খবর বিজ্ঞপ্তি।।
আজ ২৮ মার্চ (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ল্যাবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শিক্ষক/কর্মকর্তাদের ই-নথি বিষয়ক প্রশিক্ষণ (চতুর্থ ধাপ) শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বিকাল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে ই-নথি প্রচলনের ধারণা দিয়েছেন। তার সেই ধারণা ও পরামর্শে ই-নথি প্রচলনে কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৮৩ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। তিনি আরও বলেন, ই-নথি বিষয়ে যারা প্রশিক্ষণ নিয়েছেন, তারা এখন বিশ্ববিদ্যালয়ের অন্যদের শেখাবেন। তাদের হাত ধরে বিশ্ববিদ্যালয়ে ই-নথি ব্যবহার ছড়িয়ে পড়বে, দক্ষ জনশক্তি তৈরি হবে। খুলনা বিশ্ববিদ্যালয় পেপারলেস বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। উপ-উপাচার্য বলেন, ই-নথির সুবিধা ব্যবহার করতে পারলে খুলনা বিশ্ববিদ্যালয় অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। কাজে আরও গতিশীলতা সৃষ্টি হবে। তিনি এ উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্যকে ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। ই-নথি বিষয়ে ব্রিফ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটির উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ ও প্রোগ্রামার/সিস্টেম ইঞ্জিনিয়ার দিজেন্দ্র চন্দ্র দাশ। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী-রেজিস্ট্রার মো. আতিয়ার রহমান এবং সেকশন অফিসার মিসেস শামিমা খাতুন।
চতুর্থ ধাপের প্রশিক্ষণে ২৩ জনসহ ৪টি ধাপে মোট ৮৩ জন শিক্ষক/কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। তারা মাস্টার ট্রেইনার হিসেবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কর্মচারীদের ই-নথি বিষয়ক প্রশিক্ষণ দেবেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক সংখ্যক প্রশিক্ষণার্থী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
খুবির বিজিই ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত
আজ ২৮ মার্চ (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনাতনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. রায়হান আলী ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন ও প্রফেসর ড. মো. মুরসালিন বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. ইমদাদুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ঈশিতা আক্তার বীথি ও রাফিয়া রাইতা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো এবং ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে নবীনবরণ উপলক্ষ্যে সকাল ১০টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের অধিকাংশ এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এ উপলক্ষ্যে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
খুবি কর্মকর্তা মো. মোজাম্মেল হকের
মাতার ইন্তেকালে গভীর শোক
খুলনা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারে কর্মরত সহকারী রেজিস্ট্রার মো. মোজাম্মেল হকের মাতা নূরজাহান বেগম গত ২৫ মার্চ (শুক্রবার) বেলা পৌনে ১২টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১১৩ বছর। তিনি চার পুত্র ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর চুয়াডাঙ্গা সদর উপজেলার পীতম্বরপুর গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সহকারী রেজিস্ট্রার মো. মোজাম্মেল হকের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহ জালালসহ সংশ্লিষ্ট সেন্টারের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি এস এম মনিরুজ্জামান (পলাশ) ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ পরিষদের সদস্যবৃন্দ।
খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ আগামীকাল
খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামীকাল ২৯ মার্চ (মঙ্গলবার) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হবে। ফাইনালে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং পরিসংখ্যান ডিসিপ্লিন মুখোমুখি হবে। ফাইনাল খেলা শেষে বিকাল ৪টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব।











































