Home জাতীয় রাজনীতিতে দুইটা ঠিকানা-জেলখানা, না হয় রাজপথ: গয়েশ্বর

রাজনীতিতে দুইটা ঠিকানা-জেলখানা, না হয় রাজপথ: গয়েশ্বর

11

ঢাকা অফিস।।

সরকার পতনে দলীয় নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘রাজনীতিতে দুইটা ঠিকানা-জেলখানা, না হয় রাজপথ। আমাদের সামনে একটাই পথ আ‌ছে হয় জেলখানায় থাকবো, না হলে রাজপথে। আর আমরা যদি কোনোটাতেই না থাকি তাহলে কাপুরুষের মতো মরতে হবে। যে মৃত্যু ইতিহাসের পাতায় কোনও সম্মান পাবে না।’

বৃহস্প‌তিবার (১৭ মার্চ) জাতীয় প্রেস ক্লা‌বের আব্দুস সালাম হ‌লে স‌ম্মি‌লিত ছাত্র যুব ফোরা‌মের উ‌দ্যোগে খা‌লেদা জিয়া ও বিএন‌পির ঢাকা মহানগর দ‌ক্ষিণের সদস্য স‌চিব র‌ফিকুল আলম মজনুর মু‌ক্তির দা‌বি‌তে আ‌লোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

মার্চ মানেই মেজর জিয়া মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা বীরের জাতি। আমরা গর্বিত এ জন্য যে, আমরা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দলের লোক। মার্চ মানেই মেজর জিয়া। এখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছেন, দেশটাকে স্বাধীন করো, দেশটাকে মুক্ত করো।’

আওয়ামী লীগের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘তারা দেশের সবকিছু শেষ করে ফেলছে। মানুষের যে অধিকার আছে সেটা তারা বিশ্বাসই করে না; বরং মানুষের অধিকার হরণ করছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের উদ্দেশ্য জনগণ না। তাদের উদ্দেশ্য দেশের জনগণের টাকা লুটপাট করা। সেই সম্পদ সামাল দিতে পারছে না বলেই বিদেশে পাচার করছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘কেউ কেউ বলেন, আমরা ভালো থাকতে চাই। ভালো য‌দি থাকতে পারতাম তাহলে প্রতিদিন মিটিং-মিছিল করতাম না। এই দেশে ভালো থাকার উপায় নেই। একটা ফ্যাসিবাদী সরকার অস্ত্রের জোরে মসনদে বসে আছে, তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না।’

‌আ‌য়োজক সংগঠ‌নের আহ্বায়ক অ্যাডভোকেট না‌হিদুল ইসলাম না‌হিদের সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব্য রা‌খেন ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির আহ্বায়ক আব্দুস সালাম, স্বেচ্ছা‌সেবক দ‌লের সাধারণ সম্পাদক আব্দুল কা‌দের ভূঁইয়া জু‌য়েল প্রমুখ।