Home খেলাধুলা থ্যাংকগডের হ্যাটট্রিকে চট্টগ্রাম আবাহনীর জয়

থ্যাংকগডের হ্যাটট্রিকে চট্টগ্রাম আবাহনীর জয়

11

স্পোর্টস রিপোর্টার।।

প্রিমিয়ার লীগে টানা দুই হারের পর জয়ে ফিরেছে চট্টগ্রাম আবাহনী। নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাংকগডের হ্যাটট্রিকে আজ উত্তর বারিধারা ক্লাবকে ৪-২ ব্যবধানে হারায় তারা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টলার হয়ে বাকি গোলটি করেন আফগানিস্তানের মিডফিল্ডার অমিদ পপালজে। বারিধারার হয়ে দুই গোল শোধ দেন উজবেকিস্তানের সাইদস্তন ফজিলভ ও জেভগেনি কচেনভ। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে চট্টগ্রাম। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে বারিধারা।

যদিও ম্যাচটি ছিল চট্টগ্রাম আবাহনীর অ্যাওয়ে ম্যাচ। কিন্তু বারিধারার হোম ভেন্যু গোপালগঞ্জে বিশেষ কারণে খেলতে না পারায় কুমিল্লাতে হয়েছে ম্যাচটি। ফলে অ্যাওয়ে ম্যাচে হোমের পূর্ণ সুবিধা আদায় করে নিয়ে বারিধারাকে কোণঠাসা করে ফেলে চট্টগ্রাম আবাহনী।

প্রিমিয়ার লীগে রীতিমতো উড়ছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাংকগড। চলতি লীগের একমাত্র ফুটবলার হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন এই নাইজেরিয়ান।

এর আগে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে করেছিলেন প্রথম হ্যাটট্রিক। সেই সঙ্গে সর্বাধিক গোল দাতাদের তালিকায় ফের শীর্ষ স্থানে উঠে এলেন থ্যাংকগড। আগে আট গোল নিয়ে বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনহোর (৯ গোল) পেছনে ছিলেন। তিন গোল করে রবিনহোকে ছাড়িয়ে গেলেন তিনি।