স্টাফ রিপোর্টার।।
খুলনার ডুমুরিয়া উপজেলায় বোরো ধানে ছত্রাকজনিত রোগ ব্লাস্ট’র সংক্রমণ দেখা দিয়েছে। চলতি মৌসুমে মাত্র কয়েকদিন আগে বোরো ধান রোপণ করা হয়েছে। এরই মধ্যে ব্লাস্ট রোগের আক্রমণ শুরু হওয়ায় ধানের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ২২ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। যার মধ্যে ব্রি-২৮, ৫৮, ৬৭, ৮৪, ৮৮ ও ১০০ জাতের ধান বেশি লাগানো হয়েছে। এছাড়া কোথাও কোথাও হাইব্রিড জাতের বোরো ধানও লাগানো হয়েছে। ফসলের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩২ হাজারে মেট্রিক টন। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয়ে এ বছরের জানুয়ারি মাসে ধানের চারা লাগানো শেষ হয়েছে।
বুধবার (১৬ মার্চ) ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া, বালিয়াখালি, চুকনগর, জিলেরডাঙ্গা, পাঁচপোতা, গোনালী ও বরাতিয়াসহ কয়েকটি গ্রামের বোরো ক্ষেত ঘুরে দেখা গেছে, ধান গাছের পাতা মরে শুকিয়ে যাচ্ছে। পাতায় চোখের মতো ডিম্বাকৃতির ক্ষত সৃষ্টি হয়েছে। এসব ক্ষতের মাঝে ধূসর ও চারদিকে লাল বা বাদামি রং ধারণ করেছে।
গুটুদিয়া গ্রামের কৃষক আশরাফ আলী, মৃণাল কান্তি ঢালী ও মোসাব্বির জানান, তারা ১২ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছেন। কয়েকদিন আগে লক্ষ্য করেন, ক্ষেতে ব্লাস্ট রোগের আক্রমণ শুরু হয়েছে। পরে ক্ষেতে কীটনাশক দেন। এখন কিছুটা সংক্রমণ কমেছে।
তারা বলেন, আগে যে পাতাগুলো রোগাক্রান্ত হয়েছিল তা শুকিয়ে গেছে। ওষুধ দেওয়ার পরে নতুন করে আর সংক্রমণ দেখা যায়নি।
বরাতিয়া গ্রামের কৃষক রফিকুল বলেন, আমি অনেকদিন ধরে বোরো ধান আবাদ করে আসছি। তবে এই বছর ব্লাস্ট রোগের আক্রমণ একটু বেশি। তাই ওষুধও বেশি ছিটাতে হচ্ছে।

চুকনগর গ্রামের কৃষক সরাফাত, আব্দুল কুদ্দুস, সবুজ শেখ বলেন, আমাদের জমির পাশের ক্ষেতে ব্লাস্ট রোগের আক্রমণ শুরু হয়েছে। সেই ভয়ে আমরা ওষুধ ছিটানো শুরু করেছি।
কৃষক সালাম বলেন, ব্লাস্ট রোগ হলে গাছের পাতা মরে যায়। এতে উৎপাদন কমে যায়। সংক্রমণ কমাতে অনেক টাকার ওষুধ ছিটাতে হয়। আমার ক্ষেতে আক্রমণ হয়েছে। ওষুধও দিয়েছি। দ্রুত যদি রোগ না সারে তাহলে ধানের উৎপাদন কমে যাবে, সেই দুশ্চিন্তায় আছি।
আবুল বাসার নামের আরেক কৃষক বলেন, ধান উৎপাদনে স্বাভাবিক যে খরচ হয়, ব্লাস্ট রোগের আক্রমণ হলে ওষুধ ছিটাতে সেই খরচ তুলনামূলক বেড়ে যায়। আবার উৎপাদনও কম হয়। এতে আমরা ক্ষতিগ্রস্ত হই।
তবে উপজেলার কৃষি কর্মকর্তারা মনে করছেন, বোরো ধানের ক্ষেতে ব্লাস্ট রোগের সংক্রমণ খুব একটা ক্ষতি করতে পারবে না। তারা কৃষকদের রোগ দমনে নানা রকমের কলাকৌশল শেখাচ্ছেন। একইসঙ্গে বিভিন্ন ধরনের ওষুধ (কীটনাশক) ছিটাতে পরামর্শ দিচ্ছেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন বলেন, কোথাও কোথাও বোরো ক্ষেতে ব্লাস্ট রোগের সংক্রমণ শুরু হয়েছে। আমরাও লেগে আছি। কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। তারা ওষুধ দিয়ে রোগ নিয়ন্ত্রণে আনছেন।
তিনি বলেন, ব্যাপকভাবে বোরো ক্ষেতে ব্লাস্টের আক্রমণ হয়নি। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হয়েছে। আমি নিয়মিত সেসব ক্ষেত পরিদর্শন করছি। এই নিয়ে কৃষকদের দুশ্চিন্তা না করতে পরামর্শ দিচ্ছি। আশা করি, লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি ফলন হবে।











































