ঢাকা অফিস
গত ১৩ বছরে ধানের ৭৩টি জাত উদ্ভাবিত হয়েছে। উচ্চ ফলনশীল (উফশী) জাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আউশের বিনা ধান২১, ব্রি ধান৮২, ব্রি ধান৮৩, ব্রি ধান৮৫, ব্রি ধান৮৮, ব্রি হাইব্রিড ধান৭; আমনের বিনা ধান২২, ব্রি ধান৮৭, ব্রি ধান৯৩, ব্রি ধান৯৪ ও ব্রি ধান৯৫ এবং বোরোর বিনা ধান২৪, বিনা ধান২৫, ব্রি ধান৭৪, ব্রি ধান৮১, ব্রি ধান৮৪, ব্রি ধান৮৬, ব্রি ধান৮৮, ব্রি ধান৮৯, ব্রি ধান৯২, ব্রি ধান৯৬, বঙ্গবন্ধু ধান ১০০, ব্রি ধান১০১ ও ব্রি ধান১০২।
মঙ্গলবার (১ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে কার্যপত্র থেকে জানা গেছে।
বৈঠকে কমিটি ধানের আমদানি নির্ভরতা কমাতে উদ্ভাবিত জাতের মধ্যে ৭৩টি ব্রি ধান ৯৬, বঙ্গবন্ধু ধান ১০০, ব্রি ধান ১০১ এবং ব্রি ধান ১০২ সর্বস্তরে উৎপাদনে উৎসাহিত করার সুপারিশ করেছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটি তৈল বীজ ও আউশের বিভিন্ন ভ্যারাইটি উৎপাদন ও গবেষণার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধি করে নতুন ধানের বীজ কৃষকদের মাঝে পৌঁছে দেয়া এবং কম খরচে অধিক উৎপাদন সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়ার সুপারিশ করা হয়। খাদ্য চাহিদা পূরণের জন্য ধান, গম, ভুট্টা, ডাল, তৈল বীজ ইত্যাদি দেশী ফসলের উদ্ভাবিত বীজ সকল কৃষককে উৎপাদনে উৎসাহিত করার সকলকে নির্দেশনা দেওয়া হয়।
কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন প্রাং, মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা অংশগ্রহণ করেন।











































