খবর বিজ্ঞপ্তি।।
আজ ২১ মার্চ (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ল্যাবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও কর্মকর্তাদের ই-নথি শীর্ষক প্রশিক্ষণ (প্রথম ধাপ) শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, ই-নথি চালু হলে সময় বাঁচবে, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দ্রুততার সাথে নির্ভুলভাবে কাজ করা যাবে। উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই ই-নথি প্রচলনে দু’একমাসের মধে পাইলটিং শুরু করা হবে।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে ই-নথি বিষয়ে ব্রিফ করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটির উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও স্থাপত্য ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার মেহেদী হাসান। প্রথম ধাপের প্রশিক্ষণে ২০ জন শিক্ষক/কর্মকর্তা অংশগ্রহণ করেন।
খুবিতে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস উদ্যাপিত
‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক বন দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ ২১ মার্চ (সোমবার) বেলা ১১টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ ভবন ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ইফতেখার শামস, সিনিয়র শিক্ষক প্রফেসর এ কে ফজলুলসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে থ্রি মিনিটস টক কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো এবং যুক্তরাষ্ট্রের ফরেস্ট্র সার্ভিসের মানবসম্পদ ও প্রশাসনিক ব্যবস্থাপক (কমপাস প্রোগ্রাম) মোসা. শারমিন খানম। সেমিনারে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ইফতেখার শামস। কি-নোট স্পিকার হিসেবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও আলোচনা করেন প্রফেসর ড. মো. গোলাম রাক্কিবু। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত ও সহযোগী অধ্যাপক ড. অরুণ কান্তি বোস।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও থ্রি মিনিটস টক কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। টক কম্পিটিশনে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও পিপলস চয়েজ হিসেবে মোট তিনজনকে পুরস্কারস্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়া বাকি অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
খুবির কাউন্সিল শাখার কর্মচারী জয়নাল আবেদীনের ইন্তেকালে উপাচার্যের গভীর শোক প্রকাশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের কাউন্সিল শাখার সদ্য পিআরএল গমনকারী কর্মচারী জয়নাল আবেদীন গতকাল রবিবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন রেজিস্ট্রার কার্যালয়ের কাউন্সিল শাখার সদ্য পিআরএল গমনকারী কর্মচারী জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, কাউন্সিল শাখার প্রধান এস এম আবু নাসের ফারুকসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
খুবির আইন স্কুলের উদ্যোগে রিসার্চ মেথডোলজি শীর্ষক কর্মশালা
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের উদ্যোগে রিসার্চ মেথডোলজি শীর্ষক কর্মশালা আজ ২১ মার্চ (সোমবার) বেলা ৩টায় অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত। কি-নোট স্পিকার হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এগ্রোটেকলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সারওয়ার জাহান ও আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান। কর্মশালায় আইন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।











































