ঢাকা অফিস||
গত ছয় বছরে দেশের দুর্যোগপ্রবণ এলাকায় কমেছে কৃষির আয়। সেই সঙ্গে একই সময়ে দুর্যোগে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ ডিজাস্টার রিলেটেড স্ট্যাটিসটিক ২০২১ (বিডিআরএস ২০২১) জরিপে এই তথ্য জানানো হয়েছে। ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্পের আওতায় জরিপটি করা হয়।
মঙ্গলবার (২৯ মার্চ) শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটোরিয়ামে জরিপের রিপোর্টটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম।
দেশের ৬৪ জেলার ১১টি প্রধান দুর্যোগের বিপরীতে দুর্যোগপ্রবণ এলাকা থেকে খানাভিত্তিক এই জরিপ ডিজিটাল পদ্ধতিতে দীর্ঘ প্রশ্নপত্রের মাধ্যমে সাক্ষাৎকারের ভিত্তিতে করা হয়েছে।
প্রকাশনার সংক্ষিপ্তসার তুলে ধরেন ইসিডিএস প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, বিডিআরএস ২০২১ জরিপ জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুর্যোগভিত্তিক ১১টি কোডের বিপরীতে ২৯ হাজার ১৯৯টি মৌজা চিহ্নিত করা হয়। জরিপকালে ৪২৪০টি মৌজার সর্বমোট এক লাখ ২৭ হাজার ২০০ খানা থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। বিবিএস যে কয়টি সর্ববৃহৎ আকারের নমুনা জরিপ পরিচালনা করেছে এটি তার মধ্যে অন্যতম।
জরিপের বিশেষত্ব নিয়ে প্রকল্পের পিডি মো. রফিকুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে সংযুক্ত করে সুন্দরভাবে উঠিয়ে আনতে চেষ্টা করেছি। পরিবেশগতভাবে জরিপ এমনভাবে কাজ এর আগে হয়নি। আগে যেটা হয়েছে সেটাতে কিছুটা অসম্পূর্ণ রয়ে গেছে। এখানে আমরা ১১টি দুর্যোগের বিপরীতে যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদি বড় দুর্যোগের বিপরীতে জরিপ করেছি।
বিডিআরএস ২০২১ জরিপের ফলাফলে বলা হয়, দুর্যোগপ্রবণ এলাকায় খানার খাবার পানির নিরাপদ উৎস ৯৬.৪ শতাংশ, যা ২০১৫ জরিপে ছিল ৯৬.২৩ শতাংশ। জরিপে খানা আয়ের প্রধান উৎস অনুসারে দেখা যায়, সবচেয়ে বেশি খানার আয়ের উৎস হচ্ছে কৃষি ৩৫ দশমিক ৪৩ শতাংশ। যা বিডিআরএস ২০১৫ জরিপে ছিল ৩৬ শতাংশ। সে হিসেবে আয়ের উৎস হিসেবে কৃষিতে কমেছে। এছাড়াও দ্বিতীয় প্রধান উৎস হচ্ছে দিনমজুরি ৩১.৪৩ শতাংশ (কৃষি অকৃষি দিনমজুর)। ১৭.৬২ শতাংশ খানার আয়ের উৎস ব্যবসা, ১২.৬০ শতাংশ সেবা (সকল ধরনের চাকরি), ০.৬৮ শতাংশ শিল্প এবং ২.২৩ অন্যান্য আয়ে জড়িত (গৃহপরিচারিকা, ভিক্ষা প্রভৃতি)। এছাড়াও ২০১৫ বিডিআরএস জরিপ অনুসারে আয়ের উৎস হিসেবে দিন মজুরি ৩৩ শতাংশ (কৃষি অকৃষি দিনমজুর)। ১৫ শতাংশ খানার আয়ের উৎস ব্যবসা, ১৪ শতাংশ সেবা (সকল ধরনের চাকরি), ১ শতাংশ শিল্প এবং ২ শতাংশ অন্যান্য আয়ে জড়িত (গৃহপরিচারিকা, ভিক্ষা প্রভৃতি)।
২০১৫ তুলনায় ২০২১ সালের জরিপে বেড়েছে ভিক্ষা ও গৃহপরিচারিকার কাজ। একই সময়ে ব্যবসায় মানুষের ঝোঁক বেড়েছে সেটিও উঠে এসেছে।
প্রাকৃতিক দুর্যোগে খানাভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে জরিপে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০২০ এই ছয় বছরের প্রাকৃতিক দুর্যোগে আর্থিক ক্ষতি ১৭ লাখ ৯১ হাজার ৯৮৮ মিলিয়ন টাকা। এর মধ্যে শস্য খাতে ২৮.৯০ শতাংশ, প্রাণিসম্পদে ৩.৯৮ শতাংশ, পোল্ট্রিতে ১.৫১ শতাংশ, মৎস্য খাতে ৩. ৭১ শতাংশ, জমি (ভূমি) অবক্ষয়ের ক্ষতি মূল্য হ্রাসসহ ৫২.৫৬ শতাংশ। বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, অবকাঠামো প্রভৃতি ৭.৩৮ শতাংশ এবং খানাভিত্তিক সামাজিক বনসহ উঠানের গাছপালা ১.৯৬ শতাংশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহৎ কৃষি সেক্টরে (শস্য, প্রাণিসম্পদ, পোল্ট্রি, মৎস্য, বন) সর্বমোট সাত লাখ ১৭ হাজার ৮৩১ মিলিয়ন টাকা (৪০.০৬) ক্ষতি হয়েছে।
জরিপে উল্লেখ করা হয়েছে- প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যায় আর্থিক ক্ষতি ১০ লাখ ১০ হাজার ৮৮২ মিলিয়ন টাকা। নদী/উপকূলীয় ভাঙনে ২ লাখ ৬৮ হাজার ৭০৩ মিলিয়ন টাকা এবং ঘূর্ণিঝড়ে দুই লাখ ৫৫ হাজার ৩৮২ মিলিয়ন টাকা ক্ষতি হয়েছে।
অন্যদিকে, গত ২০০৯-২০১৪ (৬ বছরে) খানাভিত্তিক আর্থিক ক্ষতি এক লাখ ৮৪ হাজার ২৪৭ মিলিয়ন টাকা। যেখানে শস্য খাতে ৩৬.২০ শতাংশ, প্রাণিসম্পদে ৪.৭৬ শতাংশ, পোল্ট্রিতে ১.২১ শতাংশ, মৎস্য খাতে ৫.৮২ শতাংশ, জমি (ভূমি) অবক্ষয়ের ক্ষতি মূল্য হ্রাসসহ ২৬.৭২ শতাংশ। বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, অবকাঠামো প্রভৃতি ১৭.১৯ শতাংশ এবং খানাভিত্তিক সামাজিক বনসহ উঠানের গাছপালা ৮.১০ শতাংশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহৎ কৃষি সেক্টরে (শস্য, প্রাণিসম্পদ, পোল্ট্রি, মৎস্য, বন) সর্বমোট ৮৮ হাজার ৪১৪ মিলিয়ন টাকা (৪৮.০০) ক্ষতি হয়েছে। ওই সময়ে প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যায় আর্থিক ক্ষতি ৪২ হাজার ৮০৭ মিলিয়ন টাকা। বিডিআরিএস ২০১৫ জরিপের চেয়ে কয়েকগুণ বেশি ক্ষয়ক্ষতির হিসেবে উঠে এসেছে ২০২১ এর জরিপে।
জমির ক্ষয়ক্ষতির হিসেবে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে (২০১৫-২০) সময়কালে ছয় বছরে খানাভিত্তিক আট লাখ ৬৮ হাজার ২০৬ একর জমির মধ্যে সর্বোচ্চ বন্যায় ৪৬.৫৯ শতাংশ জমি ক্ষতিগ্রস্ত, নদী ভাঙনে ৩৬.৫৩ শতাংশ জলমগ্নতায় ১০.৬১ শতাংশ অবশিষ্ট জমি চারটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা আগের জরিপে ছিল খানাভিত্তিক এক লাখ ৫৫ হাজার ১৭৫ একর জমির মধ্যে সর্বোচ্চ নদী ভাঙনে ৬৮.২৬ শতাংশ, বন্যায় ১৩.৯৯ শতাংশ জমি ক্ষতিগ্রস্ত, লবণাক্ততায় ১০.৪৪ শতাংশ অবশিষ্ট ৭.৩২ শতাংশ জমি অন্যান্য পাঁচটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জরিপে দুর্যোগ এলাকার বসবাসের ঘরে কাঠামো কাঁচা পাকা ঘর, ঝুপড়ি ঘরের হিসেব তুলে ধরা হয়েছে। সেই সাথে দুর্যোগ প্রবণ এলাকার খাবার পানির উৎস, টয়লেট, আলোর উৎস, খানা ও জনসংখ্যার পরিধি তুলে ধরা হয়েছে। সেই সাথে দুর্যোগে শিক্ষাগত স্তর, দুর্যোগে আক্রান্তের সময়, কর্মহীন দিনের সময়, দুর্যোগে আক্রান্ত খানার সংখ্যা, খানার সদস্যদের চিকিৎসা ব্যায়, আথিক সহায়তা, অসুস্থতা ও আহত, স্কুলে শিক্ষার্থীদের অনুপস্থিতি, জলবায়ু পরিবর্তন নানা বিষয় উঠে আসে।











































