খুলনাঞ্চল ডেস্ক।।
ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান-এর মৃতদেহ আজ (শুক্রবার) ইউক্রেন থেকে প্রতিবেশী দেশ মলদোভায় পৌঁছেছে। শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছাবে। আগামী রবিবার (১৩ মার্চ) মৃতদেহ দেশে পৌঁছাবে।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন।
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে রবিবার তার্কিশ এয়ারলাইন্সে করে হাদিসুর-এর মৃতদেহ দেশে আনা হবে। রবিবার রাত ৮টার দিকে মৃতদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে ইউক্রেনে হামলার শিকার ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক বুধবার দুপুর ১২টার দিকে দেশে ফেরেন। সেদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ উইংয়ের মহাপরিচালক সিকদার বদিরুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, হাদিসুর রহমান-এর মৃতদেহ খুব শিগগিরই দেশে নিয়ে আসা হবে। তবে সময়টা ফিক্সড করে বলা যাবে না।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে আটকে পড়ে ‘বাংলার সমৃদ্ধি’। ২ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ওই জাহাজে হামলা হয়। এই হামলায় হাদিসুর মারা যান। জাহাজটিতে মোট ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন।











































