খুবিতে নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিনব্যাপী একাডেমিক কর্মশালা উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি।।
আজ ১৪ মার্চ (সোমবার) সকাল ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫ দিনব্যাপী একাডেমিক কাউন্সিলিং এন্ড মোটিভেশন শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মননে এখন চাকরির জন্যই লেখাপড়া ও প্রস্তুতির বিষয়টি ভর করেছে। যে কারণে স্নাতক, মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা বা উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা চাকরির প্রস্তুতিতে সময় দিচ্ছে বেশি। ফলে শিক্ষার মূল উদ্দেশ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষালাভের মূল উদ্দেশ্যই এখন হয়ে উঠেছে চাকরি পাওয়া। যে কারণে নতুন প্রজন্মের সামনে এখন শিক্ষালাভের লক্ষ্য ও উদ্দেশ্য সীমাবদ্ধ হয়ে পড়েছে, যা ভবিষ্যতের জন্য মোটেই আশাব্যঞ্জক নয়। তিনি আরও বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ এবং সে জ্ঞান বহুমুখী ক্ষেত্রে ব্যবহার করা। নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীল কিছু করা। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া ও চ্যালেঞ্জ মোকাবেলা করে দিকনির্দেশনা প্রদান। উপাচার্য চাকরির পেছনে না ছুটে প্রকৃত শিক্ষা অর্জন ও নিজের যোগ্যতা, দক্ষতার প্রমাণ রাখার আহ্বান জানান। নিজেরাই যাতে উদ্যোক্তা হয়ে চাকরি দিতে পারে সে পরামর্শ দেন।
উপাচার্য আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা এমন গ্র্যাজুয়েট তৈরি করতে চাই যারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে। তিনি নবাগত শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণাসহ এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনকে কাজে লাগিয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে দেশ, জাতি, সমাজ ও পরিবারের প্রত্যাশা পূরণে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’ শীর্ষক একটি সেশন উপস্থাপন করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ শামীম আহসান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।
কর্মশালার প্রথম দিনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আওতাধীন ৬টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় ‘কী টু সাকসেস ইন হায়ার এডুকেশন’, ‘টিচিং লার্নিং অ্যাপ্রোচেস ইন হায়ার এডুকেশন’, ‘এডুকেশন সিস্টেম, রুলস এন্ড রেগুলেশন্স’, ‘এক্সেস টু রিসোর্স, ইনফরমেশন এন্ড টেকনোলজি ইন কেইউ’ এবং ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইন কেইউ’ শীর্ষক পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়।
কর্মশালাটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সফলতা অর্জনের বিভিন্ন দিক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন, নীতি-নৈতিকতা, মূল্যবোধ, শিষ্টাচার, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিসহ বিভিন্ন দিকে আলোকপাত করা হয়।
খুবিতে ৮ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন: ছাত্রদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলা ও ছাত্রীদের বিভাগে ডিএস
খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২২ এর ফাইনাল খেলা আজ ১৪ মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত ছাত্রীদের ফাইনাল খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনকে ২-১ সেটে হারিয়ে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে দুপুর ১টায় অনুষ্ঠিত ছাত্রদের ফাইনাল খেলায় সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলা ডিসিপ্লিন।ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্ট শেষ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান, টিম ম্যানেজার, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আনন্দ-উল্লাসে দু’টি ডিসিপ্লিনের ফাইনাল খেলা উপভোগ্য হয়ে ওঠে।
খুবির রিসার্চ সেলের প্রকল্পভিত্তিক অর্থায়নে বায়োটক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আজ ১৪ মার্চ (সোমবার) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সেলের প্রকল্পভিত্তিক অর্থায়নে ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের আয়োজনে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের জীববিজ্ঞান স্কুলের সম্মেলন কক্ষে ‘ডেভেলপিং হিউম্যান লিভারসেল এটলাস ইউজিং সিঙ্গেল নিউক্লিয়ার আরএনএ সিকুয়েন্সিং এন্ড স্পেশাল ট্রান্সক্রিপটোমিক্স’ (Developing Human Liver Cell Atlas Using Single Nuclear RNA Sequencing and Spatial Transcriptomics) শীর্ষক সেমিনার এবং ‘আরএনএ-সেক ডাটা এনালাইসিস’ (RNA-Seq Dara Analysis) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেমিনার ও কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে মুখ্য বক্তা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের পোস্টডক্টরাল ফেলো ড. বিপ্লব পাল তার গবেষণার অধিক্ষেত্রের বিভিন্ন তথ্য, তত্ত্ব, পদ্ধতি ও টেকনিক এবং সমসাময়িক এক্ষেত্রে বিশ্বের অগ্রগতি তুলে ধরেন। মানবদেহের অসংখ্য জিন ও তার চরিত্র, প্রকারভেদসহ বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ এক বিশ্বয়কর জগৎ। এসব ক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যার অগ্রগতি ও উৎকর্ষ, বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা ভবিষ্যতে মানুষের দেহের জিন ম্যাপিং ও রোগ নিরাময়, আয়ুষ্কাল বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করেন। তিনি বলেন, খাবার, বৈচিত্র্য ও সংস্কৃতির কারণে একেক অঞ্চল মানুষের লিভারের সেল, গঠন ও কার্যকারিতার ভিন্নতা পাওয়া গেছে। বাংলাদেশ-ভারত উপমহাদেশের জন্য এদিকে গবেষণা এবং আরএনএ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্ভাবনা ও তা কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।সেমিনার ও কর্মশালার মডারেটর বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল আউয়াল গুরুত্ব তুলে ধরে বলেন, গবেষক ড. বিপ্লব পালের গবেষণার ক্ষেত্র এবং তৎসংশ্লিষ্ট বিশ্লেষণ তথ্য-উপাত্ত ও অগ্রগতি আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করবে। তার গবেষণার বিষয়ে জ্ঞান বিতরণ ও শেয়ারিং করার উদ্দেশ্যেই এই আয়োজন। এসময় ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খুবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত
আজ ১৪ মার্চ (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের উদ্যোগে “Mathematics Unites” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরার নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে।সকাল ১০.১৫ মিনিটে স্টুডেন্টদেরকে গণিতে আগ্রহী করে তোলার জন্য গণিত ডিসিপ্লিনে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন গণিত ডিসিপ্লিনের নাহিদ আনাম, রনি মিত্র ও সৈয়দ শাহাজালাল, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ইশরার মাহমুদ জিদান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তারিক আবিদ। প্রতিযোগিতায় মোট ৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে দিবসটি উপলক্ষ্যে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।











































