Home আঞ্চলিক চিত্রা নদীর বুকের সেই ধানখেতে কীটনাশক, দেড় শতাধিক হাঁসের মৃত্যু

চিত্রা নদীর বুকের সেই ধানখেতে কীটনাশক, দেড় শতাধিক হাঁসের মৃত্যু

16

ঝিনাইদাহ প্রতিনিধি।।

ঝিনাইদহে চিত্রা নদীর জায়গা দখল করে চাষ করা ধানখেতে দেওয়া কীটনাশকে দেড় শতাধিক দেশি হাঁসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার জেলার কালীগঞ্জ উপজেলার পারশ্রীরামপুর ও সিংদহ গ্রামের ২৩ পরিবারের ১৫৮টি হাঁস দখলদারদের দেওয়া কীটনাশকে মারা যায়।

মৃত হাঁসগুলো নিয়ে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী মানুষেরা। তাঁরা বলেছেন, আরও বেশ কিছু হাঁসের খোঁজ পাচ্ছেন না নদীপাড়ের বাসিন্দারা। এসব হাঁস মারা যাওয়ার পর লুকিয়ে ফেলা হয়েছে বলে তাঁরা সন্দেহ করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন, তাঁদের প্রায় ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। তাঁদের দাবি, বাড়ির পাশেই রয়েছে চিত্রা নদী। এ নদীতে গরু-ছাগল পানি খেতে নামে, গৃহপালিত হাঁসগুলো সাঁতার কেটে বেড়ায় এবং বাড়ির নারী-পুরুষেরা গোসল করেন। এসব হয়ে এসেছে এত দিন। সেই নদী এখন চলে গেছে দখলদারদের কবলে। তাঁরা নদীর বুকে মাটি কেটে জমি বানিয়ে ধান চাষ করেছেন। এই ধানখেতে কীটনাশক দিয়ে পোকামাকড় মারতে গিয়ে মরছে গৃহপালিত প্রাণীগুলো। তাঁরা এ ঘটনার বিচার চেয়ে, নদী সবার জন্য উন্মুক্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে চিত্রা নদীর সিংদহ ও পারশ্রীরামপুর গ্রামে গিয়ে দেখা যায়, নদীর পানিতে মারা যাওয়া হাঁসগুলো ভেসে উঠছে। এই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর তলদেশে ধান আর ধান। নদীর ওপরে বসবাসকারী প্রভাবশালীরা নদীর জায়গা দখল করে ধান চাষ করেছেন। তাঁরা নদীর পাড় কেটে তলদেশ সমতল করে সেখানে ধান চাষ করেছেন। এগুলো রক্ষা করতে অনেকে জাল দিয়ে ঘিরে দিয়েছেন। আবার অনেকে মাঝেমধ্যে কীটনাশক ছিটাচ্ছেন।

সিংদহ গ্রামের শরিফুল ইসলাম বলেন, নদী সবার জন্য উন্মুক্ত। নদীতে হাঁস দলবেঁধে খেলা করবে, এটাই স্বাভাবিক। সেখানে দখলদারেরা সরকারি জায়গা দখলে নিয়ে ধান চাষ করে কীটনাশক দিচ্ছেন। এতে নদীতে থাকা নানা প্রজাতির মাছ মারা যাচ্ছে। তিনি বলেন, প্রতিদিনের মতো আজও তার পালিত ছয়টি হাঁস পানিতে যায়। পরে নদীর পাড়ে মারা যেতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। দ্রুত গিয়ে দেখতে পান হাঁসগুলো মারা গেছে।

পারশ্রীরামপুর গ্রামের আম্বিয়া খাতুন বলেন, তার ১১টি হাঁস মারা গেছে। ধান রক্ষায় নদীতে কীটনাশক দেওয়ায় এ ঘটনা ঘটেছে। তাঁদের দুই গ্রামের ২৩টি পরিবারের ১৫৮টি হাঁস এভাবে মারা গেছে। এ ছাড়া অনেকেই তাঁদের হাঁস খুঁজে পাচ্ছেন না। তাঁদের ধারণা, এগুলো মারা যাওয়ার পর লুকিয়ে ফেলা হয়েছে। অনেকে মারা যাওয়ার আগেই কিছু হাঁস জবাই করেছেন।

পারশ্রীরামপুর গ্রামের বাসিন্দা ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমজাদ হোসেন বলেন, শুকনো মৌসুমে নদীর পানি অনেকটা শুকিয়ে যায়। যেটুকু পানি থাকে সেখানে একশ্রেণির মানুষ বিষ দিয়ে মাছ শিকার করে। এ কারণে এখন আর নদীতে দেশি প্রজাতির মাছ পাওয়া যায় না। তাঁরা নদীর পাড়ে বসবাস করলেও নদীতে নামতে পারেন না। সাধারণ মানুষের গোসলের জন্যও নদীতে নামা কষ্টকর হয়ে পড়ে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাঁর দপ্তরে এসেছিলেন। তিনি দেখে ব্যবস্থা নেবেন।