Home আঞ্চলিক ঝিনাইদহ কালীগঞ্জে জানালা ভেঙ্গে রাজস্বের টাকা চুরি

ঝিনাইদহ কালীগঞ্জে জানালা ভেঙ্গে রাজস্বের টাকা চুরি

9

 

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহ কালীগঞ্জের পৌর ভূমি অফিসে জানালার গ্রিল ভেঙ্গে এক দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা ভিতরে প্রবেশ করে রাজস্ব আদায়ের প্রায় লক্ষাধিক নগদ টাকা নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের শিবনগর কাচারী রোডের ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, সহকারী কমিশনার (ভূমি) ও কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ পৌর ভূমি অফিসের নায়েব জাকির হোসেন জানান, বুধবার সকাল ১০ টায় পিয়ন অফিস খুলে দেখেন পেছনের জানালা ও গ্রীল ভাঙ্গা। অফিস রুমের

ভিতরে প্রবেশ করে দেখেন আলমারীসহ তিনটি টেবিলের ড্রয়ার খুলে এলোমেলো অবস্থায় রাখা রয়েছে।

তিনি আরও জানান, চোরেরা অফিসের ড্রয়ারে রক্ষিত সরকারী রাজস্ব আদায়কৃত নগদ ৯৪ হাজার ৯৬৬ টাকা নিয়ে গেছে। তবে, অফিসের অন্যান্য কাগজপত্র বা মালামাল খোয়া গেছে কি না তা তাৎক্ষনিকভাবে বলতে পারেননি।

তিনি আরও জানান, চুরি হওয়া রুমের ভেতরে ও পেছনের দেওয়ালে ২ টি সিসি ক্যামেরা ছিল। চোরেরা পেছনের ক্যামেরাটি দুমড়ে মুচড়ে রেখে গেছে। ফলে নষ্ট ক্যামেরায় চুরির ফুটেজও পাওয়া যাচ্ছে না। বিষয়টি তিনি তাৎক্ষনিকভাবে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিবকে জানানোর পর তারই পরামর্শে কালীগঞ্জ থানাকেও মৌখিকভাবে অবহিত করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতলেবুর রহমান জানান, চুরির ঘটনা জানতে পেরে তিনি বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।