচরণ রয়েছে। বন বিভাগ থেকে বর্তমানে প্রতিদিন হনুমানের জন্য ৫৪ কেজি কলা,৮কেজি বাদাম,ও কেজি পাউরম্নটি দেওয়া হয়।তবে এত সংখ্যক হনুমানের বিপরীতে ওই খাবার সবার মাঝে পৌঁছায় না।এজন্য চলতি মৌসুমে উপজেলা প্রশাসনের পক্ষথেকে এডিপির অর্থায়নে হনুমান রক্ষায় বেগুনের আবাদ করার উদ্যোগ নেওয়া হয়। উপজেলা চত্ত্বরের ভেতর ৩ শতক জমিতে হনুমানের খাবারের জন্য রোপন করা হয় বেগুনের চারা। গত মঙ্গলবার প্রথমবার ওই ক্ষেত থেকে ৬ কেজি টাটকা বেগুন তোলা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন নিজ হাতে পরিষদ এলাকায় বিচরণ করা হনুমানদের খেতে দেন।৩০থেকে ৪০ টি হনুমানকে টাটকা বেগুন খাওয়ার সময় আনন্দে লাফালাফি করতে দেখা য়ায়।বেগুন খেতে দেওয়ার সময় উপজেলা কৃষি অফিসার ঝতুরাজ সরকার উপস্থিত ছিলেন।উপজেলা বন বিভাগের কর্মকর্তা গোলাম মোস্ত্মফা জানান,কেশবপুরে প্রায় ৪০০ হনুমান বিচরণ রয়েছে।প্রতিদিন সরকারিভাবে হনুমানের জন্য ৫৪ কেজি কলা,৮কেজি বাদাম,ও কেজি পাউরম্নটি দেওয়া হয়।তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন বলেন,চলতি বছর উপজেলা পরিষদ চত্ত্বরে যত্নসহকারে ৩ শতক জমিতে এ বেগুনের আবাদ চাষ করা হয়। গত মঙ্গলবার প্রথমবার ওই ক্ষেত থেকে ৬ কেজি টাটকা বেগুন তুলে হনুমানকে খেতে দেওয়া হয়েছে।২/৩দিন পর পর ক্ষেত থেকে বেগুন তোলা যাবে।এ ক্ষেতের উৎপাদিত সব বেগুন হনুমানগুলোকে খাওয়ানো হবে।
ডুমুরিয়ায় সরকারি কাজে বাঁধা, ইউপি চেয়ারম্যান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার-১
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু সহ ৮ জনকে এজাহার নামীয় আসামি করে থানায় একটি মামলা রুজু হয়েছে। সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগে এনে পানি উন্নয়ন বোর্ড খুলনার উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসনাতুজ্জামান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ঘটনার দিন গত শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শ্রমিক ও সীমানা পিলার নিয়ে পাউবোর অধিগ্রহণ কৃত ডুমুরিয়া বাজার¯’ দুধ বাজার এলাকায় সীমানা পিলার নির্মাণ কাজ শুরু করে। এমতাব¯’ায় পূর্ব পরিকল্পিত ভাবে এজাহার নামীয় আসামি সহ অজ্ঞাত ২৫/৩০ জন লোহার রড, হাতুড়ি, বাঁশের লাঠিসোটা নিয়ে নির্মাণ কাজে বাঁধা দেয়। এরপর বাক বিতন্ডার এক পর্যায়ে শ্রমিক রবিউল ইসলাম ও সাইফুল ইসলাম কে বেধড়ক মারপিট করে আহত করে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং মোজাম খান নামের এক আসামিকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।
দাকোপে চিকিৎসা ক্ষেত্রে বাজুয়াবাসীর ভরসার একটি নাম ডা. মুরারি মোহন মণ্ডল
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপে চিকিৎসা ক্ষেত্রে বাজুয়াবাসীর ভরসার একটি নাম ডা. মুরারি মোহন মণ্ডল। কেননা দাকোপ উপজেলা ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত। যার ৫ টি ইউনিয়ন নিয়ে বাজুয়া বাজার। আর এখানে নেই কোন হাসপাতাল বা ডাঃ মুরারি মোহন মন্ডল ছাড়া অন্য কোন এমবিবিএস ডাক্তার। এলাকা বাসীর কাছ থেকে জানা যায় এই ৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের কেউ অসুস্থ হলে ডাঃ মুরারি মোহন মন্ডল হচ্ছে একমাত্র ভরসা যদি ডাক্তার রোগী দেখেন তাহলে সে বাজুয়াতে চিকিৎসা পাবে আর যদি না দেখে তবে তাকে হয় উপজেলা সদর বা খুলনার হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া আর কোন উপায় নাই ভুক্তভোগী রোগীদের মধ্য থেকে জানায় ভাগ্য ভালো থাকলে সে রোগী বাঁচবে না হয় পথে মারা যাবে কারণ বাজুয়া থেকে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অনেক সময় লাগে তাই ইমার্জেন্সি রোগী পথেই মারা যায়। বাজুয়ায় ডাঃ মুরারি মোহন মন্ডল ছাড়া অন্য কোন উপায় নাই। তাই তো কবির ভাষায় মন বলে, সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান, সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ সেই তো তোমার প্রাণ।” কিছু মানুষের অদৃশ্য অবদান আমাদের সমাজকে প্রতিনিয়ত ঋণী করে চলেছে। কিছু মানুষের কথা মনের ক্যানভাসে অজান্তে ফুটে ওঠে গভীর ভালবাসায়। মানবসেবার নামে যখন স্বার্থনেশীদের আত্মপ্রচারে দাকোপের বাতাস ভারী হয়ে উঠেছে, ঠিক তখন নিভৃত পল্লীতে প্রচারবিমুখ একজন মানুষ মানবসেবার ব্রত নিয়ে, আত্মউৎসর্গ করে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন। হ্যাঁ, আজকের গল্প এমনি একজন মহৎ মানুষকে নিয়ে, চিকিৎসা ক্ষেত্রে বাজুয়াবাসীর ভরসার একটি নাম “মুরারি বাবু (ডা. এম. এম. মণ্ডল)”। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় অবিভক্ত বাংলায় সুন্দরবনের কোলঘেসে সদ্য জঙ্গল কেটে আবাদি জমিতে বসতি স্থাপন করেছে কৃষিনির্ভর এক জনপদ। জনশ্রুতিতে জানা যায় যে, এখানকার ঝোপ-জঙ্গল দা দিয়ে কুপিয়ে নির্মূল করা হয়। তাই এখানকার নামকরণ করা হয় দাকুপী। পরবর্তীতে ১৯১৩ সালে দাকুপী নামের কিঞ্ঝিৎ সংশোধন হয়ে দাকোপ নামে থানার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। ১৯৬৫ সালের প্রথম দিকের কথা, দাকোপের ছোট একটি গ্রাম খুটাখালী(বর্তমানে লাউডোব ইউনিয়নের অধীন)। খুটাখালী গ্রামে পিতা সতীশ চন্দ্র মণ্ডল ও মাতা কালীদাসী মণ্ডলের কৃষিনির্ভর অভাব-অনাটনের সংসার। সংসারে চার ভাই ও পাঁচ বোনের মাঝে ষষ্ট মুরারি মোহন মণ্ডল। দু’বিঘা জমি আর একটা ভিটা বাড়ীতে ঘরের চারপাশে কিছু ফলবান গাছ আছে। কষ্টে সৃষ্টে সংসার চালিয়ে ছেলেমেয়েদের লেখা পড়ার খরচটা জোগাড় করতেই পিতা সতীশ বাবুকে হিমশিম খেতে হয়। পাঠশালার পড়া শেষ করে মুরারি মোহন ভর্তি হলেন বাজুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (স্থাপিত-১৯২০ সাল)। অভাবের সংসারের টানাপোড়েনের মাঝ থেকে সফলতার সাথে ১৯৭৫ সালে প্রাথমিক শেষ করেন তিনি। অনেক অনিশ্চয়তার মাঝে মাধ্যমিক শুরু করেন উত্তর বানীশান্তা মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টি তখন অষ্টম শ্রেণি পর্যন্ত চালু ছিল(জুনিয়র স্কুল)। ১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে বৃত্তি প্রাপ্তিসহ উল্লেখযোগ্য নম্বর নিয়ে তিনি উত্তীর্ণ হন। পরে চলে আসেন এলাকার ঐতিহ্যবাহী প্রাচীনতম স্বনামধণ্য বিদ্যাপীঠ বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে(স্থাপিত-১৯২০ সাল)। ১৯৮০ সালে মাধ্যমিক শেষ করে উচ্চমাধ্যমিকে ভর্তি হন দক্ষিণ বাংলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাজুয়া সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে(স্থাপিত-১৯৭২ সাল)। ১৯৮২ সালে প্রথম শ্রেণী নিয়ে সফলতার সাথে উচ্চমাধ্যমিক পাশ করেন। অভাব অনটনে দিশেহারা বাবার কাছে উচ্চশিক্ষার খরচের আশা না করেই নেমে পড়েন উচ্চ শিক্ষার ভর্তি যুদ্ধে। সফলতা এলো! সফলতা এলো বাবা মায়ের, সফলতা এলো মুরারি মোহন মণ্ডলের, সফলতা এলো দাকোপের। দাকোপের চিকিৎসা অঙ্গনের জন্য এই সফলতা এক নতুন অধ্যায়ের সূচনা করে। একান্ত আলাপচারিতায় তাঁর ভাষ্য-“আমি মেধাবী না, তবে পরিশ্রম করেছি, সফলতা পেয়েছি”। শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে তিনি এমবিবিএস শেষ করে ১৯৮৯ সালে ফিরে আসেন এলাকার মানুষের সেবায়। শুরু হয় তাঁর জীবনে এক নতুন অধ্যায়ের। গল্পকথা বা ছোট বেলায় লেখা “অরস রহ খরভব” রচনা নয়। এটা বাস্তবতা, নিজের এলাকা বাজুয়া বাজারে ছোট্ট একটা রুমে তিনি শুরু করলেন চিকিৎসা সেবা। মাত্র ২০ টাকা, পরবর্তীতে এলে মাত্র ১০ টাকার বিনিময়ে তিনি সেবা দিলেন ১৯৯৯ সাল পর্যন্ত। এরপর ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল -৩০/২০ টাকা; ২০০১ সাল থেকে ২০০৭ সাল- ৪০/৩০ টাকা; ২০০৮ সাল থেকে ২০১৫ সাল- ১০০/৫০ টাকা এবং ২০১৫ সাল থেকে ১৫০/১০০ টাকার বিনিময়ে তিনি সেবা দিয়ে যাচ্ছেন। এরই মাঝে তিনি হয়ে উঠেছেন দারিদ্র জর্জরিত দাকোপবাসীর ভরসার একটি নাম, “মুরারি বাবু”; কুড়িয়েছেন অনেকের আশীর্বাদ ও ভালবাসা। একমাত্র মেয়ে মৈত্রী মণ্ডল(১৭), ছেলে স্বপ্নিল মণ্ডল (১৫) এবং সহধর্মিণী সঞ্চিতা রায়কে ঘিরে পারিবারিক জীবন। অনেকের কাছে রসকষহীন, এই মানুষটাকে খুব কাছে থেকে যারা না দেখেছে তারা বিশ্বাসই করতে পারবেন না যে তিনি কতটা রসিক। কথায় কথায় উঠে এলো তাঁর জীবনের নানান মজার ঘটনা, নানান আক্ষেপ এবং অনেক মূল্যবান কিছু মতামত। বড় আক্ষেপের জায়গা এলাকার সচেতন শিক্ষিত সমাজের উপর। অনেক উদাহরণ টেনে বললেন, যাদের কাছে সচেতনতা আশাকরি তারাই বেশি ভুল করে, অনিয়ম করে চিকিৎসায়। অথচ গরীব, অশিক্ষিত মানুষকে কিছু বললে তারা তা অক্ষরে অক্ষরে পালন করে। তাঁর মতে, মানুষ এখন অনেক সচেতন হয়েছে। সমাজে এসেছে অনেক পরিবর্তন। কিন্তু দাকোপ নামের এই বদ্বীপে এখনো তৈরি হয়নি কোন ভাল মানের চিকিৎসাকেন্দ্র, নেই উপজেলা সদরের সাথে সরাসরি কোন যোগাযোগ। নদীবেষ্টিত এপারের মানুষের জরুরী সেবার নেই কোন সুব্যবস্থা। এ বিষয়ে সরকারি পর্যায়ের সহযোগিতা কামনা করলেন তিনি। ২০১৬ সালের মে মাসে তিনি হৃদযন্ত্রের বড় অপারেশন করতে পাড়ি দিয়েছিলেন ভারতে। অপারেশন শেষে এখন অনেকটা নিয়মতান্ত্রিক জীবনযাপন করছেন, আর দিয়ে যাচ্ছেন চিকিৎসা পরামর্শ, পুরানো সেই চেম্বরে। নিয়ম করে হাঁটছেন সকাল বিকাল। জানতে চেয়েছিলাম এলাকার শিক্ষা ব্যবস্থা নিয়ে তাঁর মন্তব্য। তিনি বললেন, “আমাদের দেশে প্র্যাকটিক্যাল, লজিক্যাল , টেকনিক্যাল ও সাইনটিফিক বিকাশের উল্লেখযোগ্য কোন সুযোগ নাই। শুধু আছে মুখস্ত বিদ্যা বিকাশের সুযোগ । আর দাকোপের কথা আরো ভিন্ন! এখানে সব শিক্ষকদের ছেলেমেয়েরাই পড়ে হয় শহরে, না হয় মংলা পারের নেভি স্কুলে। তার মানে শিক্ষকদের নিজেদের আত্মবিশ্বাস কম। যদি এই বিশ্বাস থাকত যে নিজের স্কুলে ভাল পড়ালেখা হয় তাহলে সে নিজের সন্তানকে নিজের স্কুলেই দিত। ব্যাপারটা সামগ্রিক, আংশিক নয়। দুইএক জন যে ভাল নেই তা নয়, সামগ্রিকভাবে চিন্তা করলে দাকোপ পারের অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার এবং পাঠদানের মান উন্নয়ন তেমন হয়নি। তাই হয়তোবা অনেকে নদী পার হলে আর ফিরতে চান না এপারে। শত প্রতিকূলতার মাঝে কিভাবে সময় কাটে নিজের আপনজনের তা ভেবে দেখার সময়ই হয় না হয়তো অনেকের। নিজের চেম্বরে বসে দেখা যায় পারাপারের মানুষ; দেখেছেন অনেককেই পার হয়ে যেতে নদী, পাড়ি জমাতে শহরে ভাগ্যের সন্ধানে, অনেকে ফিরেছেন সফলতা অথবা ব্যার্থতা নিয়ে, অনেকে ফেরেনি কখোনই। কাজের মাঝে তিনি পরিচিত হয়েছেন দাকোপের সকল শ্রেণীর মানুষের সাথে, সবার জন্য তাঁর একটাই বার্তা– “যদ্দিন শরীর পারবে, মানুষের সেবা দিয়ে যাব।” তাই এলাকাবাসীও সৃষ্টিকর্তার কাছে তার শারীরিক সুস্থতা কামনা করে। তিনি যেন সুস্থ থেকে এলাকাবাসীর সেবা দিয়ে যেতে পারেন।
মহেশপুর সীমান্তে শিশুসহ আটক ৫
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে শিশুসহ ৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার রাতে উপজেলার কাজিরবেড় ইউপির সামন্তা বিওপির বাশবাড়িয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার লাখিরপাড় গ্রামের দিজেন হালদারের ছেলে শ্রী মানিক হালদার(৩৪),মানিক হালদারের স্ত্রী মুক্তি গাইনি(১৮), পশ্চিম হাজারীবাড়ী গ্রামের স্বপন সেনের মেয়ে চায়না সেন(২০),একই জেলার টুঙ্গিপাড়া উপজেলার বেন্নাবাড়ি গ্রামের মৃত সুমন্ত বল্লবের ছেলে মমতা বল্লব(৫০),মমতা বল্লবের শিশু ছেলে রকি বল্লব(১৬)কে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়।
বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ক্ষতিগ্রস্থ কৃষকের ২ টি গরু প্রদাণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মধুপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক মজনু জোয়ার্দ্দারে ২ টি গরু মারা যাওয়ার পর তাকে ২ টি গরু প্রদাণ করা হয়েছে।
রোববার সকালে এ্যাসোসিয়েশন ফর এ্যাডভান্সমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (এ্যাড) ও এফএনএফ ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় ২ গরু প্রদাণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা এ্যাড’র নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান ফোটন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন। এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাড’র সহকারী নির্বাহী পরিচালক মিলন কুমার শিকদার, সিনিয়র পরিচালক (মাইক্রোফিন্যান্স) বিল্লাল হোসেন, পরিচালক ফিরোজ মাহমুদ, আইটি অফিসার তৌফিক মুন্সী। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক (প্রশাসক) শামীমা পারভীন)। উল্লেখ্য, গত ২৭ মার্চ মধুপুর পুর্বপাড়া গ্রামের কৃষক মজনু জোয়ার্দ্দার ফেলা বিশ্বাস নামের এক কৃষকের ১০ কাঠা জমি চাষ করতে যায়। জমি চাষের পরে মই দিতে গিয়ে জমিতে থাকা ওজোপাডিকো বিদ্যুৎ বিভাগের খাম্বার পাশে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয় তার দাম আনুমানিক ৫ লাখ টাকার ২ টা চাষের গরু মারা যায়। কৃষক মজনু এই সময়ে নিজের সামান্য শর্ট খেলে ছিটকে পড়ার কারনে সে প্রাণে বেঁচে যায়।
বাজুয়ার মহানাম যজ্ঞ পরিদর্শন করেন মহিলা এমপি
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ায় উৎসব মুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীযের মধ্য দিয়ে বাজুয়া খুটাখালী আর্য্য হরি সভা অঙ্গনে ৪২ বর্ষীয় ৫৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ২৭মার্চ ২০২২বাংলা ১২ চৈত্র( ১৪২৮) রবিবার সন্ধ্যায় গন্ধাধিবাস সহকারে পরবর্ত্তী প্রত্যুষকাল হতে ৫৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন শুরু হয়। আর্য্য হরিসভার মহানাম যজ্ঞের শেষ দিনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার যজ্ঞ অঙ্গন পরিদর্শন করেন এবং ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাথে সাথে প্রসাদ তৈরিতেও অংশ নেয় এবং আর্য্য হরি সভার উন্নয়ন ও শ্রী বৃদ্ধির জন্য তিনি আর্থিক অনুদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি লাউডোব মহানাম যজ্ঞের সকল ভক্তবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দদেরকে সু-স্বাগতম জানান। এছাড়া ৫৬ প্রহরের স্বনামধন্য মহানাম যজ্ঞে অংশ নিয়ে দাকোপ বাসিকে ও দাকোপ উপজেলার মাটিকে আরও সমৃদ্ধশালী আরও পবিত্র করেছেন বলে ভক্তরা বলেন। এসময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ। প্রতি বছরের ন্যায় এবারও বাজুয়ায় দেশের বিভিন্ন স্হানের নামিদামি সুনাম খ্যাত কীর্তন দলের মহানামে ধ্ববিত হচ্ছে আর্য্য হরি সভা অঙ্গন। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন এলাকা থেকে হাজার হাজার ভক্তদের আগমনে আর্য্য হরি সভা অঙ্গন পরিপূর্ণ হয়ে উঠেছে।











































