Home আঞ্চলিক অজ্ঞান পার্টির কবলে পড়ে খুলনায় কলেজ শিক্ষকের মৃত্যু

অজ্ঞান পার্টির কবলে পড়ে খুলনায় কলেজ শিক্ষকের মৃত্যু

6

স্টাফ রিপোর্টার।।

অজ্ঞান পার্টির কবলে পড়ে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস এম নাজমুল ইসলাম (৫৩) মারা গেছেন। সোমবার সকাল সোয়া ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাজমুল ইসলাম যশোর কোতয়ালি থানার উপশহর এলাকার বাসিন্দা ছিলেন। তার স্ত্রী, স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম জানান, কলেজের ক্লাস শেষ করে রোববার দুপুর ১টার দিকে নাজমুল ইসলাম আল আরাফাহ ইসলামী ব্যাংক চুকনগর শাখা থেকে ৭০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর টাকা নিয়ে খুলনায় যাওয়ার জন্য চুকনগর বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠেন।

তাদের ধারণা, পথে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে টাকা নিয়ে যায়। দুপুর ৩টার দিকে বাস খুলনার সোনাডাঙ্গায় পৌঁছালে বাসের মধ্যে থাকা বটিয়াঘাটার এক ব্যক্তি নাজমুলকে সিটের ওপর পড়ে থাকতে দেখেন। তিনি লোকজন নিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে পরিবারের সদস্যরা কেউ কোনো অভিযোগ করেনি।