গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে অভিযুক্ত ৬ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে জবানবন্দি রেকর্ড শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়।
রোববার বিকেল ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, তানিয়া সুলতানা লিপি ও শরিফুর রহমানের আদালতে হাজির করে আসামিদের জবানবন্দি রেকর্ড করা হয়।
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আসামিরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের শাফায়েত মিয়ার ছেলে রাকিব মিয়া ওরফে ইমন (২২), শহরের মার্কাস মহল্লার বাবুল ফকিরের ছেলে পিয়াস ফকির (২৬), পরেশ বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২৪), চান মিয়া সরদারের ছেলে মো. হেলাল সরদার (২৪), নবীনবাগের অহিদুজ্জামানের ছেলে মো. নাহিদ রায়হান (২৪) ও বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মৌপুরা গ্রামের বিকাশ মোহন্তের ছেলে তূর্য মোহন্ত (২৬)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। তারা এ ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা আদালতে স্বীকার করেছে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে র্যাব গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে ওই ৬ আসামিকে গ্রেপ্তার করে। শনিবার রাতে র্যাব তাদের গোপালগঞ্জ থানায় সোপর্দ করে।











































