ঢাকা অফিস||
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার বাদী এবং তার স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলিকে র্যাব কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
টিকাটুলিতে র্যাব-৩ কার্যালয়ে সোমবার রাত ১০টার দিকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর কাউন্সিলর ফারহানাকে রাত ১২টার দিকে বাসায় পৌঁছে দেওয়া হয়।
এ সম্পর্কে জানতে চাইলে নিহত টিপুর স্ত্রী গণমাধ্যমকে বলেন, র্যাবের তদন্ত কর্মকর্তারা নানা বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন। আমি কাউকে সন্দেহ করি কিনা। তিনি (টিপু) আমার সঙ্গে কোনো কথা শেয়ার করেছিলেন কিনা। কারো সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল কিনা। ১০ নম্বর ওয়ার্ডের রাজনৈতিক পরিস্থিতিটা সম্পর্কেও তারা জানতে চেয়েছেন।
এ বিষয়ে র্যাব- ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দীন গণমাধ্যমকে বলেন, কিছু বিষয় জানার জন্য আমরা তাকে ডেকেছিলাম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল মাইক্রোবাসে করে শাহজাহানপুর আমতলা কাঁচাবাজার হয়ে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে জাহিদুল ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশায় যাচ্ছিলেন বদরুন্নেসা কলেজের ছাত্রী প্রীতি। তিনিও গুলিবিদ্ধ হন। তাদের রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় শুক্রবার (২৫ মার্চ) দুপুরে নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৮।











































