Home আঞ্চলিক কালীগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

কালীগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

12

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহ কালীগঞ্জের হজরত আলী (৩৪) নামের এক যুবলীগ নেতার সন্ত্রাসীদের ধারালো দায়ের আঘাতে হাতের কবজির অধিকাংশ অংশ কেটে গেছে। তিনি উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বড় সিমলা গ্রামের আবুল হোসেনের ছেলে। বিগত ইউপি নির্বাচনের দ্বন্দের জের ধরে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নিজ গ্রামের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হযরতের ভাতিজা রনির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃহস্পতিবার রাতে গ্রামের একটি চায়ের দোকানে বসে তার চাচা হযরত আলী চা খাচ্ছিলেন। এ সময় অকস্মাৎ তার ওপর ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল এসে অতর্কিত হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে কুপিয়ে হাতের কবজি ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ ও যশোর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসকেরা বলছেন, উন্নত চিকিৎসা জরুরীভাবে ঢাকায় নিতে হবে। অতিরিক্ত রক্তক্ষরনে তার অবস্থা গুরুতর।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মতলেবুর রহমান জানান,ঘটনার পর পুলিশ পাঠিয়ে ছিলেন। ঘটনার পরবর্তীতে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে থানায় এখনও কোনো মামলা হয়নি। তবে জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।