মোঃ তাহের আলী, নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে মাদক মামলায় তিন জন কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ১৪ মার্চ (সোমবার) সকালে নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান এ দণ্ডাদেশ প্রদান করে। দণ্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলো, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার কিসমত মাহামুদপুর গ্রামের মৃত-মহিদুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল হোসেন, শহিদুল ইসলাম মোল্যার ছেলে সাব্বির হোসেন এবং রুহুল মোল্যার ছেলে সুমন হোসেন। এ ছাড়াও তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। রায় ঘোষণার সময় আসামীদ্বয়ের মধ্যে মোঃ ফয়সাল হোসেন এবং সুমন হোসেন আদালতে উপস্থিত ছিলেন, অপর আসামী সাব্বির হোসেন পলাতক রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৫ সালের ২৮ জুন গোয়েন্দা পুলিশের একটি দল নড়াইল-যশোর মহাসড়ক এর মুলিয়া মোড় এলাকায় অভিযান চালায় এসময় যশোর থেকে মোটরসাইকেল যোগে ৩ জন নড়াইলের দিকে আসছিল পরে তাদের গতিরোধ করে তাদের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে তাদের মোটর সাইকেলে প্লাস্টিকের ব্যাগে বিশেষ কায়দায় লুকানো ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ওই তিন আসামী কে আটক করে। পরে নড়াইল সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত, জব্দকৃত ফেনসিডিল ও মোটরসাইকেল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। জব্দকৃত ফেনসিডিল বিধি মোতাবেক ধংসের নির্দেশ দেয়া হয় ও মোটরসাইকেল জিম্মাদার কে ৩০ দিনের মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা নড়াইল মালখানার নিকট জমা দেয়ার নির্দেশ দেন। জমা হওয়ার পর তা নিলামে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রের কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন আদালত।











































