Home আঞ্চলিক খুবিকে স্বচ্ছ, জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: উপাচার্য

খুবিকে স্বচ্ছ, জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: উপাচার্য

12

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) এক মতবিনিময় সভা আজ ৩১ মার্চ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ দিকদর্শনস্বরূপ। বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের প্রকৃত তথ্য ও ঘটনা জানতে, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। মানবিক চেতনা জাগ্রত করে। সমাজের ভালো-মন্দ স্পর্শকাতর বিষয়গুলো বস্তুনিষ্ঠ সংবাদের ভিত্তিতে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সংবাদমাধ্যমে তুলে ধরতে হয়। এজন্য বহুমুখী জ্ঞান অর্জনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও দক্ষতা বৃদ্ধি প্রয়োজন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণালব্ধ ফলাফল তুলে ধরে সাংবাদিকরা দেশ ও সমাজের কল্যাণ সাধন করতে পারে। তিনি আরও বলেন, সাংবাদিকদের ব্যবহৃত একটি শব্দ বা তথ্য যেমন সমাজে বিশৃঙ্খলার জন্ম দিতে পারে, তেমনি তা আবার সমাজের শান্তি প্রতিষ্ঠায়, দ্বন্দ্ব ও সংকট নিরসনে, দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সমাজের বিভিন্ন বিষয়ের সংবাদ সংগ্রহ, অন্তর্নিহিত প্রকৃত তথ্য ও ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের কোর্স কারিকুলামে ইন্টার্নশিপ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। যাতে হাতে-কলমে পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়। একই সাথে পিআইবির সাথে যোগাযোগ করে ক্যাম্পাস সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চাই। স্বপ্নপূরণে এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও তিনি মনে করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট উন্নয়নে সাম্প্রতিক গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। এসময় বিশেষ করে ৩৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ‘খুলনা বিশ্ববিদ্যালয় সফট্ অবকাঠামো’ শীর্ষক প্রকল্প, ৩৮ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, ৫০ কোটি টাকা ব্যয় সাপেক্ষ দশতলা ভিতের ওপর ৪ তলা বিশিষ্ট ছাত্রদের আবাসিক হল নির্মাণের উদ্যোগের কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। খুবিসাসের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মীর হাসিব, মেহেদী হাসান বাপ্পী, জিএম জাহাঙ্গীর আলম, অনিরুদ্ধ বিশ্বাস, রুবায়েত হোসেন, মশিউর রহমান, শরিফুল ইসলাম, রেদওয়ান আহমেদ, নিগার সুলতানা রাইসা প্রমুখ। সভা সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান।

পবিত্র রমজান মাসে খুবির অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি। আজ ৩১ মার্চ (বৃহস্পতিবার) রেজিস্ট্রার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, রমজান মাস শেষে ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্বের ন্যায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি চলবে।

খুবির এইচআরএম ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত
আজ ৩১ মার্চ (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ১৭ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনাতনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. তরুণ কান্তি বোস।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক কাজল কর্মকার। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ১৭ ব্যাচের আসিফা আফরিন জেমিম, ১৮ ব্যাচের নূরে আলম সিদ্দিকি, ২০ ব্যাচের মাইমুনা বিশ্বাস ও ২১ ব্যাচের লোটাস চাকমা। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষ্যে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

খুবির ইকোনমিকস সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিকস সোসাইটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এর ভোটগ্রহণ গতকাল বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর পরপরই ভোট গণনা শুরু হয়। গণনা শেষে নির্বাচন কমিশন ভোটের ফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ১৩টি পদে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে শেখ সাদমান, সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার শাকিল, সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল মেরিন সাহিল, সাংগঠনিক সম্পাদক পদে রাজিয়া খাতুন, অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান বাপ্পি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লালা বাবু মন্ডল অরুণ, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে আসাদুজ্জামান, শিক্ষা সম্পাদক পদে অনিক সাহা, সমাজসেবা সম্পাদক পদে জিহাদ মাহমুদ পিয়াস এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ইসফাক আহমেদ রুদ্র নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মতিউর রহমান, উম্মে জান্নাত এবং মেহবুব হাসান মিথুন।
নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন ও সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. নাসিফ আহসান, ডিসিপ্লিন প্রধান প্রফেসর খান মেহেদী হাসান এবং সহযোগী অধ্যাপক ফারিহা ফারজানা উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
এবারের নির্বাচনে প্রভাষক ফাহমিদা আক্তার অনির পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের পরিদর্শক হিসেবে এমএসএস ১ম বর্ষের মনজুরুল ইসলাম সবুজ, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএসএস ৪র্থ বর্ষের আশরাফুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ৩য় বর্ষের হাসিবুল আল বান্না এবং ২য় বর্ষের মুহিবুল্লাহ দায়িত্ব পালন করেন।