Home আঞ্চলিক গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

7

গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ আকরাম হোসেন জাফর ফকির (৭২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় মুকসুদপুর-রড়ইতলা সড়কের মুন্সি বাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানায়, মুকসুদপুর থেকে ২৬ মার্চের একটি সভা শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি বাটিকামারীতে ফিরছিলেন চেয়ারম্যান শাহ্ আকরাম হোসেন জাফর ফকির। এ সময় মুকসুদপুর-বড়ইতলা সড়কের বনগ্রাম মুন্সী বাড়ি এলাকায় একটি ভ্যানগাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শাহ আকরাম হোসেন জাফর ফকির বাটিকামারী ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শাভেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যান জাফর ফকির মুকসুদপুর হাসপাতালে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে দেখা যায় তার মাথায় আঘাত ছিল।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগর প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ -১ আসনের সাংসদ মুহাম্মদ ফারুক খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কবির মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।