সাতক্ষীরা প্রতিনিধি ।।
চোরাচালানের ভারতীয় গলদা রেণু পোনা আটক করা কেন্দ্র করে বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলা করে চোরাচালানিরা আটক গলদা পোনা ছিনিয়ে নিয়েছে। তারা বিজিবিকে বহনকারী একটি বেসরকারি মালিকানাধীন প্রাইভেটকারে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
শনিবার দিবাগত মধ্যরাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ার আশু মার্কেটে এ ঘটনা ঘটে। গাড়িটি কুলিয়া ব্রিজের মাথায় প্রধান সড়কের ওপর জালিয়ে দেওয়া হয়।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, বিজিবির একটি দল আশু মার্কেটে তাদের মাছের ডিপোতে মধ্যরাতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ গলদা রেণু পোনা আটক করে। তারা বলেন, আমরা সরকারকে ইজারার টাকা দিয়ে ব্যবসা করে আসছি। আমাদের যথাযথ লাইসেন্স আছে। বৈধভাবে মাছ কেনাবেচা করি। বিজিবি হানা দিলে আমরা প্রতিবাদ করি। এ সময় বিজিবি আমাদের মাছ ব্যবসায়ী আবদুল লতিফকে পিটিয়ে আহত করে। তাকে প্রথমে সখিপুর হাসপাতালে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
ব্যবসায়ীরা আরও জানান, গ্রামবাসী মিলে আটক পোনা বিজিবির কাছ থেকে কেড়ে নেয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলেও গাড়িতে কে বা কারা আগুন দিয়েছে তা বলতে পারি না।
দেবহাটা থানার ওসি শেখ ওবাইদুল্লাহ জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে সংঘর্ষ থেমে গেছে। তিনি গাড়িতে আগুন দেখেছেন। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক জানান, চিংড়ি পোনা ধরা কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রাতে আমি নিজেও সেখানে উপস্থিত হই।
তিনি বলেন, বিজিবির হামলায় সাঈদুর নামের এক দোকানি গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী জানান, বিজিরি নায়েক মিজানের নেতৃত্বে এ পোনা আটকের ঘটনা ঘটে।
অভিযোগ করে তারা বলেন, ভারতীয় পোনা আনার সময় বিজিবির কিছু সদস্য তাদের কাছ থেকে গোপনে টাকা নেয়। আবার ডিপোতে নিয়ে এলে পোনা ধরার নামে আমাদের কাছে টাকা চায়। এমনকি রাস্তায় বহনকালেও বিজিবির কিছু অসাধু সদস্য টাকাপয়সা আদায় করে থাকে।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, চোরাচালানের ভারতীয় গলদা রেণু পোনা আটকের পরই সংঘবদ্ধ চোরাচালানিরা গ্রামবাসীর সহায়তায় বিজিবি সদস্যদের ওপর হামলা করে। তারা ইটপাটকেল ছুড়তে থাকে। সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এমন অবস্থায় বিজিবি আত্মরক্ষার্থে ২ রাউন্ড ফাকা গুলি করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। অবশেষে চোরাচালানিরা হামলা করে বিজিবির আটককৃত গলদা রেণু পোনা ছিনিয়ে নেয়। এর পরই বিজিবির ব্যবহৃত গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, পরে বিকল্প ব্যবস্থায় আমরা বিজিবি সদস্যদের উদ্ধার করে আনি। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











































