Home আঞ্চলিক হত্যা মামলার ২২ বছর পর এক ব্যক্তির যাবজ্জীবন

হত্যা মামলার ২২ বছর পর এক ব্যক্তির যাবজ্জীবন

31

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ায় ২২ বছর আগে রণজিৎ কুমার সিংহ রায় নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে দাউদ হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি দাউদ কুষ্টিয়া সদর উপজেলার নওয়াপাড়া এলাকার মৃত শের আলীর ছেলে।

এই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২০ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারায় রণজিৎ কুমার সিংহ রায় নামে এক ব্যক্তিকে ঘরে ঢুকে গুলি করে হত্যার পর মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে ভেড়ামারা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই অসিত কুমার সিংহ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০০৫ সালের ৩ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন। মামলার সাত আসামির মধ্যে একজনকে যাবজ্জীবন দেওয়া হয়। বাকি ছয় আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।

অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ‘হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি দাউদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।’