Home আঞ্চলিক শ্যামনগরে ছাদ থেকে পড়ে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু

শ্যামনগরে ছাদ থেকে পড়ে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু

17

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা ।।

সাতক্ষীরার শ্যামনগরে করোনার টিকা দিতে গিয়ে দোতলার ছাদ থেকে নিচে পড়ে এক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনে টিকা কেন্দ্রে এ ঘটনটি ঘটে।

নিহতের নাম আঞ্জুয়ারা খাতুন (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মৃত আবু জার মোড়লের কন্যা।

বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, মানসিক ভারসাম্যহীন ওই প্রতিবন্ধী নারীকে তার মা তার হাত ধরে করোনার টিকা গ্রহণের জন্য ৫ম তলা বিশিষ্ট্য মুন্সিগঞ্জ বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের দুই তলায় টিকা কেন্দ্রে নিয়ে যান। মায়ের সাথে তিনি বারান্দায় রেলিং এর ধারে বেঞ্চে বসে ছিলেন। হঠাৎ তিনি তার মায়ের কাছ থেকে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে ছাদের ধারে রেলিং এর উপর উঠার চেষ্টা করলে এ সময় তিনি ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থাণীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রীতা রানী পাল তাকে মৃত ঘোষনা করেন। এদিকে, তার মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুৃর্শিদ জানান, খবর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, টিকা কেন্দ্রে কারও গাফিলতি থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।