ঢাকা অফিস।।
চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রেসিডেন্ট ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। গতকাল ১১টা ৫০ মিনিটে বনানী কবরস্থানে স্ত্রীর পাশে তাকে দাফন করা হয়। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরসহ সাহাবুদ্দীনের পরিবার ও শুভাকাঙ্খীরা দাফনে অংশ নেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ্ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, বারের সাবেক সম্পাদক মোমতাজউদ্দিন মেহেদী ও সিনিয়র আইনজীবীসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। জানাজার পর মরহুমের কফিনে রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ডাকসু ও ছাত্র ঐক্য পরিষদসহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সাহাবুদ্দীন আহমদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল পৌনে ১১টার দিকে সাহাবুদ্দীন আহমদের লাশবাহী গাড়িটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ছেড়ে বনানী কবরস্থানের দিকে রওয়ানা হয়।
এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মরহুম সাহাবুদ্দীন আহমদের পুত্র বাবার রুহের মাহফিরাতের জন্য সবার কাছে দোয়া চান। জাতীয় ঈদগাহ মাঠে সাহাবুদ্দীন আহমদের জানাজা শুরুর আগে সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, সাবেক এই প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে বাংলাদেশের বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, আগামী ১০০ বছর পরেও বিচারপ্রার্থী জনগণ ওনার রায়ের বেনিফিট পাবেন। প্রধান বিচারপতি বলেন, আমাদের স্বর্ণযুগে যে কয়েকজন বিচারপতি পেয়েছিলাম তাদের মধ্যে সাহাবুদ্দীন আহমদ একজন। তাদের মধ্যে অনেকেই চলে গেছেন। সাহাবুদ্দীন আহমদ আমাদের মাঝে বেঁচে থাকবেন তার দেয়া রায়ের মাধ্যমে। অষ্টম সংশোধনী মামলা, কখন স্যুট গ্রহণযোগ্য হবে বা হবে না্ত- এই জাতি সুনির্দিষ্টভাবে বিচারাঙ্গনের সবাই সারাজীবন মনে রাখবে। এখন থেকে ৫০ বছর, ১০০ বছর পরেও বিচারপ্রার্থী জনগণ ওনার রায়ের বেনিফিট (সুফল) পাবেন।
জানাজার আগে সাহাবুদ্দীন আহমদের ছেলে সোহেল আহমদ বলেন, ব্যক্তিগত জীবনে দেখে মনে হয়েছে উনি মনে-প্রাণে বিচারক ছিলেন। ওনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সন্তান, তার অধীনস্থ কর্মচারীদের ও সবার সঙ্গে যে ব্যবহার তাতে মনে হয়েছে মনেপ্রাণেই উনি একজন বিচারক ছিলেন। সবার সঙ্গে সমান ব্যবহার করতেন উনি।
সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধ রাখা হয়। নব্বইয়ের দশকে সামরিক শাসন থেকে গণআন্দোলনের মধ্যদিয়ে বাংলাদেশের গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় রাজনৈতিক সমঝোতায় অন্তর্বর্তীকালীন সরকারের গুরু দায়িত্ব নিয়েছিলেন যে মানুষটি, তাকে বিদায় জানাতে প্রখর রোদ উপেক্ষা করে ঈদগাহ মাঠে বহু মানুষের সমাবেশ ঘটে। সকাল ১০টার আগে তার জাতীয় পতাকা মোড়া কফিন জাতীয় ঈদগাহে প্যান্ডেলের নিচে অস্থায়ী মঞ্চে এনে রাখা হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ সাবেক এই রাষ্ট্রপতির কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। আওয়ামী লীগ ও বিএনপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয় সেখানে। আওয়ামী লীগের পক্ষে এডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ, বিএনপির পক্ষে জয়নাল আবেদীন, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন এসেছিলেন শ্রদ্ধা জানাতে। এছাড়া নব্বইয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষে আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, জহির উদ্দিন স্বপন, সাইফুদ্দিন আহমেদ মনি, আসাদুর রহমান খান পুষ্পস্তবক অর্পণ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জাগপা (তাসমিয়া প্রধান)সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সাহাবুদ্দীন আহমদের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল জানাজা শুরুর আগে প্রয়াত সাহাবুদ্দীন আহমদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর বিচারপতি সাহাবুদ্দীন আহমদের জানাজা হয়। তাতে ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আবু সালেহ মো. সলিমুল্লাহ।
সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৯২ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুতে প্রেমিডেন্ট মো. আবদুল হামিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি মরহুম বিচারপতি শাহাবুদ্দীন আহমদের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসনন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।্
সাবেক এই প্রেসিডেন্ট সাহাবুদ্দীন আহমদ ১৯৩০ সালের ১লা ফেব্রুয়ারি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে নান্দাইলের চণ্ডিপাশা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং ১৯৪৮ সালে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে আইএ পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে অর্থনীতিতে বিএ (অনার্স) এবং ১৯৫২ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ফজলুল হক হলের ছাত্র ছিলেন। ১৯৫৪ সালে তদানিন্তন পাকিস্তান সিভিল সার্ভিসের (সিএসপি) প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসনে উচ্চতর প্রশিক্ষণ নেন। তার বাবা তালুকদার রিসাত আহমেদ একজন সমাজসেবী ও এলাকায় জনহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। বিচারপতি সাহাবুদ্দীনের কর্মজীবনের সূচনা ম্যাজিস্ট্রেট হিসেবে। পরবর্তী সময়ে সহকারী জেলা প্রশাসক হওয়ার পর ১৯৬০ সালে প্রশাসন থেকে বিচার বিভাগে বদলি হন। আসীন হন বিচার বিভাগের সর্বোচ্চ পদে।
নব্বইয়ের আন্দোলনে হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের পর রাষ্ট্রপতির পদে কে আসবে, নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে থাকবেন- সেই প্রশ্নে আওয়ামী লীগ, বিএনপিসহ গণঅভ্যুত্থানে অংশ নেয়া দলগুলো (তিন জোট) একমত হতে পারছিল না। পরে প্রধান বিচারপতিকে সেই দায়িত্ব দেয়ার বিষয়ে সমঝোতা হয়। আবার সুপ্রিম কোর্টে ফেরার শর্ত দিয়ে সাহাবুদ্দীন আহমদ তাতে রাজি হন। পরে সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্দলীয় সরকারের অধীন ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় সরকার প্রধান হিসেবে তিনি বিশেষ ক্ষমতা আইনসহ বেশকিছু আইন সংশোধন করে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে ভূমিকা রাখেন। নির্বাচনের পর আবার প্রধান বিচারপতির পদে ফেরেন সাহাবুদ্দীন আহমদ। এ জন্য দেশের সংবিধানেও পরিবর্তন আনতে হয়েছিল। ওই পদ থেকেই অবসরে যান তিনি। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলের প্রার্থী হিসেবে সংসদীয় সরকার পদ্ধতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হন সাহাবুদ্দীন আহমদ। ২০০১ সালের ১৪ই নভেম্বর পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন।
সাহাবুদ্দীন আহমদের বাবা তালুকদার রিসাত আহমদ খ্যাতনামা সমাজসেবক ও জনহিতৈষী ব্যক্তি ছিলেন। সাহাবুদ্দীন আহমদ দুই ছেলের সঙ্গে গুলশানের বাসায় থাকতেন। তার দুই মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রয়েছেন। পাঁচ সন্তানের মধ্যে সবার বড় সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ২০০৫ সালের ২৩শে জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা যান। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ২০১৮ সালে মারা যান সাহাবুদ্দীন আহমদের স্ত্রী আনোয়ারা আহমদ (৮০)।











































