খুলনাঞ্চল ডেস্ক।।
পাকিস্তানের ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন আইনপ্রণেতা প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
অনাস্থা ভোটকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ মার্চ) এসব এমপি নিজের দল থেকে সরে দাঁড়িয়েছেন। এতে সাবেক এই কিংবদন্তি ক্রিকেট তারকা ক্ষমতায় থাকতে পারবেন কিনা; তা নিয়ে অনিশ্চিতা আরও বড় আকার ধারণ করেছে। দিন যত যাচ্ছে, তার সিংহাসন আরও নড়বড়ে হয়ে পড়েছে।
এমন এক সময় এই খবর এসেছে, যখন ইমরান খানের এক ঘনিষ্ঠ মিত্র বলেন, ইমরান খান জোটের শরিকদের সমর্থন হারানোর ঝুঁকিতে আছেন। তার শরিকরা বিরোধীদের দিকে ঝুঁকে পড়েছেন।
ইমরান খানের বিরুদ্ধে দেশ, অর্থনীতি ও পরররাষ্ট্র নীতিতে অব্যবস্থাপনার অভিযোগ আনছেন বিরোধীরা। এখন পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী মেয়াদ শেষ করতে পারেননি।
পরমাণু শক্তিধর দেশটি বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে। বিরোধীরা প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা ভোটের ডাক দিয়েছেন। যা চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে।
স্থানীয় জিয়ো নিউজ টেলিভিশনকে রাজা রিয়াজ নামের তার এক এমপি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মতপার্থক্য তৈরি হয়েছে। আমাদের বিবেক অনুসারে আমরা ভোট দেব। তার মতে, আরও ২০ এমপি ইমরান খানের বিরুদ্ধে চলে গেছেন।
রাজা রিয়াজের এ বক্তব্যে আরও তিন এমপি সমর্থন দিয়েছেন। ইসলামাবাদে বিরোধী দল পিপলস পার্টির অফিসে ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েকজন পার্লামেন্ট সদস্যকেও দেখা গেছে ভিডিও ফুটেছে।
পাকিস্তানে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সরকার বাঁচাতে আমরা কোনো ব্ল্যাকমেইলিংয়ে পা রাখব না। বিশ্বাসঘাতকতার সংস্কৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি। নিম্নকক্ষে শরিক ও ভিন্নমতাবলম্বীদের ছাড়া ইমরান খানের ১৫৫টি আসন রয়েছে। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে হলে তার দরকার ১৭৭টি আসন।
বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর সঙ্গে ইমরান খানের দ্বন্দ্ব তৈরি হয়েছে। কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যেতে হলে কিংবা টিকে থাকতে হলে সামরিক সমর্থন লাগবে।











































