খবর বিজ্ঞপ্তি।।
খুলনাস্থ ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না’র বিদায় সংবর্ধনা আজ রবিবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। উল্লেখ্য, রাজেশ কুমার রায়না ২০১৮ সালের ২২ মে খুলনায় ভারতের প্রথম সহকারী হাই কমিশনার হিসেবে দাযি়ত্ব গ্রহণ করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ভারত সরকার আমাদেরকে নানাভাবে সহযোগিতা দিচ্ছে। বার কোটি টাকা ব্যয়ে নগরীর খালিশপুরে আধুনিক সুবিধা সংবলিত কলেজিয়েট গার্লস স্কুল নির্মাণের বিষয় উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, খুলনা-মোংলা রেলপথ নির্মাণ প্রকল্পে ভারত সরকার বিপুল অংকের টাকা বরাদ্দ দিয়েছে। সিটি মেয়র বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং মি. রায়নার কর্মজীবনের সাফল্য কামনা করেন। পরে সিটি মেয়র বিদায়ী সহকারী হাই কমিশনার-এর হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সংবর্ধিত অতিথি মি. রায়না সিটি মেয়রকে খুলনার জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করে বলেন, খুলনার উন্নয়নে তিনি অত্যন্ত আন্তরিক। মাঠ পর্যায়ে উপস্থিত থেকে তিনি যেভাবে উন্নয়ন কাজ তদারকি করেন তা থেকেই এই আন্তরিকতার পরিচয় ফুটে ওঠে। করোনাকালীন সময়ে মানুষের পাশে থেকে খাবার ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয় উল্লেখ করে তিনি বলেন, খুলনার মানুষের জন্য জনপ্রিয় এ নেতার আরো দীর্ঘদিন দায়িত্ব পালন করা প্রয়োজন। তিনি সিটি মেয়রের রাজনৈতিক জীবনের আরো সাফল্য কামনা করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে খুলনা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ পিইঞ্চ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী সন্দীপ কুমার ও অসীম কুমার সানদ্রা, জাতীয় পার্টির (জেপি) খুলনা মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. এম এন সিদ্দিকী, জাসদ-খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক খালিদ হোসেন, সাম্যবাদী দল-খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এফ এম ইকবাল, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার রায়সহ কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার ও আর্কিটেক্ট রেজবিনা খানম।











































