বাগেরহাট প্রতিনিধি ।।
দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম শুনানি শেষে ১৫ দিনের জন্য হাবিবুর রহমানের জামিন মঞ্জুর করেন।
প্রায় দেড় মাস পরে পৌর মেয়র জামিনে কারামুক্ত হওয়ায় আনন্দ মিছিল করেন তার সমর্থকরা।
দুদকের করা পৃথক দুটি অর্থ আত্মসাতের মামলায় গত ১৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন পৌর মেয়র খান হাবিবুর রহমান ও পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম। ওই দিন আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান জেলা কারাগারে ছিলেন।
এদিকে দুর্নীতির মামলার অপর আসামি পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম এখনো কারাগারে রয়েছেন।
খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।
দুদকের আইনজীবী মিলন কুমার ব্যানার্জী জানান, আদালতের বিচারক আইনজীবীদের কাছ থেকে মেয়র খান হাবিবুর রহমানের অসুস্থতার ডাক্তারি সনদপত্র দেখে মানবিক কারণে তার চিকিৎসার জন্য আগামী ১৫ দিনের জামিন মঞ্জুর করেছেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ড. একে আজাদ ফিরোজ টিপু বলেন, আদালত ১৫ দিনের জন্য পৌর মেয়রের জামিন মঞ্জুর করেছেন।
দুদুকে দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ অক্টোবর বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদকের খুলনা কার্যালয়। ২০২১ সালের ২৫ নভেম্বর বাগেরহাট পৌরসভায় ১৭ জনকে নিয়োগ দিয়ে ১ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা এবং বাগেরহাটে আবাহনী ক্লাবে এবং বাগেরহাট ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ প্রকল্পের কাজ না করে এক কোটি টাকা নিয়মবহির্ভূতভাবে উত্তোলনে অভিযোগে পৌর মেয়র খান হাবিবুর রহমান এবং বাগেরহাট পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিমকে আসামি করে পৃথক দুটি মামলা করা হয়।











































