Home জাতীয় সাংবাদিকদের ব্যাপক প্রশংসা পুলিশ প্রধানের

সাংবাদিকদের ব্যাপক প্রশংসা পুলিশ প্রধানের

6

খুলনাঞ্চল রিপোর্ট:

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে নির্ভীকভাবে নাগরিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন- এসব সংবাদ গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হওয়ায় পুলিশের মনোবল আরও বেড়েছে বলে মনে করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এজন্য তিনি সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করেছেন। জানিয়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। বুধবার দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। আইজিপি বলেন, ‘সাংবাদিকের সার্বিক কর্মকুশলতার ফলেই সম্ভব হয়েছে করোনাসংক্রান্ত গুজব মোকাবেলা। বিশ্বব্যাপী এ সংকট মোকাবিলায় পুলিশের ইতিবাচক কার্যক্রম ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচারে সহযাত্রী হয়েছেন সংবাদকর্মীরা। পুলিশ ও গণমাধ্যমের যুথবদ্ধ সংগ্রাম সম্মানিত নাগরিকদের আশান্বিত করেছে, বাড়িয়েছে তাদের মনোবল।’ বুধবার আইইসিডিআরের তথ্য বলছে, দেশে একদিনে নতুন করে আরও ৫৪ জনের শরীরে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জনে। মোট আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ এ মৃতের সংখা বেড়ে হয়েছে ২০ জন।

পুলিশ সদরদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বহুমাত্রিক উদ্ভাবনী উপায়ে নির্ভীকভাবে সন্মানিত নাগরিকদের পাশে থেকে অহর্নিশ কাজ করে যাচ্ছেন। সরকারি নির্দেশনার সাথে সমন্বয় রেখে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বৈশ্বিক এ সংকট মোকাবিলায় পুলিশের নানাবিধ উদ্যোগ সাম্মানিত নাগরিকদের আশান্বিত করেছে, বাড়িয়েছে তাদের মনোবল। বিশ্বব্যাপী এ সংকট মোকাবেলায় বাংলাদেশ পুলিশের ইতিবাচক কার্যক্রমসমূহ ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচারে সহযাত্রী হয়েছে আমাদের মিডিয়া হাউজগুলো, একান্ত সহযোগী হিসেবে পাশে ছিলেন নিবেদিত প্রাণ অকৃত্রিম বন্ধু, একান্ত সুহৃদ সাংবাদিকরা। তাদের সার্বিক কর্মকুশলতার ফলেই সম্ভব হয়েছে করোনা সংক্রান্ত গুজব মোকাবেলা। একই সাথে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত হচ্ছেন পুলিশ সদস্যরা, যারা প্রতিনিয়ত জনগণের পাশে থেকে তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা সংক্রমণের এই দুর্যোগে পুলিশের পাশে থেকে জনসেবায় সহযোগিতা করার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সকল মিডিয়ার সাংবাদিক ও কলাকুশলী বন্ধুদের। পুলিশ এও আশা করে, শুধু করোনা ভাইরাস নয়, দেশের যেকোনো প্রয়োজন, কল্যাণ ও সংকটে পারস্পরিক এ সহযোগিতা আগামীতেও অবারিত থাকবে। দেশমাতৃকার কল্যাণে সম্মানিত নাগরিকদের পাশে সর্বদাই রয়েছে বাংলাদেশ পুলিশ।