Home আঞ্চলিক খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

11

জাহিদুর রহমান।।

খুলনা মহানগরীতে কভার্ড ভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে। বুধবার (৩০ মার্চ) রাত ১১ টা ৪০ মিনিটের দিকে নগরীর আবু নাসের স্টেডিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো: আলাউদ্দিন শেখ (৩০), মো: আরজু আল চয়ন (২৮) ও মো: হামিদুর রহমান (২৮)। তারা তিনজনই নগরীর সিম্ফনি ম্যাক্সটেল মোবাইল কোম্পানির সেলস অফিসার হিসাবে কর্মরত ছিলেন। এই তিন ব্যক্তির বাড়ী নগরীর খানজাহান আলী থানা এলাকায়। প্রতিদিনের মত তারা অফিসে শেষ করে একই মোটরসাইকেলে বাড়ীতে রওনা দিয়েছিলেন। পধিমধ্যে একটি কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যানের সাথে সংর্ঘষে তারা গুরুতর আহত হন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন খান বলেন, ‘দুঘটনার পরে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে মো: আলাউদ্দিন শেখ ও মো: আরজু আল চয়ন রাতেই মারা যান। বাকি একজনকে তার স্বজনরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ নিয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।’

এদিকে, সিটি মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় মো: হামিদুর রহমানও আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মারা গেছেন বলে জানিয়েছেন তার বন্ধ মো: রুবেল হোসেন।

তবে ওসি বলছেন, ‘মো: হামিদুর রহমানের মৃত্যুর খবর এখন আমি পায়নি। হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছি।’

ওসি বলেন, ‘দুর্ঘটনার পর কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছিল। তবে কেউকে আটক করা হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’